'১১১' কেন অপয়া?

খেলায় বেশ কিছু শব্দের চল হয়েছে। যেমন ২৬ ডিসেম্বর শুরু টেস্টকে বলে বক্সিং ডে টেস্ট। কেন? হ্যাটট্রিক শব্দটিই বা এল কেমন করে? টেনিসে ‘লাভ’ মানে কেন শূন্য? সেই সব শব্দ-শব্দবন্ধের গল্প নিয়ে আমাদের নতুন ধারাবাহিক—ক্রীড়া অভিধান। চতুর্থ পর্বে থাকছে ‘নেলসন’। লিখেছেন অনিরুদ্ধ রহমান
রোহিলাহলা নামের শিশুটি যখন প্রথম পাঠশালায় যায়, সেদিনই শ্রেণী শিক্ষক ছেলেটির নাম পাল্টে করে দেন নেলসন। ইংরেজ নৌ সেনাপতি হোরাসিও নেলসনের নামে নাম দেওয়া হয়েছিল তার। নাম পাল্টে দেওয়ার কারণ ছিল স্থানীয় অধিবাসীদের নামকে শাসক ইংরেজদের কাছে সহজবোধ্য করে তোলা। পরে বর্ণবাদবিরোধী আন্দোলনের বিশ্বনেতা হয়ে সেদিনের সেই শিশু নেলসন অ্যাডমিরাল নেলসনের খ্যাতিকে ছাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। নেলসন ম্যান্ডেলা নামেই তাঁকে চেনে পৃথিবীবাসী।
ব্রিটিশ রয়্যাল নেভির বিখ্যাত নৌ-সেনানী ছিলেন হোরাসিও নেলসন। বেশ কয়েকটি যুদ্ধে নেলসন অসাধারণ নেতৃত্ব, উদ্ভাবনী কৌশল এবং একেবারেই ভিন্নধর্মী পরিকল্পনা দিয়ে ইংরেজদের উপহার দিয়েছেন একের পর এক অসাধারণ সব বিজয়। ১৮০৫ সালে ব্যাটেল অব ট্রাফালগারের ঐতিহাসিক যুদ্ধে জয়ের পথে মারাত্মক আহত হয়ে মৃত্যুবরণ করেন এই ইতিহাসখ্যাত নৌযোদ্ধা।
অনেকেই হয়তো এসব ইতিহাস এবং রাজনীতির সাথে ক্রিকেটীয় সম্পর্ক খুঁজে ফিরছেন এতক্ষণ। এতক্ষণে অনেকেই পেয়েও গেছেন সম্পর্ক। ব্যক্তিগত বা দলীয় রান ‘১১১’ হলেই আম্পায়ার ডেভিড শেফার্ডকে দেখা যেত এক হাত শূন্যে মেলে এক পায়ে দাঁড়িয়ে থাকতে কিংবা একটা ছোট্ট লাফে নেলসনের অপয়া ভূতটিকে তাড়িয়ে দিতে।
‘আনলাকি নেলসন’ একটা জনপ্রিয় ক্রিকেট কুসংস্কার যার জনপ্রিয়তায় প্রয়াত আম্পায়ার শেফার্ড বড় ভূমিকা পালন করেছেন। আনলাকি থার্টিনের একটা ক্রিকেটীয় সংস্করণ এই আনলাকি নেলসন ।
কথিত আছে, ভাইস অ্যাডমিরাল নেলসন যুদ্ধে আহত হয়ে তাঁর একটি পা, একটি হাত এবং একটি চোখ হারান। তাঁর সেই হতভাগ্য পরিণতির কথা স্মরণ করেই ১-১-১-এর এই বিশেষ নামকরণ। এরই ধারাবাহিকতায় ২২২ বা ৩৩৩-কেও কেউ কেউ ‘আনলাকি’র কাতারে ফেলে থাকেন।
এ কারণেই ‘১১১’ ক্রিকেটে একটি অপয়া স্কোর!