মেসি নন, তিনি আর্জেন্টিনার সমর্থক তালিয়াফিকোর কল্যাণে

তালিয়াফিকোর সঙ্গে ঝু জিং ও তাঁর বন্ধুছবি : টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের শতাব্দীর ফুটবলপ্রেমীরা যদি ডিয়েগো ম্যারাডোনার কারণে আর্জেন্টিনাকে সমর্থন করে থাকেন, তবে এই শতাব্দীতে নিশ্চিতভাবেই লিওনেল মেসির কারণে।

প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ এনে দিয়েছেন ম্যারাডোনা। বিশ্বজুড়ে প্রয়াত কিংবদন্তির সমর্থকসংখ্যা অগণিত হয়েছে তখন থেকেই। পৃথিবীর আনাচ–কানাচের সব জায়গাতেই অসংখ্য ভক্ত আছে ম্যারাডোনার, উত্তরসূরি মেসিরও। আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ–খরা এবার কাটতে পারে তাঁর হাত ধরেই। আলবিসেলেস্তারা যে সোনালি ট্রফি ছুঁয়ে দেখা থেকে মাত্র এক ধাপ দূরে।

রোববার ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা তৃতীয়বার বিশ্বকাপ জিতলে মেসি–পূজারীর সংখ্যা আরও বাড়বে, সন্দেহ নেই। তবে ব্যতিক্রমও আছে। যেমন—ঝু জিং। ২৫ বছর বয়সী এই চীনা যুবক মেসির কারণে নন, ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোর খেলায় মজে হয়েছেন আর্জেন্টিনার সমর্থক।
বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখতে এক বন্ধুকে নিয়ে কাতারে গেছেন ঝু। তবে তাঁর আসল উদ্দেশ্য ছিল তালিয়াফিকোর সঙ্গে দেখা করা। পাঁড় ভক্তের সে ইচ্ছা পূরণ করেছেন আর্জেন্টাইন লেফটব্যাক নিজেই!

ফাইনাল সামনে রেখে গত রাতে দোহার কাতার ইউনিভার্সিটি মাঠে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন তালিয়াফিকো। আর্জেন্টিনার জার্সি পরে গেটের এক পাশে বন্ধুকে নিয়ে অপেক্ষা করছিলেন ঝু। ৩০ বছর বয়সী ডিফেন্ডার বের হতেই তাঁকে ডাকতে থাকেন ওই চীনা যুবক। আর্জেন্টাইনদের ভাষা স্প্যানিশ না জানায় ইংরেজিতেই বলতে থাকেন, ‘তালিয়াফিকো, আই লাভ ইউ’।
সেটা শুনে ঝুয়ের কাছে আসেন তালিয়াফিকো। চীনা ভক্তের সঙ্গে আলিঙ্গন করেন। জার্সি, পোস্টার ও তাঁর বাহুতে অটোগ্রাফ প্রদান করেন। প্রিয় ফুটবলারের সঙ্গে অবশেষে দেখা করতে পেরে আপ্লুত হয়ে পড়েন ঝু। জানান, তালিয়াফিকোর সই ট্যাটু হিসেবে তাঁর গায়ে আঁকবেন।

তালিয়াফিকোর পাঁড় ভক্ত ঝু
ছবি : টুইটার

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সব ম্যাচ মাঠে বসেই দেখেছেন ঝু। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে দারুণ খেলেছেন তালিয়াফিকো। হলুদ কার্ডের খড়্গে মার্কোস আকুনিয়া সে ম্যাচে না থাকায় প্রথমবার পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পান তালিয়াফিকো। এ মৌসুমেই ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁতে যোগ দেওয়া লেফটব্যাক আকুনিয়ার অভাব তো বুঝতে দেনইনি, বরং এতটাই মুগ্ধতা ছড়িয়েছেন যে ফাইনালে তাঁকে বসিয়ে রাখতে দ্বিতীয়বার ভাবতে হবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে।

সেমিফাইনালে ক্রোয়াট আক্রমণ এভাবেই রুখে দিয়েছেন তালিয়াফিকো
ছবি : ফিফা

কিন্তু তালিয়াফিকোর পূজারী ঝু কি ফাইনাল দেখতে পারবেন? তিনি যে এখনো টিকিট জোগাড় করতে পারেননি। প্রিয় খেলোয়াড়ের কাছে তাই টিকিটের বন্দোবস্ত করারও আকুতি জানিয়েছেন।

তালিয়াফিকোর সঙ্গে ঝু জিংয়ের পরিচয় কীভাবে হলো?

‘ভালোবাসার কোনো সীমানা নেই’ বলে একটা কথা আছে না! ঝু জিং চীনা হয়েও ১৯ হাজার কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার এক ফুটবলারের খেলায় মুগ্ধ হয়েছেন সে টানেই। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে তালিয়াফিকোর খেলা প্রথমবার দেখেন ঝু। তখন থেকেই তাঁকে অনুসরণ করতে শুরু করেন।

ফাইনালে ওঠার পর মেসির সঙ্গে তালিয়াফিকোর উদ্‌যাপন
ছবি : ফিফা

চার বছর আগে মাত্র ৪ ম্যাচেই থেমে যায় আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। তবে তালিয়াফিকোর ক্রীড়াশৈলী ও ব্যক্তিত্ব বুঝতে ঝুর কাছে সেটুকুই যথেষ্ট ছিল। ঝু তালিয়াফিকোর ক্যারিয়ার ঘাঁটতে শুরু করেন। লিওঁ, আয়াক্স আমস্টারডাম, ইন্দেপেনদিয়েন্তে, রিয়াল মুরসিয়া, বানফিল্ড—আর্জেন্টাইন ডিফেন্ডার কখন, কোন ক্লাবের হয়ে কেমন খেলেছেন, কোন ম্যাচে কী অবদান রেখেছেন, সবই ঠোঁটস্থ তাঁর। তালিয়াফিকোর মঙ্গল কামনায় বিশেষ তাবিজ নিয়েও ঘোরেন ঝু। বাঁ পায়ে ম্যারাডোনা ও মেসির ট্যাটুও আঁকিয়েছেন। আর ঘাড় থেকে নামিয়েছেন পেসোর (আর্জেন্টিনার মুদ্রা) নকশায় বানানো নেকলেস।

আরও পড়ুন

২০১৭ সালে ইন্দেপেনদিয়েন্তের হয়ে কোপা সুদামেরিকানা (দক্ষিণ আমেরিকার দ্বিতীয় শীর্ষ ক্লাব প্রতিযোগিতা) জেতেন তালিয়াফিকো। গত বছর জেতেন কোপা আমেরিকা, এ বছর ফিনালিসিমা। সবকিছুই টিভিতে নয়তো ইউটিউবে দেখেছেন ঝু। তবে এবার তাঁর চাওয়া, প্রিয় খেলোয়াড় বিশ্বকাপ জিতুক আর তিনি মাঠে বসেই সেটার সাক্ষী হন।