... এবং আরও কয়েকজন
‘ভেট্টোরি। এক ভেট্টোরিকে আটকে দিতে পারলেই হবে। ওকে আটকাতে পারলেই ম্যাচ জেতার মতো রান হয়ে যাবে। চ্যালেঞ্জ শুধু ভেট্টোরি।’প্রখর রোদে নেট থেকে ব্যাটিং সেরে ফেরার পথে হাঁপাতে হাঁপাতে কথাটা বললেন মুশফিকুর রহিম। অবশ্য কথাটা কে বললেন, তাতে কিছু যায়-আসে না। ইচ্ছে করলেই বাংলাদেশ দলের যেকোনো খেলোয়াড়ের মুখে এই কথা বসিয়ে দিতে পারেন।নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজ শুরুর আগে মুশফিকুর থেকে শুরু করে পেসার রুবেল হোসেন পর্যন্ত বলছেন, চ্যালেঞ্জের নাম ড্যানিয়েল ভেট্টোরি।বাংলাদেশের বিপক্ষে ভেট্টোরির ব্যাটে-বলে যে পারফরম্যান্স, তাতে খেলোয়াড়েরা এমন ভেট্টোরি-মন্ত্র জপতে শুরু করায় দোষ দেওয়া চলে না। সবার বলা কথাটা একটু ব্যাখ্যা করে বললেন রকিবুল হাসান, ‘এমনিতেই তো ভেট্টোরি বিশ্বসেরা বোলারদের একজন। তারপর কন্ডিশনের কারণে আমাদের এখানে ও আরও বিপজ্জনক হয়ে ওঠে। এর সঙ্গে আবার কীভাবে যেন, ব্যাটেও আমাদের বিপক্ষে ভালো করে। তাই আমাদের ব্যাটসম্যান বলুন আর বোলার, সবার মনে এখন ওর নাম।’তামিম ইকবালের এই সিরিজ খেলা হচ্ছে না। কিন্তু ভেট্টোরিকে খুব ভালো করেই চেনেন। তাই সতীর্থদের সতর্ক করে দিলেন, ‘গত কয়েক বছরে নিউজিল্যান্ড যত ম্যাচ জিতেছে, দেখবেন, তার একটা বড় অংশ জিতেছে ভেট্টোরির কারণে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে গেলে ভেট্টোরিকে নিয়ে বাড়তি একটা সতর্কতা তো দরকারই।’অবশ্য এসব কথাবার্তার মানে এই নয় যে, পুরো নিউজিল্যান্ড দলটাকেই ভেট্টোরিতে আটকে ফেলেছে বাংলাদেশ। সেই মুশফিকুর রহিমই বললেন, ‘ভেট্টোরি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু ওদের বোলিংয়ে আরেকটা বড় চ্যালেঞ্জের নাম টাফি। আর ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে রাইডার-ম্যাককালামরা তো আছেই; আসল বিপদ টেলরকে নিয়ে।’ভেট্টোরি ছাড়া নিউজিল্যান্ড দলের কোন খেলোয়াড় হুমকি হতে পারে, এ প্রশ্নে অবশ্য ভিন্নমত আছে। যেমন পেসার রুবেল হোসেনের মনে হয়, বড় হুমকি হয়ে উঠতে পারেন ব্রেন্ডন ম্যাককালাম, ‘ভেট্টোরি তো আছেই। তবে ও কিছু করার আগেই ম্যাচের চেহারা বদলে দেওয়ার ক্ষমতা আছে ম্যাককালামের।’আবদুর রাজ্জাক অবশ্য নিউজিল্যান্ড দলের কাউকেই আলাদাভাবে এগিয়ে রাখতে চান না, ‘এই দলটা একটা টোটাল টিম। এদের ব্যাটিংয়ে দেখবেন, লম্বা লাইনআপে কেউ না কেউ রুখে দাঁড়াচ্ছে। আবার বোলিংয়েও অনেক বিকল্প ওদের হাতে।’নিউজিল্যান্ডের এই ‘টোটাল টিম’ ব্যাপারটা এক বাক্যে ভালো বললেন সাকিব আল হাসান, ‘ওদের আলাদা কোনো স্টার নেই। সবাই স্টার।’ মাশরাফি ব্যাখ্যা করলেন, ‘এই দলটায় কোনো শচীন টেন্ডুলকার বা রিকি পন্টিং নেই। তার পরও দেখবেন সারা বছর এরা ধারাবাহিক পারফরম্যান্স করছে। কারণ ওদের সবার একটা গড়পড়তা ধারাবাহিকতা আছে।’কেন এই ধারাবাহিকতা? শাহরিয়ার নাফীসের মনে হয়, শৃঙ্খলাই নিউজিল্যান্ড দলটার মূল অস্ত্র, ‘ওদের ধারাবাহিকতার পেছনে কারও একক অবদান খুব বেশি না। ওরা আসলে খুবই সুশৃঙ্খল এবং পেশাদার। যার যার জায়গা থেকে প্রত্যেকে কিছু না-কিছু অবদান রাখার চেষ্টা করে। এই শৃঙ্খলা ও পেশাদারির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ভেট্টোরি। এমনিতে সে বোলার। কিন্তু দরকার হলেই ব্যাট হাতে দলের জন্য রান করে।’আবার সেই ভেট্টোরি! না, সবাই ভেট্টোরিতে কাতর নন। অন্তত ইমরুল কায়েস কারও নামেই কাতর হতে রাজি নন, ‘যুদ্ধের ময়দানে নেমে প্রতিপক্ষের শক্তির কথা ভেবে দুশ্চিন্তা করে লাভ নেই। প্রতিপক্ষের হাতে একে-৪৭, কামান অনেক কিছু থাকতে পারে। আমাদের হাতে লাঠি থাকলে তাই দিয়ে লড়তে হবে।’লাখ কথার এক কথা!