...অবশেষে বিয়ে
ব্যাপারটার সঙ্গে ‘ক্রিকেট’ আর ‘পাকিস্তান’ শব্দ দুটো জড়িয়ে আছে বলেই যা একটু অনিশ্চয়তার গন্ধ পাওয়া যাচ্ছে। তা না হলে এখন নিশ্চিত করে বলে ফেলা যায়—অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল।বসবাসটা ভারত, পাকিস্তান নাকি দুবাইয়ে হবে, সেটা নিশ্চিত নয়। তবে শোয়েব মালিক আর সানিয়া মির্জার ‘সুখের সংসার’ শুরু হয়ে গেছে। গতকাল বেলা একটায় হায়দরাবাদের হোটেল তাজ কৃষ্ণাতে ঘরোয়া এক অনুষ্ঠানে সম্পন্ন হলো শোয়েব-সানিয়ার বহুল আলোচিত বিয়ে। সেই সঙ্গে আপাতত ইতি হলো কয়েক মাস ধরে চলা এক বিতর্কের।জানুয়ারি মাসে সানিয়া মির্জার পরিবার থেকে জানানো হয়েছিল, সোহরাব মির্জার সঙ্গে ভারতীয় এই টেনিস তারকার বাগদান ভেঙে গেছে। এর পর মার্চ মাসে জানানো হয়, সানিয়ার বিয়ে হতে যাচ্ছে সাবেক পাকিস্তানি অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয় বিতর্ক। আবার নিজেকে আলোচনায় নিয়ে আসেন শোয়েব মালিকের কথিত স্ত্রী আয়েশা সিদ্দিক। আয়েশার দাবি, ২০০২ সালে তাঁদের বিয়ে হয়েছিল। আর মালিক অনেক আগে থেকেই বলে আসছিলেন, ওই বিয়েটা বিয়েই নয়, কারণ আয়েশা প্রতারণা করেছিলেন তাঁর সঙ্গে।এ রকম পরিস্থিতিতে শোয়েব মালিক এসে হাজির হন হায়দরাবাদে সানিয়ার বাড়িতে। শুরু হয় পুলিশি ঝামেলা, মালিকের পাসপোর্ট জব্দ করার মতো ঘটনাও ঘটে। পরিস্থিতি চরমে উঠতে যাচ্ছে, এমন সময়ে পুরো ব্যাপার সমাধানে এগিয়ে আসেন হায়দরাবাদের মুসলিম নেতারা। তাঁদের মধ্যস্থতায় মালিক তালাক দেন আয়েশাকে। এদিকে-ওদিকে কিছু বিতর্কের ছিটেফোঁটা থাকলেও এই ডিভোর্স সানিয়া-মালিকের বিয়েকে একরকম নিষ্কণ্টক করে ফেলে। সেই নিষ্কণ্টক বিয়ের সাক্ষী হতে কাল হায়দরাবাদে হাজির হয়ে গেল ‘বরযাত্রী’। বরযাত্রী মানে মালিকের পক্ষে বিয়েতে উপস্থিত হলেন তাঁর মা সুলতানা ফারুক, ভাই আদিল মালিক, দুই বোন শাজিয়া ইমরান ও সাদাফ মালিক, ভাতিজা মামুন ইমরান এবং ভাগনি জয়নাব ইমরান। আর সানিয়ার পরিবার তো ছিলই। এর বাইরে ছিলেন একেবারে দুই পরিবারের নির্বাচিত কিছু ঘনিষ্ঠ লোকজন।এই ঘরোয়া পরিবেশে হোটেল তাজ কৃষ্ণাতে লাল একটা ২৫ বছর পুরোনো শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন সানিয়া। ‘পুরোনো’ হলেও শাড়িটার বিশেষ মূল্য আছে। ২৫ বছর আগে এই শাড়ি পরেই বিয়ে হয়েছিল সানিয়ার মায়ের।শোয়েবের নীলচে শেরওয়ানিতে অবশ্য এমন কোনো ঐতিহ্যের ছোঁয়া ছিল না। সেটি বিয়ের আনুষ্ঠানিক পোশাকের বেশি কিছু নয়। বিয়ের বিস্তারিত বিবরণ পাওয়া না গেলেও সানিয়ার মুখপাত্র জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিয়ের অনুষ্ঠান। সানিয়ার মুখপাত্র রুচা নায়েক বলেছেন, ‘এইমাত্র বিয়ে শেষ হয়েছে। আপনারা এই দম্পতির জন্য প্রার্থনা করবেন।’তা তো করতেই হবে। নতুবা কে জানে, আবার কোন বিতর্ক শুরু হয়ে যায়! এএফপি, ওয়েবসাইট।