মার্কোস সেনেসি নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। একই সময়ে বিশ্বের অন্যতম সফল দুই আন্তর্জাতিক দলে খেলার সুযোগ কার সামনেই–বা আসে?
আর্জেন্টিনার অন্যতম প্রতিভাবান সেন্টারব্যাক মানা হয় মার্কোস সেনেসিকে। সান লরেঞ্জোতে নাম কামিয়ে ২০১৯ সালে যোগ দেন ডাচ্ ক্লাব ফেইনুর্দে। আর্জেন্টাইন হলেও ইতালিয়ান পাসপোর্টধারী হওয়ায় ইউরোপের দলটির হয়েও খেলার যোগ্যতা আছে তাঁর।
এই বাড়তি যোগ্যতাই অনন্য এক ঘটনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে তাঁকে। এখনো আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক না হওয়া এই ডিফেন্ডারকে গত বছর কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা ও ইউরোজয়ী ইতালিকে নিয়ে আয়োজিত হতে যাওয়া ‘লা ফিনালিসিমা’ ম্যাচে দুই দেশই দলে ডেকেছে।
আর্জেন্টিনা এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই ম্যাচের জন্য ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে জ্বলজ্বল করছে সেনেসির নাম। ইতালি এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা না করলেও দেশটার গণমাধ্যমগুলোর দাবি, রবার্তো মানচিনির দলেও আছেন এই ২৫ বছর বয়সী।
২০২০ সালে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে একবার ডাক পেলেও চূড়ান্ত স্কোয়াডে কখনো ডাক পাননি, অভিষেক তো দূরের কথা। হয়তো বুঝেছেন, রোমেরো-ওতামেন্দি কিংবা লিসান্দ্রো মার্তিনেজদের সরিয়ে আর্জেন্টিনার মূল দলের হয়ে খেলার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। সে কারণেই কি না, ইতালির পাসপোর্ট জোগাড় করে দেশটার হয়ে খেলার জন্য আগে থেকেই সুযোগ করে রেখেছেন।
মজার ব্যাপার হলো, এখন আবারও আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ এসেছে সেনেসির সামনে। সিদ্ধান্ত এখন সেনেসির। মানচিনি না স্কালোনি, কার প্রস্তাব গ্রহণ করবেন, সেটাই দেখার বিষয়।
প্রাথমিক স্কোয়াডে সেনেসি ছাড়াও চমক জাগিয়েছে লিয়ান্দ্রো পারেদেস ও ক্রিস্টিয়ান রোমেরোর থাকা। দুজনই চোটে আক্রান্ত, বাকি মৌসুমে নিজ নিজ দল পিএসজি আর টটেনহামের হয়ে খেলা হবে না দুজনের। তাও তাঁদের প্রাথমিক স্কোয়াডে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। এক বছর পর দলে ফিরেছেন বায়ার লেভারকুসেনে খেলা স্ট্রাইকার লুকাস আলারিও।