'অতিমানবীয়' আমলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউদাম্পটনের রোজবোল ক্রিকেট মাঠ কাল সাক্ষী হলো এক অবিস্মরণীয় ইনিংসের। আরও নির্দিষ্ট করে বললে, একদিনের ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা এক ইনিংস কাল মন্ত্রমুগ্ধ করে রাখল সাউদাম্পটনের ক্রিকেট-পাগল দর্শকদের। দক্ষিণ আফ্রিকার ‘ঋষি’ হাশিম আমলা অনবদ্য ১৫০ রানের ইনিংস খেলে যখন স্টিভেন ফিনের বলে টিম ব্রেসনানের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন ঠায় দাঁড়িয়ে পুরো রোজবোল। এমন একটা ইনিংস চোখের সামনে দেখে না দাঁড়িয়ে কি পারা যায়! ছন্দোবদ্ধ করতালিতে তখন মুখরিত স্টেডিয়াম। কিছুক্ষণের জন্য মাঠের সবাই ভুলে গেলেন স্বাগতিক দেশের কথা। গ্যালারিতে উপস্থিত দর্শক তো বটেই, অবাক বিস্ময়ে হাশিম আমলার প্যাভিলিয়নে ফেরা দেখছিলেন মাঠের নিরাপত্তা-কর্তাটিও। বাকি জীবন গল্প করে কাটানোর মতো একটা ইনিংসই যে তাঁরা চোখের সামনে দেখে ফেললেন!কী ছিল না হাশিম আমলার ব্যাটে! তাঁর স্বভাবজাত কভার ড্রাইভ থেকে শুরু করে লেগ সাইডে শৈল্পিক ফ্লিক; ছিল ইংল্যান্ডকে ছত্রখান করে দেওয়া খুনে ব্যাপারটিও। আমলার ব্যাটে কাল দেখা গেছে নতুন কিছু শটও। হয়তো ওই শটগুলো ছিল তাঁরই উদ্ভাবিত। টিম ব্রেসনানের বলে প্রথম স্লিপের খালি জায়গা দিয়ে তিনি যে লেট ব্যাক গ্ল্যান্সটি খেললেন, তা এর আগে আর কোনো ব্যাটসম্যানকে খেলতে দেখা গেছে! কয়েকটি শট তো রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছিল মনুষ্যক্ষমতার সর্বশেষ সীমাকে। সত্যিই, অতিমানবীয় এক ইনিংসই কাল ক্রিকেটকে উপহার দিলেন হাশিম আমলা।টেস্ট সিরিজে শান্তই ছিলেন হাশিম আমলা। তিন টেস্টে ৪০০ রান করে নিজের সামর্থ্যের গড়পড়তা প্রমাণই রেখেছিলেন তিনি। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে (প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত) তিনি যা করলেন, তা ইংলিশ ক্রিকেটাররা ভেবে রেখেছিলেন কি না সন্দেহ। অথচ গ্রায়েম স্মিথকে সঙ্গে নিয়ে ইনিংসের শুরুটা কিন্তু শেষের লক্ষণ বহন করছিল না। প্রথম পাঁচ ওভারে এই জুটির সংগ্রহ ছিল মাত্র ১১ রান। এর পরই যেন খেপে উঠলেন হাশিম আমলা। মাঠের চারদিকে আছড়ে ফেলতে লাগলেন ইংলিশ বোলারদের। ব্যক্তিগত ১২০ রানের মাথায় স্পর্শ করলেন একদিনের ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক। মাত্র ৫৭টি ম্যাচ খেলে এই মাইলফলকের দেখা পেয়েছেন হাশিম আমলা। ক্রিকেট কিংবদন্তি ভিভ রিচার্ডস এই মাইলফলকের দেখা পেয়েছিলেন ৬৯টি ম্যাচ খেলে। ১২টি ম্যাচ কম খেলে গ্রেট ভিভিয়ান রিচার্ডসকে ছাড়িয়ে গেলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। আমলার অতিমানবীয় ইনিংসটি কিন্তু কলঙ্কের কালিমা থেকে মুক্ত নয়। এই গ্রীষ্মে ইংলিশ ফিল্ডিং ব্যর্থতার সবচেয়ে বড় বিজ্ঞাপন হতে পারেন হাশিম আমলা। উইকেটরক্ষক ক্রেইগ কিসওয়েটারকে হয়তো কাল হোটেলের বুফেতে এক ফ্রি-ডিনার খাইয়েই কৃতজ্ঞতা জানিয়েছেন আমলা। এই কিসওয়েটারই আমলার দুটো ক্যাচ ছেড়ে দিয়ে ইতিহাস রচনার সহায়ক হয়েছেন।হাশিম আমলার ১৫০ রানের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে গ্রায়েম স্মিথের ব্যাট থেকে—৫২। আমলার খুনে ইনিংসের বদৌলতে দক্ষিণ আফ্রিকার সংগৃহীত ২৮৮ রান পাহাড়ের মতোই বিশাল মনে হলো ইংল্যান্ডের কাছে। আমলার ইনিংসটি কেবল দলের সংগ্রহকেই স্ফিত করেনি, প্রতিপক্ষের আত্মবিশ্বাসকেও ভেঙে চুরমার করে দিয়েছিল। শেষ পর্যন্ত যা হবার তা-ই হলো, ইংল্যান্ড অলআউট ২০৭ রানে। ম্যাচ শেষে অবশ্য অন্য সব দিনের মতোই বিনয়ী হাশিম আমলা। সাংবাদিকদের বলেছেন, ‘হ্যাঁ, এটা আমার ভালো ইনিংসগুলোর একটি।’ এটাই গ্রেটের পরিচয়। গ্রেটরা সেরা ইনিংসটি খেলেও তৃপ্তি পান না। অপেক্ষায় থাকেন, আরও বড় কিছুর। লক্ষ্যটা যে তাঁদের আকাশছোঁয়া।