জার্মানি-আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল লড়াইয়ের আগে দুদলের কথার যুদ্ধ বেশ জমে উঠেছে। শোয়েনস্টাইগারের পর এবার কথার লড়াইয়ে যোগ দিলেন জার্মান অধিনায়ক ফিলিপ লাম। তিনি বলেছেন, ‘আর্জেন্টাইন ফুটবলারেরা একেবারেই জানে না মাঠে কেমন আচরণ করতে হয়।’ তিনি বলেছেন ‘ এরা মাঠের হারও ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে মেনে নিতে পারে না। হারার পরই দলের খেলোয়াড়েরা যা করে, তা কোনো সভ্য সমাজের আচরণ হতে পারে না।’ফিলিপ লামের এ কথাকে অনেকে নানাভাবে ব্যাখ্যা করতে পারেন, অনেকে বলতে পারেন, তিনি আর্জেন্টাইনদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু হঠাত্ করে জার্মান ফুটবলারেরা কেন আর্জেন্টাইনদের চরিত্র বিশ্লেষণে বসেছেন, তা অবশ্য পরিষ্কার হচ্ছে না। একটি ব্যাপার হতে পারে, ২০০৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে যাওয়ার পর আর্জেন্টাইন ফুটবলারেরা একটু বাড়াবাড়িই করে ফেলেছিলেন। তাই বলে চার বছর পর সম্পূর্ণ নতুন এক লড়াইয়ের আগে জার্মান ফুটবলারদের সেই প্রসঙ্গ টেনে নিয়ে আসা আর্জেন্টািইনদের মানসিকভাবে উত্তেজিত করে দেওয়ার লক্ষ্যেই যে করা হচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগেও ঠিক একই কায়দায় জার্মানরা ইংরেজদের বিপক্ষে কথার লড়াইয়ে নেমেছিল।ফিলিপ লাম এবার কেবল আর্জেন্টাইনদের আচরণ নিয়েই প্রশ্ন তোলেননি, তুলেছেন লাতিন জনগণের চরিত্রের স্বরুপ নিয়েও। তিনি বলেছেন, ‘লাতিন দেশগুলোর মানুষই এমন। কেমন যেন অস্থির প্রকৃতির।’ এর পর পরই আর্জেন্টাইনদের আবার খোঁচা দিয়ে বলেছেন, শনিবার আমরা যখন আর্জেন্টিনাকে হারাব, ম্যাচের পর দেখবেন তারা কী রকম আচরণ করে।’২০০৬ সালে কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়ার পর আর্জেন্টাইন খেলোয়াড়েরা জার্মান খেলোয়াড়দের সঙ্গে বাগিবতণ্ডা ও মারামারিতে জড়িয়ে পড়েছিল। গত বিশ্বকাপের সেই স্মৃতি অনেকেই ভুলে গেলেও জার্মানদের কল্যাণে তা আবার জাগরুক হয়ে উঠেছে অনেকের মানসপটে। ম্যারাডোনা কালই শোয়েনস্টাইগারকে নার্ভাস বলে কটাক্ষ করেছেন তাঁর কথার জবাবে। আজ লামের কথার জবাব আর্জেন্টাইন ফুটবলারেরা মাঠেই দেবে এমনটাই চাইছেন আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা। হেরে যাওয়ার পর কেমন আচরণ করতে হয়, বলেছেন লাম। গত বিশ্বকাপের স্মৃতি ভুলে না গেলে কারও অনুমান করতে অসুবিধা হওয়ার কথা না, ফিলিপ লামের এ ধরনের মন্তব্যের কারণ। ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-জার্মানি। চরম উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। খেলা শেষে দুই দলের খেলোয়াড়েরাই জড়িয়ে পড়েছিল বাগিবতণ্ডা, মারামারিতে। ল্যাটিন দেশগুলোর খেলোয়াড়দের অস্থির প্রকৃতির উল্লেখ করে জার্মান অধিনায়ক বলেছেন, ‘শনিবার আমরা দেখব, হেরে যাওয়ার পর তারা কেমন আচরণ করে’।