চ্যাম্পিয়নস লিগ: রুবিন কাজানের বিপক্ষে সতর্ক বার্সেলোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ফুটবলে শক্তিমত্তার বিচারে তারকাখচিত বার্সেলোনার কাছে রাশিয়ান লিগের রুবিন কাজান নিতান্তই তুচ্ছ একটা দল। কিন্তু গত বছর চ্যাম্পিয়নস লিগে এই রুবিন কাজানের কাছেই রীতিমতো হেনস্তা হতে হয়েছে স্প্যানিশ শিরোপাজয়ীদের। রুবিন কাজানের মাঠে গোলশূন্য ড্র করার পর নিজেদের মাঠেই তাঁদের কাছে ২-১ গোলে হেরে বসেছিল বার্সা। তাই এবার আর রুবিন কাজানকে দুর্বল প্রতিপক্ষ ভেবে হেলাফেলা করার ভুলটা করতে চাচ্ছেন না তাঁরা।রুবিন কাজানের সঙ্গে বুধবার খেলতে নামার আগে বার্সেলোনার সমর্থকেরা একটি সংবাদে আনন্দে ভাসতেই পারেন। তাঁদের আনন্দের কারণ, চোট সারিয়ে আবার মাঠে ফিরছেন বার্সার সোনার ছেলে লিওনেল মেসি।বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা মেসিকে বুধবারের ম্যাচে দলে রাখলেও চিকিত্সক অবশ্য মেসিকে এখনো পুরো ফিট বলে ঘোষণা করেননি। তবে রুবিন কাজানের বিরুদ্ধে দলের প্রয়োজনে কিছু সময়ের জন্য মাঠে নামলেও নামতে পারেন তিনি।মেসি দলে ফিরুন অথবা নাই ফিরুন, রুবিন কাজানের কোচ কুরবান বারদেভ অবশ্য মনে প্রাণে চাইছেন নিজ দলের খেলোয়াড়েরা যেন মেসির বিরুদ্ধে খেলার সুযোগ পান। রাশিয়ার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি সব সময়ই সেরা খেলোয়াড়দের বিপক্ষে নিজেদের বিচার করতে চাই। আমি সত্যিই চাই মেসি মাঠে নামুক। আমার ধারণা, রুবিন সমর্থকেরাও এই কথাটাই বলবে।’ রয়টার্স।