...লং লিভ দ্য কিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজা-প্রজার সম্পর্ক বহু যুগ আগেই শেষ। তার পরও এর একটা রেশ থাকবে না! ‘দ্য কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং’ প্রবাদটার জন্ম তো আর এমনিতেই নয়। যেটিকে সত্যি প্রমাণ করার দায়িত্বটা দারুণভাবে পালন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।গত পরশু দুপুরে মিরপুরের প্রেসবক্সে ঢুকে অবাক—ইংল্যান্ড থেকে সাংবাদিকদের যে বিশাল বহর এসেছে, ওরা সব গেল কই? কৌতূহলের জবাব মিলল কিছুক্ষণের মধ্যেই, যখন জানলাম ইংরেজ সাংবাদিকদের জন্য আলাদা প্রেসবক্সের ব্যবস্থা করা হয়েছে। কেন, কী কারণে?সুনির্দিষ্ট কোনো উত্তর পেলাম না। উত্তর যে নেই! টেস্ট খেলুড়ে সব দেশেই ক্রিকেট কাভার করেছি। এর বাইরেও সিঙ্গাপুর-মালয়েশিয়া-কেনিয়া বিচিত্র সব জায়গায়। ড্রেসিংরুমের মতো প্রেসবক্সেও ‘হোম টিম’ আর ‘ভিজিটর’ এমন বিভাজন দেখিনি কোথাও। বাংলাদেশেও তো গত দশ বছরে কত দল এল-গেল, অতিথি সাংবাদিকেরা স্থানীয়দের সঙ্গে এক প্রেসবক্সেই বসেছেন। হঠাত্ ইংল্যান্ডের সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হলো কেন?উত্তর বোধ হয় একটাই—আমাদের শরীরে বয়ে চলা পরাধীনতার রক্তের উত্তরাধিকার। সুযোগ পেলেই যে আমরা ইংলিশদের ঔপনিবেশবাদী মনোভাবের গোষ্ঠী উদ্ধার করি, সেই আমরাই আবার সুযোগ পেলেই বুঝিয়ে দিই যে ওরা রাজার জাত, আমরা নেটিভ। প্রেসবক্স আলাদা করার ‘সামান্য’ ব্যাপার নিয়ে এত কঠিন কঠিন কথা বলে ফেলাটাকে বাড়াবাড়ি প্রতিক্রিয়া ভাববেন না। আলাদা প্রেসবক্সটা ‘প্রতীকী’। বিসিবির ইংলিশ মিডিয়া তোষণনীতির প্রমাণ আরও আছে। কালই তো বাংলাদেশের সাংবাদিকদের ড্রেসিংরুমের পেছনের যে করিডোর দিয়ে সংবাদ সম্মেলনে যেতে বাধা দেওয়া হলো, একটু পরেই সেখান দিয়ে দিব্যি প্রবেশাধিকার পেয়ে গেল ইংলিশ সাংবাদিককুল।ইংল্যান্ডের সাংবাদিকদের জন্য আলাদা প্রেসবক্স নিয়ে সবচেয়ে ভালো বললেন অন্য এক দায়িত্ব পালন করতে করতে প্রেসবক্সেরই অংশ হয়ে যাওয়া ভদ্রলোক। ‘আইসিসি এই যে মাঠে বর্ণবাদী আচরণ-মন্তব্যের ব্যাপারে এত কঠোর, এটাও কি এক ধরনের বর্ণবাদী আচরণ নয়?’প্রশ্নটা উড়িয়ে দেবেন কীভাবে!এটুকু পড়ে যদি কেউ মনে করেন, ইংল্যান্ডের সাংবাদিকদের ব্যাপারে আমার কোনো বিরাগ আছে, তা হলে ভুল করবেন। যা হয়েছে, এটার দায় তো আর তাঁদের নয়। ইংলিশ সাংবাদিকদের বেশির ভাগই খুব সজ্জন। ব্যক্তিগত বন্ধুত্বও আছে কয়েকজনের সঙ্গে। লেখাও পছন্দ করি অনেকের। তারকারও অভাব নেই ওই দলে। টিভি কমেন্ট্রির মতো ইংল্যান্ডের পত্রপত্রিকাতেও সাবেক টেস্ট ক্রিকেটারদের খুব কদর। ২০০৮ সালে দ্য টাইমস থেকে ক্রিস্টোফার মার্টিন-জেনকিনস অবসর নিলেন। তাঁর জায়গায় মাইক আথারটন যোগ দেওয়ার পর দেখা গেল, ইংল্যান্ডের প্রধান তিনটি জাতীয় দৈনিকের প্রধান ক্রিকেট প্রতিনিধিই সাবেক টেস্ট ক্রিকেটার। টাইমস-এ মাইক আথারটন, টেলিগ্রাফ-এ ডেরেক প্রিঙ্গল, ইন্ডিপেন্ডেন্ট-এ অ্যাঙ্গাস ফ্রেজার। ফ্রেজার আপাতত সাংবাদিকতার বাইরে। প্রথম দুজন ইংল্যান্ডের ট্যুর কাভার করতে এখন বাংলাদেশে।