...অনেকগুলো তো ফিরিয়েও দিতে পেরেছি
১৩ বছর ধরে টেস্টে নিউজিল্যান্ডের পেস আক্রমণ সামলেছেন। হয়তো খেলে যেতে পারতেন আরও কিছুদিন। কিন্তু ক্রিকেটকে হঠাৎ করেই পরশু বিদায় বলে ফেললেন ক্রিস মার্টিন। ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বললেন তাঁর ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনাসহ আরও অনেক কিছু নিয়েই ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষে কেন অবসরের সিদ্ধান্ত নিলেন?মার্টিন: ছয় বা ১২ মাস ধরেই আমার মনে হচ্ছিল, আগের সেই আকাঙ্ক্ষা বা নেশাটা আর নেই, বিদায় বলার সময় এটাই। একটা টেস্ট ম্যাচ খেলেই আমি বিদায় বলতে চেয়েছিলাম, সে জন্যই খেলে যাচ্ছিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই মুহূর্তে নিউজিল্যান্ড দলে ৩৮ বছর বয়সী একজন ক্রিকেটারের খুব একটা প্রয়োজন নেই। আপনি কি মনে করেন, সাউদি, বোল্ট বা ব্রেসওয়েলের মতো বোলারদের হাতে আপনি পেস আক্রমণটাকে অন্য যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থায় রেখে যাচ্ছেন?মার্টিন: হ্যাঁ, ভালো কিছু বোলার আসছে। অনেক দিন ধরেই এদের দেখছি। দলে এখন টেকসই ভালো একটা পেস আক্রমণ আছে। নিউজিল্যান্ডে দরজাটা অনেক দিন ধরেই উন্মুক্ত ছিল। আমি নিশ্চিত, আমিই সবচেয়ে বেশি সময় এখানে ছিলাম। তবে আমি চাইব, এই দলটা ছয় থেকে আট বছর একসঙ্গে খেলুক। এতে অধিনায়কের জন্য কাজটা অনেক সহজ হবে। রিচার্ড হ্যাডলি আর ড্যানিয়েল ভেট্টোরিই শুধু টেস্টে আপনার চেয়ে বেশি উইকেট নিয়েছেন। এ নিয়ে নিশ্চয়ই গর্বিত আপনি?মার্টিন: আমি সন্তুষ্ট। আমি কখনোই সবচেয়ে ভালো বা সহজাত প্রতিভাবান ছিলাম না। কিন্তু যেটুকু দরকার, সেটুকু আমার ছিল। আর পরিশ্রম ও দৃঢ়প্রতিজ্ঞা দিয়েই অনেক দিন থাকতে পেরেছি। প্রমাণ করেছি, টেস্ট ক্রিকেটে আমি আসলেই ভালো এবং উপভোগও করেছি। ক্যারিয়ারের উল্লেখযোগ্য কোনো মুহূর্ত মনে পড়ছে?মার্টিন: ইডেন পার্কে দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটা টেস্টে আমি খুব ভালোভাবে ফিরে এসেছিলাম। সেই ম্যাচে ১১টি উইকেট পেয়েছিলাম। টেস্টটা জিতেছিলাম। নিউজিল্যান্ডের জন্য এমনটা খুব কম ঘটে। শুধু নিজের জন্যই নয়, যদি দলের জয়ে অবদান রাখা যায়, তাহলে স্মৃতিটা মাথায় গেঁথে যায়। এর দুই বছর আগে ভারতের বিপক্ষে ওদের মাটিতেই (আহমেদাবাদ) পাঁচ উইকেট পেয়েছিলাম। সেটাও আমি সানন্দে স্মরণ করি। কারণ, ফাস্ট বোলার হিসেবে সেখানে ভালো করার আশা সাধারণত আপনি করবেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আপনার রেকর্ড আসলেই দারুণ, বিশেষ করে গ্রায়েম স্মিথের বিপক্ষে। ওদের বিপক্ষে বোলিং কেন উপভোগ করতেন?মার্টিন: ওদের ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বল ভেতরে ঢোকানোর চেষ্টা করতাম আমি। অপেক্ষা করতাম কখন খোঁচা মারবে। আর বাঁহাতিদের বিপক্ষে আমি বাইরের দিকে সুইং করানোর চেষ্টা করতাম। স্মিথ যেভাবে ব্যাট করত, তাতে আমাকে সামলাতে ওকে বেগ পেতে হতো। মানসিকভাবে ওদের বিপক্ষে আপনাকে সেরাটা ঢেলে দিতে হবে। কারণ, ওরা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বী। বেশির ভাগ সময় ওরা আমাদের টেক্কা দিত, কিন্তু ব্যক্তিগতভাবে আমি ওদের সঙ্গে ভালোই করেছি। ২০১১-১২ সালে অস্ট্রেলিয়ার ফিল হিউজ চার ইনিংসে চারবার আপনার বলে আউট হয়েছিলেন। আপনি কি মনে করেন, তাঁর বিপক্ষে করা প্রতিটা বলই আপনার জন্য সুযোগ ছিল?