বিসিবির ‘একের ভেতর তিন’ টুর্নামেন্ট
এ রকম একটা কিছু যে হতে যাচ্ছে, সে আভাস আগেই দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আজ বিসিবির এক ভার্চ্যুয়াল সভা শেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। একটি একক প্রতিযোগিতা কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ এবং লিস্ট ‘এ’ টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘একের ভেতর তিন’—এই প্রতিযোগিতায় খেলবে ছয়টি দল। দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানাস্বত্ব দেওয়া হবে।
নতুন কাঠামোর অধীন প্রথম প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি, সম্ভাব্য সময় এ বছরের ডিসেম্বরে। এত দিন প্রথম শ্রেণির ক্রিকেটের আসর জাতীয় লিগের পাশাপাশি হতো চার দলের বিসিএলও। এখন আর সেটি হবে না।
বিসিবির অধীন থাকা বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের (ক্লাব ক্রিকেট ছাড়া) ম্যাচ ফি বাড়ানোর কথাও আগেই বলেছিলেন তামিম। গতকালের সভায় অনুমোদন হয়েছে ওয়ার্কিং কমিটির সে প্রস্তাবও। ছেলেদের চার দিনের ক্রিকেটে এখন থেকে ম্যাচ ফি ১ লাখ ৫০ হাজার টাকা, ৫০ ওভারের ক্রিকেটে ১ লাখ টাকা ও টি-টুয়েন্টি ক্রিকেটে ম্যাচ ফি হবে ৮০ হাজার টাকা করে। জাতীয় ক্রিকেট লিগ দ্বিতীয় একাদশের আসরে ম্যাচ ফি করা হয়েছে ১৫ হাজার টাকা।
আনুষ্ঠানিকভাবে ম্যাচ ফি বেড়েছে মেয়েদেরও। তিন দিনের ক্রিকেটে হয়েছে ৪০ হাজার টাকা, ৫০ ওভারের ক্রিকেটে ৩০ হাজার টাকা ও টি-টুয়েন্টি ক্রিকেটে ২০ হাজার টাকা। এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতাও ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করেছে বোর্ড।
সভায় মিরপুরের একাডেমি মাঠে আইএএএফ অনুমোদিত আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক রানিং ট্র্যাক বসানোর প্রস্তাব অনুমোদন হয়েছে। তিন লেনের বিশেষায়িত এই রানিং ট্র্যাক ক্রিকেটারদের প্রশিক্ষণ, ফিটনেস কার্যক্রম এবং অন্যান্য প্রয়োজন মেটাবে।
এ ছাড়া শেরেবাংলা স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণেরও সিদ্ধান্ত হয়েছে সভায়। এ দুটি ড্রেসিংরুম মূলত ঘরোয়া টুর্নামেন্ট এবং অনুশীলন ম্যাচেই ব্যবহার করা হবে। প্যাভিলিয়ন ভবনের বিদ্যমান ড্রেসিংরুমগুলো মূলত আন্তর্জাতিক ম্যাচের জন্য সংরক্ষিত থাকবে।
সভায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল ও প্রকল্প প্রস্তুতি-সংক্রান্ত পরামর্শসেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বোর্ড।