নাদালের সফলতার নেপথ্যে
গত বছর এখানে খেলতে পারেননি, হাঁটুতে চোটের কারণে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন উইম্বলডন থেকে। এবার চোট কাটিয়ে সেই উইম্বলডন শিরোপা হাতে তুলে নিলেন। সেভাবে লড়াইয়ের মুখোমুখিও হতে হয়নি, টমাস বার্ডিচকে ৬-৩, ৭-৫, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন। ‘স্লো বাউন্সের’ কারণে গ্রাস কোর্টে খেলা অন্য যেকোনো কোর্টের চেয়ে কঠিন। তার পরও নাদালের গ্রাস কোর্টে এই সফলতার পেছনে রহস্য কী?রয়টার্সের কাছে নাদাল নিজেই তাঁর সফলতার রহস্য উন্মোচন করেছেন, ‘আমি কোর্টে অনেক বেশি মুভ করি। আমার মনে হয়, গ্রাস কোর্টে আমার সফলতার পেছনে এটা একটা বড় কারণ। এ ধরনের কোর্টে আপনাকে অনেক বেশি আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে হবে।’তাহলে কি সারাক্ষণ মুভ করে খেললেই গ্রাস কোর্টে সফল হওয়া যাবে? নাদাল অবশ্য এভাবে বিষয়টিকে দেখতে নারাজ। বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা এই টেনিস তারকা বলছেন, ‘আপনাকে আপনার মতো করে একটি উপায় বের করে নিতে হবে। আমি মনে করি, আপনি যেভাবেই আপনাকে এগিয়ে নিন না কেন, গ্রাস কোর্টে মুভমেন্ট অনেক বেশি জরুরি। এখানে সফল হলেই কেবল আপনি একজন ভালো খেলোয়াড়।’বলা হয়ে থাকে, জয় পেতে হলে জয়ের মানসিকতা নিয়ে খেলতে হয়। তবে নাদালের দাবি, ম্যাচের আগে কখনোই জয়-পরাজয় নিয়ে ভাবেন না তিনি। ২৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড বলছেন, ‘ম্যাচের আগে বাড়তি কিছু প্রত্যাশা করি না আমি। আমি কেবল আমার সেরাটা খেলতে চাই, শেষ পর্যন্ত প্রতিটি পয়েন্টের জন্য লড়ে যেতে চাই। আমি মনে করি, কোর্টে পয়েন্ট ধরে খেলাই সঠিক পন্থা।’