এমবাপ্পের ওপর চটেছেন নেইমারদের কোচ
বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, বেড়ে যাচ্ছে কথার লড়াই। প্রতিটি বিশ্বকাপের আগে যা হয় আর কি! বিশ্বকাপ কি এবার ইউরোপে যাবে, না দক্ষিণ আমেরিকায়?
এ প্রশ্ন নিয়েই চর্চা হয় বেশি। কাতার বিশ্বকাপে ইউরোপের দলগুলো এগিয়ে থাকবে বলে মত দিয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। নিজের যুক্তিও দিয়েছেন সর্বশেষ বিশ্বকাপ জয়ী পিএসজি তারকা। স্বাভাবিকভাবেই যা পছন্দ হয়নি ব্রাজিলের কোচ তিতের।
সর্বশেষ চারটি বিশ্বকাপের শিরোপা জিতেছে ইউরোপিয়ান চারটি দেশ। কাতার বিশ্বকাপও ইউরোপের দেশ জিতবে বলে মনে করেন এমবাপ্পে। এর কারণ হিসেবে ইউরোপের দেশগুলো দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ বেশি খেলে বলে মনে করেন এমবাপ্পে।
তাঁর যুক্তি, ‘দক্ষিণ আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলে সে পর্যায়ের প্রতিযোগিতা নেই। সেখানকার ফুটবল ইউরোপের মতো উন্নত নয়। তাই সাম্প্রতিককালে ইউরোপীয়রাই বিশ্বকাপ জিতছে।’
এতেই চটেছেন তিতে। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে যেকোনো অঞ্চলের চেয়ে কঠিন বলে মন্তব্য করেন নেইমারদের কোচ। বিশ্বকাপে জায়গা করে নিতে ১৮টি ম্যাচ খেলতে হয়। যেখানে মুখোমুখি হতে হয় বলিভিয়া ও উরুগুয়ের মতো দেশগুলোর বিপক্ষে। তিতে বলেছেন, ‘এমবাপ্পে হয়তো ইউরোপিয়ান নেশনস লিগ ও ইউরোপিয়ান প্রীতি ম্যাচের কথা বলছেন। বিশ্বকাপ বাছাইপর্বের কথা বলছেন না।’
খোঁচাও দিয়েছেন ব্রাজিলের কোচ। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিতে বলেন, ‘সম্মান নিয়ে বলছি, আজারবাইজানের মতো দলের বিপক্ষে খেলা হয় না আমাদের। আমাদের এখানে এমন কোনো দল নেই, যাদের বিপক্ষে বিরতি পাওয়া যায়। এখানে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের চেয়ে অনেক বেশি প্রতিযোগিতা হয়।’
এমবাপ্পেকে একহাত নিয়েছেন উরুগুয়ের সাবেক ফরোয়ার্ড সেবাস্তিয়ানও। এমবাপ্পেকে বেশি করে উইকিপিডিয়া ঘাঁটার পরামর্শ দিয়েছেন উরুগুয়ের জার্সিতে ৭০ ম্যাচ খেলা এই ফরোয়ার্ড।