...আকাশ ছোঁয়াও সম্ভব!
ম্যানচেস্টারে বৃষ্টি দেখে এসেছেন, ঢাকায় এসেও দেখলেন তাই। কাল ভোরে ঢাকা পৌঁছানোর পর দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নতুন কোচ স্টুয়ার্ট ল-র বৃষ্টিসিক্ত পরিচয় পর্বই হলো ক্রিকেটারদের সঙ্গে। একই ফ্লাইটে তাঁর সঙ্গে এসেছেন জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ জেসন সুইফটও।আপাতত দুই বছরের জন্য দায়িত্ব নেওয়া ল-র প্রথম মিশন জিম্বাবুয়ে সফর। ২৭ জুলাই দলের সঙ্গে জিম্বাবুয়ে রওনা হওয়ার আগে মাত্রই কয়েকটা দিন হাতে পাচ্ছেন দলটাকে বুঝতে। তবে কাল বিকেলে হওয়া সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের নতুন অস্ট্রেলিয়ান কোচ আশার আলো দেখালেন, সামর্থ্যের সদ্ব্যবহার করতে পারলে দলটার পক্ষে আকাশ ছোঁয়াও সম্ভব। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার কারণস্টুয়ার্ট ল: বেশ কয়েকটা ব্যাপার আছে...আমার চুক্তি বাড়ানোর মতো অবস্থায় ছিল না শ্রীলঙ্কা। তাদের দিক থেকে আমার জন্য আর কোনো কাজও ছিল না। বাংলাদেশ আমার ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আমি এখানে কাজ করব কি না জানতে চায়। আর আমিও ক্রিকেট এবং জাতীয় দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগের কথা জানতাম। দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড়ও আছে। সবকিছু ভেবে দেখলাম, কোচ হিসেবে যেহেতু আমি এখনো তরুণ, এটা আমার জন্য দারুণ এক সুযোগ। বিশ্বের অন্যতম প্রতিভাবান কয়েকজন খেলোয়াড়ের কাছে আমিও কিছু শিখতে পারব। আর তাদের খেলায় উন্নতি আনতে আমি সুযোগ পাব গত ৩১ বছরে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে পাওয়া শিক্ষাটা কাজে লাগানোর। বাংলাদেশের ক্রিকেট এবং এ দেশের মানুষ সম্পর্কে ধারণাল: ক্রিকেট দল সম্পর্কে অল্প কিছু জানি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং এখানেও তাদের খেলা দেখেছি। এ দেশের সম্ভবত ৯০ শতাংশ লোকই ক্রিকেট ভালোবাসে। এখনই এখানকার সংস্কৃতি সম্পর্কে বলতে পারব না। তবে আমি সেটাও জানতে চাই, উপভোগ করতে চাই। তরুণ দলের দায়িত্ব নেওয়া কতটা চ্যালেঞ্জিংল: এটা সব সময়ই চ্যালেঞ্জ। প্রথম কয়েক সপ্তাহ তো নাম আর মুখ চিনতেই চলে যাবে। তাতে অভ্যস্ত হয়ে যাওয়ার পর দলটা নিজেদের যেভাবে দেখতে চায় সেভাবে গড়ে তুলতে হবে। নিজেদের কাছে যে প্রত্যাশা, সেভাবেই তাদের এগিয়ে নেওয়া। ওরা যদি মনে করে তাদের পক্ষে বিশ্বের পঞ্চম সেরা দল হওয়া সম্ভব, সেখানে যাওয়াই হবে প্রথম লক্ষ্য। সবাই যদি সেরা পারফর্ম করতে পারে, এই দলটার পক্ষে আকাশ ছোঁয়াও সম্ভব। বাংলাদেশ দল নিয়ে লক্ষ্যল: কোনো অনুমানে যেতে চাই না। আগে খেলোয়াড়দের সম্পর্কে জানতে হবে, তাদের বিভিন্ন জায়গায় এগিয়ে নিতে হবে। তাদের সামর্থ্যটা ধরতে পারলেই বোঝা যাবে এই দলের পক্ষে কতদূর যাওয়া সম্ভব। আমরা এখানে ছুটি কাটাতে আসিনি, এসেছি কঠোর পরিশ্রম করতে। