উন্নতির জায়গা তো জানাই
অনেক লম্বা সময় নিয়ে হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন পর্ব। সকালে ফুটবল খেলে গা-গরম। এরপর দুই ঘণ্টারও বেশি সময় নিয়ে নেট প্র্যাকটিস। একটু বিরতি দিয়ে ফিল্ডিং অনুশীলন। তাতে ক্যাচ নেওয়ার পর্বটাই গুরুত্ব পেল বেশি।ঢাকা টেস্টে চট্টগ্রামের ভুলত্রুটি শোধরাতে হবে। কাল থেকে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে দুটি বিষয়েই বেশি দৃষ্টি—লম্বা ইনিংস খেলা ও ক্যাচ না ফেলা। ভালো শুরু করেও প্রথম টেস্টে বড় ইনিংস খেলতে পারেননি ব্যাটসম্যানরা। ফিল্ডিংয়ে সহজ ক্যাচ পড়েছে। গত দুই দিনের আলোচনা থেকে তাই সিদ্ধান্ত, ভালো কিছু করতে হলে এই দুই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। চট্টগ্রামে ড্র হওয়ায় ঢাকা টেস্ট সিরিজ নির্ধারণী। ভুল শুধরে তাতে জয়ের জন্যই খেলতে নামবে মুশফিকুর রহিমের দল।সংবাদ সম্মেলনে কাল দলের প্রতিনিধি হয়ে আসা সাকিব আল হাসান সরাসরি জয়ের কথা বলেননি। তবে চট্টগ্রামের চেয়ে ভালো কিছু দেওয়ার প্রতিশ্রুতি ঠিকই দিয়েছেন, ‘ভবিষ্যৎ বলা কঠিন। তবে আমরা অবশ্যই চেষ্টা করব ভালো খেলার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং—তিন বিভাগেই ভালো করতে হবে।’ চট্টগ্রামে ব্যাটিং ভালো হয়েছে। ঢাকায় সেই ভালোর সীমানা ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য, ‘চট্টগ্রামে আমরা অনেকেই রান করেছি। কিন্তু কেউ বড় রান করেনি। বড় কিছু করার ব্যক্তিগত লক্ষ্য সবার মধ্যেই থাকবে। আর ফিল্ডিংয়েও মনে হয় না খুব একটা ভালো করেছি। ওই জায়গাতেও উন্নতি করার আছে।’ভুলত্রুটি শুধরে সব ঠিকঠাক করলেই বাংলাদেশ ঢাকা টেস্ট জিতে যাবে, এমন নিশ্চয়তা নেই। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও তো সে চেষ্টাই করবে। উইকেট কেমন হয়, সেটিও একটা বড় প্রশ্ন। বাংলাদেশ দল তো বটেই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চোখও এখন উইকেটে। বিসিবির সর্বোচ্চ পর্যায়ের মস্তিষ্কও নাকি ঢাকা টেস্টের আগে ২২ গজের ভাবনায় ব্যস্ত! টেস্টের আগের দিন উইকেটের ওপর শেষ আঁচড়টা ব্যাটসম্যানদের কথা ভেবে পড়বে, নাকি স্পিনারদের কথা ভেবে, এই সিদ্ধান্তে সম্ভবত বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে বোর্ডের শীর্ষ পর্যায়েরও ভূমিকা থাকবে।তবে অতীত অভিজ্ঞতা বলছে, বাংলাদেশে উইকেট জিনিসটা সহজে কারও কথা শোনে না। সবাই ভাবে এক, হয় আরেক। অধিনায়ক থাকার সময় সাকিব নিজেও হয়েছেন এমন পরিস্থিতির শিকার। সতীর্থদের উইকেট নিয়ে না ভাবার পরামর্শ সম্ভবত সে অভিজ্ঞতা থেকেই, ‘আমরা হোম কন্ডিশনে খেলছি। উইকেটের ভূমিকা অবশ্যই আছে। তবে উইকেট নিয়ে বেশি চিন্তা করলে সেটা আমাদের জন্য ভালো হবে না। কারণ, এসব তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আমাদের পছন্দমতো উইকেট না পেলেও তো কিছু না করে বসে থাকা যাবে না!’ সাকিব বরং আস্থা রাখতে চান নিজেদের সামর্থ্যের ওপর, ‘অনেক পরিশ্রম করছি। নিজেদের স্কিলের ওপরই বিশ্বাস রাখতে হবে।’দলের প্রতি এই বিশ্বাসটা আর কারও না হোক, প্রধান নির্বাচক আকরাম খানের আছে। চট্টগ্রাম থেকে নিয়ে আসা ছোট ছোট জয় ঢাকায় বড় সাফল্যে রূপ নেবে বলে তাঁর বিশ্বাস। তবে এই টেস্টের আগেও দল নিয়ে কম ভাবতে হচ্ছে না আকরাম আর তাঁর নির্বাচক কমিটিকে। এমনিতে একাদশ নির্বাচন কোচ আর অধিনায়কের এখতিয়ার হলেও পরিস্থিতি অনুযায়ী ভূমিকা রাখতে হয় নির্বাচকদের। ঢাকা টেস্টের আগে তৈরি হয়েছে সে রকমই এক পরিস্থিতি।টেস্ট স্কোয়াডের শুভাগত হোম চৌধুরী ও মোহাম্মদ সোহরাওয়ার্দীর ৩০ অক্টোবর ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার কথা। ১৪ জনের টেস্ট দল হয়ে যাবে ১২ জনের। জ্বর থেকে ফিরে মাহমুদউল্লাহ একজনের জায়গা পূরণ করতে পারতেন, কিন্তু অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়ে বাইরেই থাকছেন সহ-অধিনায়ক। এ অবস্থায় শুভাগত-সোহরাওয়ার্দীর শূন্যস্থানে কারা আসবেন, বা আদৌ কেউ আসবেন কি না, এসব বিষয় কাল পর্যন্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। যাঁরা একাদশের বাইরে থাকবেন, তাঁদের জাতীয় লিগে খেলার সুযোগ দেওয়ার কথাও ভাবনায় আছে বলে জানালেন প্রধান নির্বাচক।চিন্তাভাবনা যা-ই থাকুক, মাহমুদউল্লাহর চোট ঢাকা টেস্টেও দলে রেখে দিতে পারে ইমরুল কায়েসকে। বাজে ফর্মের কারণে বড় প্রশ্ন উঠে গেছে এই বাঁহাতি ওপেনারকে নিয়ে।