মার্টিন: হ্যাঁ, কিছু ব্যাপার তো আছেই, যার জন্য সে আমার মুখোমুখি হতে চাইত না। আমার মনে হয়, ফিলের পা ঠিকমতো নড়ত না, এ কারণে কঠিন একটা সিরিজ গেছে তার। অস্ট্রেলিয়ার সঙ্গে সেই সিরিজের পর আমি আরও দুই বছর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। হোবার্টের ওই জয়ের পর মনে হয়েছিল, অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে এই স্বাদটা আপনি আবার পেতে চাইবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট জয় অনেক কম। সেদিক দিয়ে হোবার্টের জয়টা নিশ্চয়ই আপনার জন্য ছিল বিশেষ কিছু?মার্টিন: আমরা কোনো অমর অস্ট্রেলিয়া নয়, বরং মরণশীল দলের বিপক্ষে খেলছিলাম। ক্যারিয়ারে যেটা আমি অনেক দিন মনে রাখব। আপনি সেরাদের সঙ্গে নিজেদের পরখ করতে সব সময় চাইবেন। আগের অস্ট্রেলিয়া দলটা ছিল আসলেই স্পেশাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন সময় গেছে আমাদের। কিন্তু আশা করি, এখন থেকে আমরা ভালোই লড়ব। কোন ব্যাটসম্যানের বিপক্ষে বল করাটা সবচেয়ে উপভোগ করতেন? মার্টিন: যারা খুব দ্রুত লেংথ বুঝে ফেলে। অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং ছিল এমন দুজন, যাদের বিপক্ষে নিজেকে খুব সাধারণ মনে হবে আপনাকে। অনেকেই এমন ব্যাটসম্যানের নাম বলবে, যারা একটু ঝুঁকি নিয়ে খেলাটা শেষ করে দেবে। অনেকেই এটা অন্যভাবে করে। জ্যাক ক্যালিস যেমন আপনাকে হতাশ করেই যাবে। দেখবেন ছয়-সাত সেশন পরও ওকে বল করে যেতে হবে! ফর্মের তুঙ্গে থাকা সেরারা আপনাকে ঘোল খাইয়ে দেবে, আমাকে যেমন দিয়েছিল রিকি ও অ্যাডাম। তারা দুজনই ভয়ংকর ছিল। ম্যাথু হেইডেনও। তাকে বল করাটাও দারুণ ছিল। আপনার ব্যাটিং তো অনেক দিন ধরেই আলোচিত। কিন্তু এটার জন্য কি বিব্রতবোধ করেননি কখনো?মার্টিন: অবশ্যই। যেটা আপনি পারেন না, সেটা নিয়ে আপনি লজ্জাবোধ করতেই পারেন। আমি আসলে চেষ্টা করতাম ব্যাপারটাকে একটু কম ভয়াবহ দেখাতে! আমার রসবোধ ভালো না থাকলে এটা নিয়ে কথাই বলতাম না। আমি তো জানি, কাজটা একদম পারি না। আপনার ব্যাটিং পরিসংখ্যান, শূন্যসংখ্যা বা গড় নিয়ে আপনি কতটুকু ভাবেন?মার্টিন: একসময় ব্যাটিং গড় ছিল ৪-এর মতো, ওটা পুরোপুরি হাস্যকর ছিল না। আমি এটা নিয়ে আসলে খুব একটা ভাবিনি। ক্যারিয়ারে ‘ডাকের’ সংখ্যা খুব একটা ভালো দেখায় না। কিন্তু আমি আত্মপক্ষ সমর্থনে বলতে পারি, অনেকগুলো তো ফিরিয়েও দিতে পেরেছি! সামনে কোচিং করাবেন, নাকি ক্রিকেট থেকে দূরে সরে যাবেন?মার্টিন: আপাতত ক্রিকেট থেকে দূরে থাকছি। যদি মনে হয়, নিজের মতো কিছু করতে পারব, তাহলেই ফিরব। কিন্তু কেউ যদি আমাকে চায়, তাহলে সহজেই পাবে। পরিবারের সঙ্গে নিশ্চয়ই অনেক সময় কাটাবেন?মার্টিন: হ্যাঁ, আমার স্ত্রী আছে। ছোট দুটি মেয়ে আছে। একজন এক বছর, আরেকজন সাড়ে তিন। তারা ক্রিকেটার হিসেবে আমাকে খুব একটা জানে না, কিন্তু বাবা হিসেবে এখন থেকে তারা আমাকে ভালো জানতে পারবে।