ফরিদপুরে শেখ জামাল স্টেডিয়ামের উদ্বোধন
শেখ জামালের নামে ফরিদপুর স্টেডিয়ামের নামকরণ আগেই হয়েছিল। নতুনভাবে সংস্কারের পর গতকাল তা উদ্বোধন করা হয়েছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। সবচেয়ে বড় আকর্ষণ ছিল ঢাকার দুই বড় দল মোহামেডান ও শেখ জামালের প্রীতি ম্যাচ। বদলি মিডফিল্ডার শেখ সোহেলের ৫৬ মিনিটে দেওয়া একমাত্র গোলে ম্যাচটা জিতেছে শেখ জামাল।
স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ১৫ হাজার। বৃষ্টি উপেক্ষা করে গোটা স্টেডিয়ামই ভরে গিয়েছিল দর্শকে। আর তা বেশ উপভোগ করেছেন অতিথিরা। যে তালিকায় ছিলেন মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এবং দুই দলের কর্মকর্তাসহ অনেক অতিথি।