যেখানে দুই দলের পার্থক্য
অধিনায়কত্বের শুরুতেই একের পর এক বিস্ময় উপহার পেয়েই চলেছেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে নিজেই নায়ক, ছয় মেরে নাটকীয় জয়। প্রথম ওয়ানডেতে বিস্ময় উইকেটে সামান্যতম টার্নও না পেয়ে। দ্বিতীয় ওয়ানডেতে এসে তো বিস্ময়, হতাশা, ক্ষোভ, বিরক্তি সব যেন একাকার—এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং!মুশফিকুরের চেহারাটাই এমন শান্ত আর কোমলতার প্রতিচ্ছবি যে, সেখানে কাঠিন্য আনা মুশকিল। তবে চেহারায় প্রতিফলন না পড়লেও গত পরশু দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে মুশফিকের কণ্ঠের কাঠিন্য কিন্তু ঠিকই বোঝা গেছে। উইকেটে কিছু নেই, বোলিংও আহামরি কিছু হয়নি, তার পরও কেন ৩ উইকেটে ১, ৪ উইকেটে ১৮! নিজেদের পরিচিত মাঠ-কন্ডিশনে খেলা, তবুও আক্ষেপ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বললেন ওয়েস্ট ইন্ডিজকে দেখে শিখতে, কেমন হওয়া উচিত নিবেদন, কীভাবে মানিয়ে নিতে হয় পরিস্থিতির সঙ্গে। এটিই আসলে ওয়ানডে সিরিজে পার্থক্য গড়ে দিয়েছে। টি-টোয়েন্টি ম্যাচটা থেকেই ওয়েস্ট ইন্ডিজ বুঝতে পেরেছে কী করতে হবে। বুঝতে পারার চেয়েও কঠিন কাজ মাঠে গিয়ে করা। সেটাও ক্যারিবিয়ানরা দারুণভাবে করেছে। টি-টোয়েন্টি ব্যর্থতার পর ওয়ানডে দুটিতে তাদের ব্যাটিং দেখুন। দুটি ম্যাচেই লেন্ডল সিমন্সের শুরুটা ছিল ভীষণ সাবধানী, প্রথম ৫ ওভারে বাউন্ডারি ছিল না একটিতেও। প্রথম ম্যাচে উইকেট ছিল একেবারে নিষ্প্রাণ, সাবধানী শুরুর পর স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে ফিফটি তুলে নিয়েছেন ৫৩ বলে। দ্বিতীয় ম্যাচে উইকেট খানিকটা সামান্য মন্থর ছিল, সামান্য টার্নও ছিল। এর চেয়েও বড় কথা, ছিল না বড় লক্ষ্য। এবার সিমন্সের ফিফটি ১০৩ বলে। পরিস্থিতির দাবি অনুযায়ী খেলা তো একেই বলে!কিংবা বলা যায় পরশু ডানজা হায়াটের ইনিংসটির কথাও। ছোট্ট আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ওপেন করতে নেমে ৪টি ছয় ও ২টি চারে ৪৬ বলে ৩৯। ৬ বলেই ৩২, বাকি ৪০ বলে ৭—আদর্শ ওয়ানডে ইনিংস হয়তো নয়। কিন্তু পরশুর ম্যাচের পরিস্থিতির বিবেচনায় দারুণ কার্যকর। রানরেট বাড়ানোর তাড়া নেই, বাজে বলের জন্য অপেক্ষা করো, আর সেটির উপযুক্ত শাস্তি দাও, এই তো! পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া তো একেই বলে। বাংলাদেশের হলো উল্টো। প্রথম ওয়ানডেতে ৩০০ রান তাড়া করে অতি সাবধানী শুরু এবং এরপর আর কখনোই গতি পেল না ইনিংস। পরশু তো প্রথম ওভার থেকেই ঝড় তোলার চেষ্টা। একজনের ভুল থেকে শিক্ষা নেওয়া দূরের কথা, পরেরজনের যেন আরও বেশি তাড়া!প্রসঙ্গক্রমেই এসে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতির কথাও। ঢাকায় পা রাখার পর থেকেই ক্যারিবিয়ানরা বলে যাচ্ছে তাদের প্রস্তুতি হয়েছে দারুণ। সবারই প্রায় একই কথা, ‘আমরা জানি, বাংলাদেশে কী অপেক্ষা করছে, স্পিনের জন্য তাই যথেষ্ট হোমওয়ার্ক করেই এসেছি।’ প্রস্তুতি নিয়ে কথা সব সিরিজেই হয়। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবার যেমন বলেছে, এমন জোরালোভাবে বারবার বলা একটু বিরলই বটে। ওয়ানডে দুটির পর এখন বোঝা যাচ্ছে, ‘হোমওয়ার্ক’ নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী ছিল বলেই এভাবে বলতে পেরেছে।স্পিনের মোকাবিলায় এমন নতুন কিছু উদ্ভাবন করে ফেলেনি তারা। সিমন্স-স্যামুয়েলসরা পায়ের ব্যবহারটা দারুণভাবে করেছেন, বলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছেন। মূল জিনিসগুলোই করেছেন ঠিকভাবে। ২০০৯ সালে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির ক্রিকেটাররা বাংলাদেশের স্পিনের সামনে আতঙ্কেই যেন বেশি ভেঙে পড়েছিলেন। এবার সবচেয়ে বেশি লক্ষণীয়, স্পিনে একদমই তাড়াহুড়ো করেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা, খেলেছেন খুব ঠান্ডা মাথায়। ওই ঠান্ডা মাথাগুলো হয়তো একটু এলোমেলো হতে পারত বড় রান তাড়ার চাপ থাকলে বা উইকেট স্পিনারদেরও দিকে দুহাত প্রসারিত করলে। কিন্তু দুটোর কোনোটিই যে হয়নি। তবে ক্যারিবিয়ানদের প্রস্তুতি ও উইকেট সব বিবেচনায় নিয়েও এটা বলতে হবেই যে বাংলাদেশের স্পিনাররা প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেননি। না পেরেছেন উইকেট নিতে, না পেরেছেন নিয়ন্ত্রিত বোলিং করতে। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সিরিজ, জিম্বাবুয়ে সফর এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম দুই ওয়ানডের পারফরম্যান্স যা বলছে, তাতে বাংলাদেশের স্পিনশক্তি নিয়ে বড় শঙ্কাই জাগছে!ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাকে দারুণ গুরুত্ব দিয়েছে, প্রথম দুটি ওয়ানডেতে সহজ জয়ের এটাও একটা কারণ। বাংলাদেশে আসার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুবাই স্পোর্টস সিটিতে এক সপ্তাহের ক্যাম্প করা এবং সেখানে স্পিনারদের নিয়ে আলাদা কাজ করাই এর সবচেয়ে বড় প্রমাণ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুই দল পিঠাপিঠি (৮-৯), রেটিং পয়েন্টের ব্যবধান ২০। কিন্তু বাস্তব ব্যবধান যে আরও বেশি, সেটা প্রমাণেই যেন প্রতিজ্ঞাবদ্ধ স্যামির দল। আর ২০০৯-এর সেই লজ্জার শোধ নেওয়ার ব্যাপারটা তো আছেই।