চট্টগ্রামে অন্য বাংলাদেশ!
চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট হলেই ‘তামিম, তামিম’ রব ওঠে। ‘লোকাল বয়ের’ কাছে বাড়তি প্রত্যাশা থাকেই। তবে সম্ভবত এই প্রথম চট্টগ্রামের ম্যাচের আগের দিন কথা বলা গেল না তামিম ইকবালের সঙ্গে। কিংবা বলা চলে, তামিম কথা বললেন না।ম্যাচের আগের দিন কথা না বলার সংস্কার মানেন তিনি। তা থেকে বেরিয়ে টুকটাক কথা বলে ফেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগের দিন। ম্যাচে করলেন মাত্র ১ রান। কে জানে, হয়তো কথা বলার জন্যই! তামিম সে কারণেই আরও খোলসের মধ্যে ঢুকে পড়েছেন। কাল দুপুরে অনুশীলনের জন্য দল মাঠে পৌঁছানোর ঘণ্টা খানেক আগেই ফিল্ডিং কোচ জেসন সুইফটের সঙ্গে এসে ব্যাটিং প্র্যাকটিস করলেন অনেকক্ষণ। তবে ‘হাই-হ্যালো’ আর সৌজন্যের হাসি ছাড়া মুখে কিছুই নেই। চট্টগ্রামের মাঠে এসে স্বস্তিতে শ্বাস নিতে পারছেন কি না, সেটা তাই আর জানা হলো না।চট্টগ্রামে বাংলাদেশ দলকে একটা স্বস্তি সব সময়ই জড়িয়ে রাখে। গত বিশ্বকাপে এটি আরও ভালোভাবে প্রতিষ্ঠিত। ঢাকায় ৫৮ আর ৭৮-এর লজ্জার পর এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ইংল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে পর পর দুই জয়। তারপর এই প্রথম আবার চট্টগ্রামে আসা এবং সেটিও এক ধরনের চাপ নিয়েই। ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত ২২০ রান করলেও টপ-অর্ডারে বাংলাদেশের ব্যাটিং এতটাই জঘন্য হয়েছে যে চট্টগ্রামের শেষ ম্যাচ এখন বাংলাদেশ দলের জন্য সামান্য সম্মান বাঁচানোর উপলক্ষই।চাপমুক্তির কী দারুণ মঞ্চ হতে পারে বন্দরনগর, সেটা সবচেয়ে ভালো জানা সাকিব আল হাসানের। বিশ্বকাপে ঢাকায় ভেঙে পড়া দল তাঁর অধিনায়কত্বেই জেগে উঠেছিল চট্টগ্রামে। কাল অনুশীলনের আগে প্রসঙ্গটা তুলতেই হাসলেন সাকিব। সেই হাসিতে যেন এখনো বিশ্বকাপের ফেলে আসা চাপ কাটানোর চেষ্টা, ‘বিশ্বকাপে কোথায় চাপে ছিলাম! কোনো চাপ-টাপ ছিল না।’ তাই যদি হয়, অধিনায়কত্ব হারিয়ে সাধারণ্যে মিশে যাওয়ার পর আজ তো আরও নির্ভার সাবেক অধিনায়ক! কিন্তু না, দলের জন্য মাঠটাকে পয়মন্ত মানলেও নিজের ক্ষেত্রে যে মানছেন না, ‘আমাদের দলের জন্য এ মাঠ ভালো। কিন্তু আমার জন্য না। চট্টগ্রামে আমার বোলিং কখনো ভালো হয় না।’ পরিসংখ্যানও সমর্থন করছে সাকিবকে। এ মাঠে ৯টি ওয়ানডে খেলে এখন পর্যন্ত পেয়েছেন মাত্র ১৭ উইকেট। সর্বোচ্চ ৩ উইকেট মাত্র তিনবার। একই অবস্থা ব্যাট হাতেও। ৯ ওয়ানডেতে ১৮.৪২ গড়ে করেছেন ১২৯ রান। সর্বোচ্চ ইংল্যান্ডের বিপক্ষে গত বছর মার্চে করা ৩৮।চট্টগ্রামে টার্নিং উইকেটের আশা সবার। সেদিক দিয়ে আজ সাকিবের আত্মবিশ্বাসী থাকাটা জরুরি। তবে বাঁহাতি স্পিন সঙ্গী আবদুর রাজ্জাকের মনে চট্টগ্রাম এলেই স্বস্তির হাওয়া বয়। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে অবশ্য নয়, দলীয় স্বার্থের কথা ভেবে। ‘চট্টগ্রামে আমরা ভালো খেলি, ভালো স্পিন হয়...সে কারণে এখানে এসে একটু ভালো লাগছে’ বললেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অভিজ্ঞ এই স্পিনারের অতীত আলো-ঝলমল নয়। এখন পর্যন্ত এখানে ১০টি ম্যাচ খেলে মাত্র ১৮ উইকেট পেয়েছেন রাজ্জাক।জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজকের আগ পর্যন্ত ১১টি ওয়ানডে খেলে বাংলাদেশ জিতেছে ৬টিতে। সর্বশেষ ছয় ম্যাচেই এসেছে পাঁচ জয়। চট্টগ্রামকে এদিক দিয়ে সৌভাগ্যের মাঠ মানলেও শাহরিয়ার নাফীস বলছেন, ‘আমরা তো মিরপুরেও ম্যাচ জিতি...কাজেই এটা এমন কিছু না। ম্যাচ জিততে হলো ভালো খেলতে হবে, আমি এটাই বিশ্বাস করি।’ এই বিশ্বাসটা আজ ব্যক্তিগতভাবেও কাজে লাগানোর দিন শাহরিয়ারের। শেষ ম্যাচে দলে যে একটা পরিবর্তন নিশ্চিত, তাতে মোহাম্মদ আশরাফুলের জায়গায় একাদশে ঢুকছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। গত ১৮টি ওয়ানডেতে ফিফটির দেখা না পাওয়া আশরাফুলের তিন নম্বর জায়গাতেই ব্যাট করার কথা শাহরিয়ারের। পরিবর্তন হতে পারে বোলিংয়েও, রাজ্জাকের বদলে মোহাম্মদ সোহরাওয়ার্দীকে দেখা যেতে পারে।বাংলাদেশের হয়ে চট্টগ্রামে আজই প্রথম ম্যাচ খেলবেন নাসির হোসেন। জাতীয় দলের সুখস্মৃতির সাক্ষী হতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে এ মাঠ তাঁর জন্যও ‘লাকি’। কাল সংবাদ সম্মেলনে এসে নাসিরই জানিয়েছেন, ‘জাতীয় লিগে এ মাঠে অনেক ম্যাচ খেলেছি। এখানে আমার পারফরম্যান্স সব সময়ই ভালো, এখানে খেলাটা উপভোগ করি। বরিশালের বিপক্ষে সম্ভবত ৮৫ রানের একটা ইনিংস আছে এখানে।’এমন স্মৃতি সবারই টুকটাক আছে চট্টগ্রামে। সান্ত্বনা পাওয়ার ম্যাচে এসব হতে পারে আত্মবিশ্বাসের জ্বালানি।