লর্ডস টেস্ট শুরুর আগে ইংল্যান্ডের ‘বাজবল’ ক্রিকেট নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক কথা হয়েছে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান তাড়া করে তুলে নেওয়া জয়ে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের ধারা পাল্টেছে, এমন মন্তব্যও করেছেন কেউ কেউ।
কিন্তু আজ লর্ডসে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডিন এলগার টসে জেতার পরই সে আশার গুড়ে বালি! টসে জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠান এলগার। আর এর মধ্য দিয়ে চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের রান তাড়া করার সুযোগও হাতছাড়া হয়।
অনেকে আশা করেছিলেন, ম্যাচের প্রথম ইনিংস থেকেই হয়তো ‘বাজবল’ ক্রিকেট খেলবেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। কিন্তু কিসের কী! লর্ডসের মেঘাচ্ছন্ন পরিবেশ কাজে লাগিয়ে জনি বেয়ারস্টো, জো রুটদের দাঁড়াতেই দেননি আনরিখ নর্কিয়া-কাগিসো রাবাদারা।
প্রথম দিনে ৩২ ওভারে ৬ উইকেটে ১১৬ রান তুলে ইংল্যান্ড যখন ধুঁকছিল, তখন স্বাগতিকদের হয়ে ‘লড়াই’ শুরু করে বৃষ্টি। ওই সময় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৮ মিনিট) থেমে যাওয়া খেলা বৃষ্টির কারণে পরে আর শুরু হয়নি। অর্থাৎ ৬ উইকেটে ১১৬ রানেই প্রথম দিনের খেলা শেষ করে ইংল্যান্ড।
প্রথম সেশনে খেলা হয়েছে ২৬ ওভার। দ্বিতীয় সেশনে ৬ ওভার খেলা হওয়ার পরই হানা দেয় বৃষ্টি। বাধ্য হয়ে চা-বিরতিতে যায় দুই দল। এরপর কয়েক ঘণ্টা অপেক্ষা করেও মাঠে নামার মতো অবস্থা না থাকায় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। পুরো দিনের খেলা হলে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা প্রথম দিন শেষ করতে পারতেন কি না, কে জানে!
তিনে নামা ওলি পোপ (৬১) ও স্টুয়ার্ট ব্রড (০) তখনো ক্রিজে ছিলেন। ৪৩ রানে ৩ উইকেট প্রোটিয়া পেসার নর্কিয়ার। ২ উইকেট নেন রাবাদা।
মধ্যাহ্নভোজের আগেই ১০০ রান তুলতে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। অধিনায়ক স্টোকস আউট হন প্রথম সেশনের শেষ বলে। ৩০ বলে ২০ রান করা স্টোকস নর্কিয়াকে উইকেট দেন। ৪ চারে সাজানো পোপের ৮৭ বলের ইনিংসকে এখন মহামূল্যবান মনে করতে পারে ইংল্যান্ড।
কাল দ্বিতীয় দিনে পোপকেই দলের ইনিংস যতটা সম্ভব টানতে হবে। সেটি যে ‘বাজবল’ ক্রিকেট খেলে সম্ভব নয়, তা বুঝতে ক্রিকেট–বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না।
রাবাদার সুইং ও নর্কিয়ার গতির সামনে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা বড় জুটি গড়তে পারেননি। পঞ্চম উইকেটে স্টোকস-পোপের জুটিতে উঠেছে সর্বোচ্চ ৪৫ রান। ওপেনিং জুটিতে মাত্র ৬ রান যোগ করেন অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলি। মাঝে জো রুট ও জনি বেয়ারস্টোও দাঁড়াতে পারেননি। ৮ রানে আউট হন রুট। মার্কো ইয়ানসেনের বলে আউট হন তিনি। রানের খাতা খোলার আগেই বেয়ারস্টোকে তুলে নেন নর্কিয়া।