শুধু সাবেক টেস্ট ক্রিকেটার বলেই তো আর চাকরি পাননি। ক্রিকেট লেখক হিসেবেও প্রমাণ করতে হয়েছে যোগ্যতা। সাবেক ইংল্যান্ড-অধিনায়ক আথারটন এমনভাবেই তা করেছেন যে তাঁর লেখা পড়ার জন্য অনেকেই এখন উন্মুখ হয়ে থাকেন। এই অধমও তার মধ্যে একজন। আথারটনের আত্মজীবনীটা পড়ার পর থেকেই আমি তাঁর লেখার ভক্ত। ঠুকঠুক ব্যাটিংয়ের আথারটন, সংবাদ সম্মেলনের নীরস আথারটন মিলে লোকটা সম্পর্কে যে ধারণা ছিল, সেটিই আমূল বদলে দিয়েছে ‘ওপেনিং আপ’ নামের ওই আত্মজীবনী। ক্রিকেটারদের আত্মজীবনী লেখার যে প্রচলিত পদ্ধতি, সেই ‘ঘোস্ট’-এর সাহায্য লাগেনি। মোটা ওই বইটা নিজেই লিখেছেন। চমত্কার লেখা, দারুণ রসবোধ—ব্যাটসম্যান আথারটনের পুরো উল্টো ছবি।সেই আথারটন প্রথম ওয়ানডের ম্যাচ রিপোর্টটা কী লিখলেন, খুব আগ্রহভরে তা পড়লাম। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের দৃষ্টিকোণ থেকে লেখা। তবে তামিম ইকবাল অবশ্যই আছেন। বাইরের কোনো ব্যাটসম্যানকে দেখে আমরা যেমন প্রায়ই বাংলাদেশের ব্যাটসম্যানদের শিখতে বলি, আথারটন তামিমকে দেখে শিখতে বলেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের! আথারটনের লেখার কাছাকাছি অনুবাদটা হবে এ রকম: ‘অফুরন্ত আত্মবিশ্বাস ও ঔদ্ধত্যের ছায়াসংবলিত তামিম ইকবাল কীভাবে ওয়ানডে ইনিংস গড়তে হয়, এ ব্যাপারে ইংল্যান্ডের সেঞ্চুরি-বুভুক্ষ ব্যাটসম্যানদের একটা শিক্ষা দিয়েছেন।’আথারটন শেষ করে ইংল্যান্ডের অন্য পত্রিকাগুলোতেও একটু ঢুঁ মারলাম। তামিম আছেন সব খানেই। গার্ডিয়ানে ডেভিড হপস ঘোষণা করে দিয়েছেন, ‘তামিম একদিন বিশ্বের সেরা ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে স্থান পাবেন।’ভালো কথা। কিন্তু তামিমকে ‘নতুন শেবাগ’ বলা হয় জানিয়ে হপস এরপর যা লিখেছেন, সেটি একেবারেই নতুন শুনলাম। ভারতের ঢাকা টেস্টে সেঞ্চুরির পর এই তুলনা শুনে শেবাগ নাকি বলেছেন, ‘ও তো ভারতীয় বোলারদেরই খেলছে। ওদের বিপক্ষে নেটে আমি তো কত তিনশ-চারশ করেছি।’শেবাগ এটা কবে কোথায় বললেন, ডেভিড হপসকে জিজ্ঞেস করব ভাবছি। শেবাগ উনাকে ইংল্যান্ডে ফোন করে জানালে ভিন্ন কথা। নইলে ঢাকায় শেবাগ এমন কিছু বলেছেন বলে শুনিনি। ওই সিরিজ কাভার করেছেন এমন কেউই না।টেলিগ্রাফে ডেরেক প্রিঙ্গল জানিয়েছেন, কিছুদিন আগেও ধারাবাহিক স্কোরের চেয়ে তামিম ইকবালের বেশি খ্যাতি ছিল ঢাকায় বিএমডব্লু দাপিয়ে বেড়ানোয়।তথ্যটা ঠিক, আবার ঠিকও নয়। মাস দুয়েক আগে তামিম একটা বিএমডব্লু গাড়ি কিনেছেন সত্যি। কিন্তু সেটি নিয়ে ঢাকায় ঘুরে বেড়ানোর সুযোগ পেলেন কই? ত্রিদেশীয় সিরিজের পর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতে না হতেই নিউজিল্যান্ড সফর। ফিরেই আবার ইংল্যান্ড সিরিজ। তামিম তো বিএমডব্লুতে ঢাকা দাপিয়ে বেড়ানোর কথা শুনে একটু অবাকই, ‘ওটা তো চট্টগ্রামেই থাকে। আমার মায়ের জন্য কিনেছি।’যাক্, এটা এমন কোনো বড় ভুল নয়। তামিমের বিএমডব্লু গাড়ি আছে, এটা তো অন্তত ঠিক আছে। তবে প্রিঙ্গলের ম্যাচ রিপোর্টে বড় একটা ভুলও আছে। ১০ রানে ‘লাইফ’ পেয়েছিলেন তামিম, প্রিঙ্গল লিখেছেন ৬ রানে। ডেভিড হপস তো আরও এক কাঠি সরেস—তামিম নাকি শূন্য রানেই ক্যাচ দিয়েছিলেন!এসব কেন লিখছি? কারণ আছে। এত সতর্ক থাকার পরও প্রথম আলোর খেলার পাতায় আমরা এমন সব ভুল করি যে পরদিন খুব লজ্জা লাগে। বিখ্যাত পত্রিকার নামীদামি সাংবাদিকদেরও ভুল করতে দেখলে গ্লানিটা একটু কমে আর কি!