‘ফেয়ার প্লে’র আহ্বান ম্যারাডোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের ‘ফাউলের’ শিকার হওয়ার ঘটনা যেন ফুটবলের সঙ্গে জড়িয়ে গেছে। এ খারাপ রীতির সর্বশেষ শিকার লিওনেল মেসি। গতকাল মঙ্গলবার আর্জেন্টিনার এই প্রাণভোমরাকে একের পর এক আক্রমণ করে গেছেন প্রতিপক্ষ গ্রিসের ফুটবলাররা।দলের সেরা অস্ত্রের এমন পরিণতি দেখে ম্যাচের পুরোটা সময় যেন ক্ষোভে ফুঁসেছেন ডিয়েগো ম্যারাডোনা। ম্যাচ শেষে ছাই চাপা আগুন আর চেপে রাখতে পারেননি তিনি। ‘বিশ্বকাপে ফেয়ার প্লে অনুপস্থিত’ অভিযোগ করে সবাইকে ফেয়ার প্লে খেলার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি।ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যারাডোনা বলছেন, ‘এখানে কোনো ফেয়ার প্লে নেই। আসুন আমরা ফুটবলের সেই ফেয়ার প্লেকে ফিরিয়ে আনি।’ এর পরই ক্ষোভের সুরে প্রশ্ন তোলেন, ‘যতবারই মেসি বল পেয়েছে, ততবারই আক্রমণের শিকার হয়েছে। তাহলে আমরা খেলব কীভাবে?’প্রতিপক্ষ ফুটবলারদের প্রতি যেমন অভিযোগ তার চেয়েও যেন ম্যারাডোনার বেশি অভিযোগ রেফারিদের প্রতি। তাঁদের প্রশ্রয়েই গ্রিসের ফুটবলাররা এভাবে ফাউলের মহড়া দেওয়ার সাহস পেয়েছেন বলে বিশ্বাস করেন তিনি। ম্যারাডোনা বলছেন,‘মেসিকে তিনবার আঘাত করার পর একজনকে হলুদ কার্ড দেওয়া হলো। এরপর থেকে কিন্তু গ্রিসের ডিফেন্ডাররা অন্তত মেসিকে আঘাত করেনি। রেফারি শুরু থেকেই কেন এমনটা করেনি? এটাই তাহলে নিয়ম!’ বাছাইপর্বে ভালো খেলেনি বলে আর্জেন্টিনার সমালোচনামুখর ছিল গণমাধ্যমগুলো। বিশ্বকাপে আর্জেন্টিনা ভালো খেলবে না—এমন ভবিষ্যদ্বাণীও করেছিল অনেকেই। অথচ বাছাইপর্বের সেই দলটিই খেলছে দুর্দান্ত, ঠিক বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো করেই। রেফারির সমালোচনা করার পর তাই গণমাধ্যমের সমালোচনা করতে ছাড়েননি আর্জেন্টিনার কোচ। ক্ষুব্ধ ম্যারাডোনা বলছেন, ‘আপনারা যা বলেছেন তা সঠিক নয়। এই দলটিই বাছাইপর্বে খেলেছিল। এখন কেমন খেলছে তা আপনারাই দেখছেন। ফুটবলারদের প্রতি সামান্য শ্রদ্ধাও মিডিয়া দেখায়নি। নিজেদের ভুল স্বীকার করে আর্জেন্টিনার ফুটবলারদের কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত।’