প্রাপ্তির সঙ্গে আছে দুর্ভাবনাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম টেস্টের সবচেয়ে বড় প্রাপ্তি কী? অভিষেকেই ইলিয়াস সানির ৭ উইকেট একটা প্রাপ্তি তো বটেই। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের সবচেয়ে বড় পাওয়া বোধ হয় বাংলাদেশ দলের বদলে যাওয়া মানসিকতা। ভেজা মাঠ পাঁচ দিনের টেস্টকে তিন দিনের করে দেওয়ার পরও মুশফিকুর রহিমের দল জয়ের আশায় উদ্দীপ্ত থেকেছে, বাংলাদেশের ক্রিকেটে এটা নতুন ঘটনা।নির্বাচক হাবিবুল বাশার দলের এই মানসিকতা দেখে শুধু খুশিই নন, দ্বিতীয় টেস্টের জন্য এটিকে বলছেন সঞ্জীবনী, ‘টেস্টটা তিন দিনের হয়ে যাওয়ার পরও আমরা জেতার জন্য খেলেছি, এটাই সবচেয়ে বড় কথা। আমি খুবই সন্তুষ্ট চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্সে। পরের টেস্টে এই আত্মবিশ্বাস আমাদের এগিয়ে দেবে।’ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ২৯ অক্টোবর। সুখের কথা, অসুস্থতা থেকে ফিরে এই টেস্টের আগে দলে যোগ দিচ্ছেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। ৩০ অক্টোবর ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে চলে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জাতীয় দলে থাকা মোহাম্মদ সোহরাওয়ার্দী ও শুভাগত হোম চৌধুরী। সে জায়গায় মাহমুদউল্লাহর ফেরাটা নিশ্চিত। যদিও হাবিবুল বাশার কাল বললেন, ‘আগামীকাল (আজ) ওর ফিটনেস টেস্ট হবে। এরপরই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ শুভাগত ও সোহরাওয়ার্দী চলে যাচ্ছেন বলে মাহমুদউল্লাহর সঙ্গে টেস্ট দলে আর কাউকে নেওয়া যায় কি না, সে চিন্তা আছে। একই সমান্তরালে একাদশে না থাকলে টেস্ট স্কোয়াডের বাকি খেলোয়াড়দের জাতীয় লিগের জন্য ছাড়ার চিন্তাভাবনাও ছিল কাল পর্যন্ত।এসব চিন্তার ভিড়ে একটা দুশ্চিন্তাও আছে এবং সেটা ওপেনার ইমরুল কায়েসকে নিয়ে। গত বছর মে মাসে লর্ডস টেস্টের দুই ইনিংসে ৪৩ ও ৭৫ রানের দুটি ইনিংস খেলেছেন। ওল্ড ট্রাফোর্ডে পরের টেস্টের প্রথম ইনিংসে করলেন ৩৬, ইমরুল এরপরই হারিয়ে ফেললেন নিজেকে! টেস্টে গত পাঁচ ইনিংসে তাঁর রান ৯, ৪, ৩১, ১০ ও ১৩। ধারাবাহিকতা নেই ওয়ানডেতেও। এ বছর এপ্রিলে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৩ রান করেছিলেন। এরপর গত আট ম্যাচে তাঁর সর্বোচ্চ ইনিংস ৪২ রানের, করেছেন চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে।ইমরুলের ফর্ম নেই। বিকল্প হিসেবে ওপেনিংয়ে যাঁদের কথা ভাবা যায়, বাইরে থেকে তাঁরাও কেউ হাত তুলে দাবি জানাচ্ছেন না দলে আসার। সব মিলিয়ে ইমরুলের ফর্ম হারিয়ে ফেলাটাকে দুশ্চিন্তা মানছেন নির্বাচক হাবিবুল বাশারও। তবে আশা করছেন, এই ফর্মহীনতা ক্ষণস্থায়ী, ‘তামিমের সঙ্গে ইমরুল কায়েসের ওপেনিং জুটিটা দারুণ সফল। বাংলাদেশ দলকে অনেক ভালো শুরু এনে দিয়েছে তারা। এটা ঠিক, ইমরুল সম্প্রতি ফর্মে নেই। তবে আশা করছি, অচিরেই সে নিজেকে ফিরে পাবে।’ নিজেকে ফিরে পাওয়ার কাজটা আপাতত জাতীয় লিগেই করতে হতে পারে ইমরুলকে। কারণ, দ্বিতীয় টেস্ট নিয়ে কোচ স্টুয়ার্ট ল-র পরিকল্পনায় ইমরুল নেই, কাল পর্যন্ত এমনটাই খবর। ঢাকা টেস্টে তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে নতুন কাউকে।ইমরুলকে নিয়ে দুশ্চিন্তা বাদ দিলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এখন পর্যন্ত নির্বাচকদের চিন্তাভাবনার জয়ই হয়েছে। টেস্ট সিরিজে চার নতুন মুখ নিয়ে দুজনকেই প্রথম টেস্টে খেলিয়ে তাঁরা সফল। প্রথম ইনিংসে নাসির হোসেনের সময়োপযোগী ৩৪ রান, ৬ উইকেট নিয়ে ইলিয়াস সানির স্বপ্নময় অভিষেক নির্বাচকদের তৃপ্তি দিচ্ছে। হতাশ করেননি দলে ফেরা রকিবুল হাসানও। হাবিবুল অবশ্য বলছেন, তাদের কারও পারফরম্যান্সেই খুব অবাক হননি তাঁরা, ‘এই পর্যায়ের ক্রিকেটে ভালো করার সামর্থ্য আছে জেনেই তাদের দলে নেওয়া হয়েছে। বল হাতে ইলিয়াসের সাফল্য বা অন্যদের পারফরম্যান্সও আমাদের অবাক করেনি। তবে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’শেষ কথাটা ভালো করে মনে রাখতে পারেন ইলিয়াস সানি। এর আগেও অভিষেকেই ৬ উইকেট পেয়েছিলেন দুই বোলার। শুরুর সেই আলোটা ধরে রাখতে পারেননি কেউই।ইলিয়াস সানি কি পারবেন?