কার্ডিফের শেষ বিকেলটা যেন এসে মিশেছিল লর্ডসের প্রথম সকালে। ব্যাটিং উইকেটেও বোলারদের সেই দাপট। তবে কার্ডিফের শিকারি এবার শিকার। খেলা শুরুর আধঘণ্টার মধ্যে ৩ উইকেট নেই ইংল্যান্ডের। তবে লঙ্কানদের মতো হুড়মুড় করে ভেঙে পড়েনি ইংলিশরা। প্রথমে তুলেছে বাধার দেয়াল। এরপর লড়াই করেছে সমানতালে। দিন শেষ করেছে পাল্টা আক্রমণ করে। শুরুর ওই ঝড়ের পরও তাই লর্ডসের প্রথম দিনটা ইংল্যান্ডের।উইকেটে ঘাসের ছোঁয়া আছে, তবে পক্ষপাতিত্ব ব্যাটসম্যানদের দিকেই। রৌদ্রোজ্জ্বল লর্ডসে টস জিতে তবু বোলিং নিলেন তিলকরত্নে দিলশান। কার্ডিফের ওই অভিশপ্ত বিকেলটার কথা নিশ্চয়ই মাথায় ছিল লঙ্কান অধিনায়কের। তবে এই ‘নিরাপদ সিদ্ধান্ত’কেই ‘দারুণ’ সিদ্ধান্ত বানিয়ে দিলেন দিলশানের বোলাররা। কার্ডিফে ইংল্যান্ডের ৩ উইকেট নিতে ৯৬.৩ ওভার লেগেছিল লঙ্কানদের, কাল লাগল ৭.৫ ওভার!অজন্তা মেন্ডিসের বদলে দলে ঢোকা ভেলেগেদেরার শিকার অ্যান্ড্রু স্ট্রাউস, সুরাঙ্গা লাকমলের শিকার ‘রানমেশিন’জোনাথন ট্রট। দুজনই ভেতরে ঢোকা বল আড়াআড়ি খেলে এলবিডব্লু। কেভিন পিটারসেন হয়তো পণ করেছিলেন বাঁহাতি স্পিনে আউট হবেন না, তাই বাঁহাতি স্পিন আসার আগেই আউট! আগের টেস্টের মতোই আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে। অনেক বাইরের বল অনেক কষ্টে ব্যাট লাগিয়ে তুলে দিলেন গালিতে দিলশানের হাতে।এর পরই ইয়ান বেলকে নিয়ে অ্যালিস্টার কুকের প্রতিরোধ। ফর্মের চূড়ায় থাকা দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি-জুটি বিপর্যয় থেকে উদ্ধার করল ইংল্যান্ডকে। ফিফটির পরপর বেল ফিরে গেলে এউইন মরগান দাঁড়িয়ে যান কুকের সঙ্গে। ৪ রানের জন্য টানা তৃতীয় সেঞ্চুরি থেকে বঞ্চিত কুক, ফার্নান্ডোর শর্ট বলে পুল করতে গিয়ে উইকেট ছুড়ে এসেছেন। তবে লাগামটা আর নিতে পারেনি শ্রীলঙ্কা। উল্টো তিনের আশপাশে থাকা রানরেট চারের কাছাকাছি নিয়ে গেছেন মরগান ও প্রিয়র। ষষ্ঠ উইকেটে দুজনের ১০১ রানের জুটিটি এসেছে ১১৯ বলে! ইংল্যান্ডের ৬ নম্বর জায়গাটা পাকা করার পথে আরেকটু এগিয়েছেন মরগান। যদিও প্রত্যাশিত সেঞ্চুরিটা পাননি। দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই তাঁকে ফিরিয়েছেন লাকমল। দিনটা ইংল্যান্ডের, নিশ্চিত করতেই যেন স্ট্রোকের ফুলঝুরি সাজিয়ে দিন শেষ করেছেন প্রিয়র। স্টার ক্রিকেট।অন্য স্বাদলর্ডসে এই প্রথম ব্যর্থ হলেন জোনাথন ট্রট। ক্রিকেট-তীর্থে তাঁর আগের তিনটি ইনিংস ছিল ২২৬, ৩৬* ও ১৮৪!