বিশ্বের সবচেয়ে দামি বই!

বইটার ওজনই ১৫ কেজি। ৫০০ পৃষ্ঠার বইটিতে আছে পাঁচ শতাধিক ছবি। পেলের বর্ণাঢ্য ক্যারিয়ারের ঐতিহাসিক সচিত্র প্রামাণ্য দলিল এই বইটির দাম কত জানেন? এক হাজার ৭০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩২ হাজার টাকা! বলা হচ্ছে, এটাই নাকি বিশ্বের সবচেয়ে দামি বই। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের ওপর লেখা বইটির আরেকটি বিশেষ সংস্করণ কিনতে পারবেন, যেখানে পেলের নিজের হাতের সই থাকবে। বিশেষ সংস্করণটির জন্য অবশ্য গুনতে হবে আরও বেশি টাকা। দুই হাজার ৬০০ ডলার। সে ক্ষেত্রে বাংলাদেশি মুদ্রায় বইটার দাম পড়বে দুই লাখ টাকা!
নভেম্বরে বইটি বাজারে আসার কথা। লন্ডন, দুবাইয়ের পাশাপাশি নিউইয়র্কে বইটির মোড়ক উন্মোচনের অনুষ্ঠান হবে। নিউইয়র্কেই নিজের ক্যারিয়ারের ইতি টেনেছিলেন পেলে।
এত দাম দিয়ে হলেও বইটি যদি কিনতে চান তবে এখনই প্রস্তুত হোন। কারণ বইটির মাত্র এক হাজার ২৮৩ কপিই ছাড়া হবে বাজারে। পাওয়াও যাবে সুনির্দিষ্ট কিছু দোকানে। বইটার নামও কিন্তু ‘১২৮৩’! কারণ পেলে তাঁর ক্যারিয়ারে ঠিক এতগুলোই গোল করেছিলেন বলে দাবি করা হয়। বইটার ভেতরে নাকি লেখাও আছে ১২৮৩টি! এর আগে প্রকাশিত হয়নি এমন অনেক ছবি আর লেখা আছে বইটিতে। যে বইটি তৈরি করতে বিশাল সংখ্যক গবেষক, লেখক ও নকশাবিদ কাজ করেছেন। বলা হচ্ছে, এটাই নাকি পেলেকে নিয়ে লেখা সবচেয়ে সার্থক বই।
বইয়ের প্রতিটি ছবির ওপর সই আছে পেলের। বইটির প্রকাশের ঘোষণা দিতে এসে আবেগে কেঁদে ফেলা পেলে বলেছেন, এই বইয়ের ছবিগুলো তাঁর জন্য খুবই আবেগময়। কারণ, এ ছবিগুলো তাঁকে মনে করিয়ে দেয়, দীর্ঘ ক্যারিয়ারে যেসব ব্যক্তি তাঁর পাশে ছিলেন তাঁদের কথা।