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের ভালো একটা টেস্ট খেলুড়ে জাতি হিসেবে গড়ে তুলতে চাই। তবে বসে বসে শুধু কী করতে হবে না বলে আমি খেলোয়াড়দের পর্যবেক্ষণই বেশি করব। আমার ৯ বছরের একটা ছেলে আছে। আমি যা করতে বলি সেটা করা তার কখনোই পছন্দ নয়। আসলে নিজের জীবন থেকেই শিখেছি, একজন খেলোয়াড় যত বেশি নিজে কিছু করতে চাইবে, ততই দলের মঙ্গল। আমি কী চাই, সেটা ব্যাপার নয়, তারা কী চায়, সেটাই আসল কথা। পারফরম্যান্সের ধারাবাহিকতা প্রসঙ্গেল: আমরা সবাই-ই ধারাবাহিকতা চাই। ধারাবাহিক না হওয়ার মূল কারণ দলে নিজের ভূমিকা সম্পর্কে নিশ্চিত হতে না পারা। নির্বাচক, অধিনায়ক এবং বোর্ডের সঙ্গে যদি আমার খুব ভালো একটা কাজের সম্পর্ক তৈরি হয় খেলার মধ্যে সেটার প্রভাব পড়বেই। ওপরের দিকের লোকজনের পারস্পরিক সম্পর্ক যত বেশি স্থিতিশীল হয়, যত বেশি তারা ভালো পরিবেশ দিতে পারে, খেলোয়াড়েরাও ততই ভালো ক্রিকেট খেলে—সাধারণত এ রকমই তো দেখা যায়। দলীয় নাকি ব্যক্তিগত উন্নয়ন?ল: পুরোনো প্রবাদ, তবে খুবই সত্যি কথা—চ্যাম্পিয়ন খেলোয়াড়দের নিয়ে গড়া দল সব সময় চ্যাম্পিয়ন হয় না। আমি এমন দলেও ছিলাম যেখানে হয়তো আমরা অন্য আরেকটা দলের মতো অত প্রতিভাবান ছিলাম না। তবে একে অন্যকে সাহায্য করতাম এবং যতটা সম্ভব ভালো খেলতাম। এটা করে যারা অত বেশি প্রতিভাবান নয়, তাদের খেলায় উন্নতি আনতে পেরেছি আমরা। আমার দর্শন সেটাই—একটা দল হিসেবে খেলতে হবে। এটা একটা দলীয় খেলা। জানি, দলে আলাদা আলাদাভাবে অনেক ভালো খেলোয়াড় থাকে। সবাই যদি একই লক্ষ্য নিয়ে এগোয়, কাজটা সহজ হয়ে যায়। দুই বছর সময় যথেষ্ট কি নাল: হয়তো না। তবে ম্যানেজমেন্ট স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে যদি আমরা মতৈক্যে পৌঁছাতে পারি, আমাদের পরামর্শ অনুযায়ী যদি তারা কাজ করতে পারে, উন্নতি করতে সময় লাগবে না। বিশ্বের সেরা দল হওয়ার জন্য দুই বছর সময় যথেষ্ট নয়। তবে কিছু কিছু জিনিস ঠিক করার জন্য দুই বছর সময় যথেষ্ট। বাংলাদেশ দল সম্পর্কে মূল্যায়নল: খুব বেশি দিন হয়নি দলটার অধিনায়ক বিশ্বের সেরা অলরাউন্ডার ছিল। টপ-অর্ডারে তামিম ইকবাল বিধ্বংসী ব্যাটসম্যান। বাংলাদেশ দলকে অনেকবারই ভালো ক্রিকেট খেলতে দেখেছি। প্রতিভাবান দল। তবে ক্রিকেটের বাইরে কিছু জায়গায় সম্ভবত উন্নতি করার আছে। এখনো কাছ থেকে দেখা হয়নি বলে নির্দিষ্ট করে বলতে পারব না সেগুলো কী। হয়তো আরও বেশি পেশাদার হতে হবে...হয়তো ব্যাপারটা সহজাত প্রতিভার নয়, মানসিক শক্তি বা আত্মবিশ্বাস সংক্রান্ত। আমরা ছোট দল, এটা একটা সুবিধা। প্রতিটা ম্যাচেই আমরা আন্ডারডগ হিসেবে যাই এবং আমাদের হারানোর কিছু থাকে না। অধিনায়কের সঙ্গে কোচের ক্ষমতার তুলনাল: মাঠে ঢোকার পর অধিনায়কের কাজ অনেক কঠিন হয়ে যায়। তার দায়িত্বেই থাকে সবকিছু। আমরা শুধু বাইরে বসে থাকি, দেখি এবং সময়ে সময়ে পরামর্শ দিই। দল গঠন করে নির্বাচকেরা। প্রয়োজন মনে করলে হয়তো চূড়ান্ত একাদশেও তাদের ভালো ভূমিকা থাকে। তবে দল নির্বাচনে অধিনায়কের বড় ভূমিকা থাকতে হবে। এ ব্যাপারে যদি আমিও কিছু বলার সুযোগ পাই তো ভালো। তবে শেষ পর্যন্ত নির্বাচকেরাই দল নির্বাচন করবে। আমাদের কাজ মূলত কিছু অর্জনের জন্য সেরা পরামর্শটা দেওয়া। পরাজয়ের পর বাস্তবতা মেনে নেওয়ার মানসিকতাল: খেলোয়াড়ি জীবনে অনেক হার দেখেছি। নিউ সাউথ ওয়েলস তো আমাদের (কুইন্সল্যান্ড) হাসতে হাসতে হারাত। একটার পর একটা পরাজয়ের মধ্য দিয়েই গেছি আমি। কাজেই মানসিকভাবে যদি বলেন, হ্যাঁ, আমি প্রস্তুত। তবে সব সময়ই হারার চিন্তা করার পক্ষে আমি নই। আগামী কয়েক বছরে এই সন্দেহটাই দূর করার চেষ্টা করব।