সাফজয়ী ওঁরা ২৩ জন
সাজেদা খাতুন
সাফ ফুটবলে পাঁচ ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আরও ছয়জন খেলেছেন বদলি হিসেবে। ছয়জন মাঠে নামার সুযোগ পাননি। তারপরও সবাই এই বিজয়ের অংশীদার। সাফজয়ী বাংলাদেশ দলের ২৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত পরিচিতি লিখেছেন বদিউজ্জামান
ছোটখাটো গড়নের সাজেদা খাতুনকে বেশির ভাগ সময় বদলি হিসেবে খেলিয়ে থাকেন কোচ গোলাম রব্বানী। এবারও মেয়েদের সাফে একটিমাত্র ম্যাচে মাঠে নেমেছেন সাজেদা। মালদ্বীপের বিপক্ষে ওই ম্যাচে গোল না পেলেও বক্সে ঢুকে আতঙ্ক ছড়ান বেশ কয়েকবার।
ময়মনসিংহের কলসিন্দুর স্কুলে বঙ্গমাতা ফুটবল দিয়ে ক্যারিয়ার শুরু করেন সাজেদা। স্কুলের শিক্ষক মফিজ উদ্দিনের হাত ধরে আসেন ফুটবলে। বয়সভিত্তিক ফুটবলে গত পাঁচ বছর নিয়মিত খেললেও এবারই প্রথম নেপালে অভিষেক হয় জাতীয় দলে।
ফুটবল মাঠে বলের দিকে মনোযোগ থাকলেও মাঠের বাইরে একটু ফ্যাশনসচেতন সাজেদা।
তিন ভাই ও দুই বোনের মধ্যে সাজেদা চতুর্থ। কলসিন্দুর গ্রামের আর দশটা দরিদ্র পরিবার থেকেই উঠে এসেছেন এই পর্যায়ে। ২০১১ সালে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট দিয়ে ফুটবল ক্যারিয়ার শুরু। মেয়েরা যে ফুটবল খেলে, সেই ধারণাই একসময় ছিল না সাজেদার। চাচাতো ভাইদের সঙ্গে ছোটবেলা জাম্বুরা দিয়ে বল বানিয়ে ফুটবল খেলতেন। পাশের বাড়ির বান্ধবীরা যখন তাকে স্কুলের টুর্নামেন্টে ফুটবল খেলার কথা বলেছিলেন, আগ্রহ নিয়ে খেলতে চেয়েছিলেন সাজেদা। স্কুলশিক্ষক মফিজ উদ্দিনের অনুপ্রেরণা ও সহযোগিতায় শেষ পর্যন্ত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে খেলার সুযোগ পান।
ফুটবলে আসার পেছনে আরেকটি কারণও ছিল সাজেদার। বাড়িতে ঠিকমতো পেটভরে খেতে পারতেন না। কিন্তু অনুশীলনে গেলে পেট ভরে খাওয়া দিতেন মফিজ উদ্দিন, পেতেন সেদ্ধ ডিম ও কলা। এগুলোর লোভেও প্রতিদিন অনুশীলনে যেতে চাইতেন সাজেদা।
ফুটবল মাঠে বলের দিকে মনোযোগ থাকলেও মাঠের বাইরে একটু ফ্যাশনসচেতন সাজেদা। সানগ্লাস চোখে, নতুন পোশাক পরে প্রায় সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেন।