‘এ’ দল গঠনে অদ্ভুত নীতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ক্রিকেট যে ক্লাব ক্রিকেটের মুঠোতেই বন্দী, সেটা প্রমাণিত হলো আরেকবার। নইলে আগে ক্লাব, পরে জাতীয় স্বার্থ দেখার অদ্ভুত নীতিতে কেন হাঁটবে বিসিবি?পাঁচ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসছে ইংল্যান্ড ‘এ’ দল। সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল নির্বাচন করতে গিয়ে শুধু প্রতিপক্ষের শক্তিমত্তা বা নিজেদের সম্ভাবনার কথাই বিবেচনা করেননি নির্বাচকেরা, বোর্ডের ‘নীতি’ মেনে বিবেচনায় আনতে হয়েছে চলমান প্রিমিয়ার লিগে খেলা ক্লাবগুলোর স্বার্থও। কোনো ক্লাব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল কিনা বা বড় বাজেটের দল গড়েও কাউকে পথে বসতে হচ্ছে কিনা, আগে এসব ভেবে তবেই ‘এ’ দলের কথা চিন্তা করেছেন নির্বাচকেরা।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ জানুয়ারি পাঁচ ওয়ানডের সিরিজ শুরুর আগে ওখানেই একটা প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্স। ওই প্রস্তুতি ম্যাচ এবং ৮ জানুয়ারির প্রথম ওয়ানডের জন্য কাল একই দল ঘোষণা করেছে বিসিবি। প্রধান নির্বাচক আকরাম খানের ব্যাখ্যা, ‘দুটো ম্যাচে ১৩ জনের স্কোয়াড একই থাকলেও একাদশে পরিবর্তন থাকবে। প্রথম ওয়ানডেতে আমরা কিছু বোলার চেঞ্জ করব।’ প্রস্তুতি ম্যাচের দল আর সিরিজের ম্যাচের দল এই প্রথম একই রকম হলো কিনা—জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমাদের হাতে অপশন ছিল না। অনেক খেলোয়াড়ই প্রিমিয়ার লিগে ব্যস্ত। সামনে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল আসছে বলে অনূর্ধ্ব-১৯ এর খেলোয়াড়ও বেশি নিতে পারিনি।’অদ্ভুত ব্যাপার আরও আছে। আসন্ন সিরিজে পরপর দুই ম্যাচের বেশি একই স্কোয়াড পাবে না বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের আগে প্রথম ম্যাচের ১৩ জনের দল থেকে তিনজনকে বাদ দেওয়া হবে। ঢুকবেন নাফিস ইকবাল, আলাউদ্দিন বাবু ও মোহাম্মদ সোহরাওয়ার্দী। এরপর সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য দেওয়া হবে সম্পূর্ণ নতুন একটি স্কোয়াড। প্রধান নির্বাচকই বলেছেন, ‘প্রথম দল থেকে সিলেটের দলে কেউ না-ও থাকতে পারে।’ সবশেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। পাঁচ ওয়ানডের দলই যেখানে তিনবার বদলাচ্ছে, টি-টোয়েন্টির দল তো বদলাবেই!একই সিরিজে এতবার দল বদলানোর কারণ ব্যাখ্যা করে আকরাম খান বলেছেন, ‘আমরা যদি “এ” দলের কথা চিন্তা করে প্রিমিয়ার লিগের একই দল থেকে চার বা পাঁচজন খেলোয়াড় নিই, তাহলে ক্লাবগুলো ক্ষতিগ্রস্ত হবে। সিসিডিএম ও টুর্নামেন্ট কমিটির সঙ্গে বৈঠক করার পর ক্রিকেট পরিচালনা বিভাগ আমাদের জানিয়েছে, দল এমনভাবে করতে হবে যাতে কোনো ক্লাবই বেশি ক্ষতিগ্রস্ত না হয়। এটা বোর্ডের পলিসি। আমাদের কিছু করার নেই।’যদিও প্রধান নির্বাচকের দাবি মানছেন না ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান এনায়েত হোসেন, ‘৩২ জনের একটা পুল করে নির্বাচকদের বলা হয়েছিল সেখান থেকে সম্ভাব্য সেরা “এ” দল গঠন করতে। দলটা ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলবে। এখানে কোনো কমপ্র্রোমাইজ করা যাবে না। আমাদের “এ” দল খারাপ খেললে ওরা বলবে, বাংলাদেশের কোনো সম্ভাবনা নেই। ভবিষ্যতে খেলতে চাইবে না। তবে আমি মনে করি, নির্বাচকেরা সেরা দলই দিয়েছেন।’ বারবার দল পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে অবশ্য তিনি স্বীকার করেছেন, ‘এ’ দলের জন্য খেলোয়াড়দের ছাড়তে রাজি নয় ক্লাবগুলো, ‘আমাদের সীমিত সংখ্যক খেলোয়াড়...এদের দিয়েই সব চালাতে হবে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে তিনজন করে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ দেওয়ার পরও তারা স্থানীয় খেলোয়াড়দের ছাড়তে রাজি নয়।’যেকোনো ঘরোয়া টুর্নামেন্টেই শর্ত থাকে, জাতীয় দলের স্বার্থে ক্রিকেটারদের ছাড়া বাধ্যতামূলক। কিন্তু বাংলাদেশের ক্রিকেট যেন অদ্ভুত উটের পিঠে চড়েই এগোচ্ছে! ভবিষ্যতে আইপিএল-কাউন্টি খেলার জন্যও যদি কেউ জাতীয় দায়িত্ব থেকে ছাড় চান, হয়তো পেয়ে যাবেন।বাংলাদেশ ‘এ’ দল: ইমরুল কায়েস, মমিনুল হক, শুভাগত হোম চৌধুরী, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আসিফ আহমেদ, ইলিয়াস সানি, ডলার মাহমুদ, জহুরুল ইসলাম, কাজী কামরুল, ধীমান ঘোষ, নূর হোসেন, আবু জায়েদ ও তাসামুল হক।