অধিনায়কের সিরিজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুশফিইইইক...।’ গ্যালারি থেকে এমন আপন ডাক আগেও শুনেছেন। এখন কেউ এভাবে ডাকলে নিশ্চয়ই চিন্তার স্রোতে ঢেউ লাগে। মুশফিকুর রহিমকে তো নয়, দর্শক ডাকছে বাংলাদেশের অধিনায়ককে! যাঁর হাতে দেখতে চাওয়া সাফল্যের পতাকা।সিরিজ-টিরিজ জেতার মতো সাফল্যে ভাসছেন না। তবে নেতৃত্ব পাওয়ার পরের সময়টা যে রকম যাচ্ছে, মুশফিক গায়ে চিমটি কেটে দেখতেই পারেন, জেগে আছেন, নাকি স্বপ্ন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ-সূচনার টি-টোয়েন্টি ম্যাচে বলতে গেলে একাই জিতিয়েছেন দলকে। ওয়ানডে সিরিজ হারলেও চট্টগ্রামে শেষ ওয়ানডেতে পাওয়া জয়টা গর্ব করার মতো। এরপর বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টেও ভালো খেলে ড্র—অধিনায়ক মুশফিকের সময়টা স্বপ্নের মতোই যাচ্ছে।অধিনায়ক হওয়ার পর বলেছিলেন, চাপ হিসেবে নিলে চাপ। নয়তো অধিনায়কত্ব অনুপ্রেরণারও আধার। বাংলাদেশের নতুন অধিনায়কের ক্ষেত্রে এখনো পর্যন্ত পরের কথাটিই ঠিক। কাল ম্যাচ শেষের সংবাদ সম্মেলন শেষে বললেনও, ‘আমি মনে করি, অধিনায়ক হিসেবে আমাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সেটাই চেষ্টা করছি। আর অধিনায়কত্বটা আমার কাছে চাপ নয়, অনুপ্রেরণা। ভালো খেললে অন্যদের জন্য উদাহরণ হতে পারব।’বৃষ্টিভেজা মাঠে হারিয়ে গেছে চট্টগ্রাম টেস্টের দুই দিন। কিন্তু তার আগে-পরে তিন দিন যা হলো, রেকর্ডের পাতায় টেস্টের ফলাফল ‘ড্র’ হলেও ওই তিন দিনে তো জিতেছে বাংলাদেশই! অধিনায়ক হিসেবে প্রথম টেস্টের পর মুশফিক তাই বলছেন, ‘খুব ভালো শুরু হয়েছিল আমাদের। এ উইকেটে চতুর্থ-পঞ্চম দিন ব্যাটিং করা কঠিন। দুইটা দিন খেলা না হওয়াতে তাই আফসোস লাগছে। তবে এটা আমাদের হাতে ছিল না। এই টেস্টে অনেক ইতিবাচক দিকও আছে। পরের টেস্টে সেসব কাজে লাগবে।’পাঁচ দিনের টেস্ট তিন দিনের হয়ে যাওয়ার পরও মুশফিকের মাথায় খেলে গেছে জয়ের চিন্তা। বাংলাদেশের কোনো অধিনায়ক হিসেবে তিনিই তাই প্রথম দুটি ইনিংস ঘোষণা করার সাহস দেখালেন। সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, একপর্যায়ে টেস্টটা জিততেই চেয়েছিলেন, ‘প্রথম ইনিংসে ভালো লিড নিয়েছিলাম। ওদের জেতার সুযোগ কম ছিল, সঙ্গে আমাদের হারার সুযোগও ছিল কম। চিন্তা ছিল ওদের তাড়াতাড়ি আউট করে জেতার জন্য খেলব। জিততে না পারলে ম্যাচ ড্র হবে।’ কিন্তু ইনিংস ঘোষণার কাজটা আরও আগে করলে কি জেতার সম্ভাবনা বাড়ত না? মুশফিক আসলে চেয়েছেন ঝুঁকিমুক্ত থাকতে। জিততে গিয়ে হারতে চাননি বাংলাদেশ অধিনায়ক, ‘ওদের ২০০-এর নিচে বা ২১০-২২০ এর মধ্যে অলআউট করতে পারলে দ্বিতীয় ইনিংসে দ্রুত রান করে ইনিংস ঘোষণা করতাম। কিন্তু ওরা ভালো ব্যাট করেছে, বিশেষ করে, স্যামি। তা ছাড়া এই উইকেটে রান করা সহজ ছিল না। দ্রুত রান তুলতে গিয়ে উইকেট হারালে চাপে পড়ে যেতাম।’ শেষ পর্যন্ত ম্যাচ জিততে না পারলেও ছোট ছোট যুদ্ধগুলোতে জিতেছে বাংলাদেশই। এই আত্মবিশ্বাস ঢাকা টেস্টে বয়ে নিয়ে যেতে চান অধিনায়ক।জয়ের সম্ভাবনার সঙ্গে আরও কিছু ইতিবাচক দিকও আছে চট্টগ্রাম টেস্টে। প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা ভালো শুরু করেছেন। মুশফিকের বিশ্বাস, হয়তো ঢাকা টেস্টেই এসব ‘ভালো শুরু’ বড় ইনিংসে অনূদিত হবে। প্রাপ্তির খাতায় যোগ হচ্ছে অভিষেক টেস্ট খেলা নাসির হোসেনের ব্যাটিং আর ইলিয়াস সানির বোলিং। বল হাতে সাফল্য পেয়েছেন সাকিব আল হাসানও। খারাপের মধ্যে কিছু ক্যাচ পড়েছে। অধিনায়ক আশাবাদী, পরের টেস্টে এই ভুল শুধরে নেবেন সবাই।আজ দুপুরে ঢাকায় ফিরে বিশ্রাম। কাল-পরশু অনুশীলনের পর ২৯ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। মুশফিকের চোখ এখন সেদিকেই, ‘এভাবে খেললে ভালো ফলাফল সম্ভব। ওদের জন্য এটা হবে ডু অর ডাই ম্যাচ। ম্যাচটা তাদের জিততেই হবে সিরিজ জেতার জন্য। অন্যদিকে আমাদের এর চেয়ে খারাপ হওয়ার সুযোগ নেই। বরং উন্নতির অনেক সুযোগ আছে।’সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েই ডেঙ্গু জ্বরে আক্রান্ত মাহমুদউল্লাহ সিরিজের বাইরে। তবে অসুস্থতা কাটিয়ে মাহমুদউল্লাহর অনুশীলনে ফেরার খবরে আনন্দিত মুশফিক। দলের প্রয়োজনে সহ-অধিনায়কের দ্বিতীয় টেস্টে ফেরার দরজাটা তো অন্তত খুলল! তার আগ পর্যন্ত অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা সব দিক দিয়েই অধিনায়কের সিরিজ।