নিউজিল্যান্ডে নিগারদের টি–টোয়েন্টি সিরিজ হার
আগের ম্যাচে বিব্রতকর রেকর্ড গড়েছিল বাংলাদেশ নারী দল। আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে টি–টোয়েন্টিতে দ্বিতীয় সর্বনিম্ন ৩২ রানে অলআউট হয়েছিল নিগার সুলতানার দল।
দুস্মৃতি ভুলে সিরিজ টিকে থাকতে হলে আজ দারুণ কিছু করতে হতো বাংলাদেশকে। তবে আরেক দফা ব্যাটিং বিপর্যয়ে সেই একই ফল। নিগার–জাহানারা–রুমানাদের ৩৭ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৪৮ রান তোলে নিউজিল্যান্ড। বাংলাদেশ পুরো ২০ ওভার খেললেও ১১১ রানের বেশি করতে পারেনি। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক কিউইরা। বুধবার কুইন্সটাউনে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। নির্দিষ্ট করে বললে মারুফা আক্তার। অভিষেক ম্যাচেই ঝলক দেখিয়েছেন ১৭ বছর বয়সী পেসার। পাওয়ার প্লেতে ফিরিয়েছেন কিউই অধিনায়ক সোফি ডিভাইন ও তিনে নামা জর্জিয়া প্লিমারকে।
রেবেকা বার্নসকে নিয়ে এরপর দলকে টানেন অভিজ্ঞ সুজি বেটস। তবে ১০ বলের ব্যবধানে রিতু মনি আর রুমানা আহমেদ দুই জনকেই ফেরালে চাপে পড়ে নিউজিল্যান্ড। তখন মনে হচ্ছিল, কিউইদের অল্পতেই বেঁধে ফেলবে বাংলাদেশ।
কিন্তু পঞ্চম উইকেটে ৭৭ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে লড়াকু সংগ্রহ এনে দেন অ্যামেলিয়া কের ও ম্যাডি গ্রিন।
লক্ষ্য ছুঁতে নেমে সেই কচ্ছপ গতিতে এগোতে থাকে বাংলাদেশ। বিশেষ করে দিলারা আক্তারের ব্যাটিং ছিল দৃষ্টিকুট। ক্রাইস্টচার্চে নিজের অভিষেক ম্যাচে করেছিলেন ১২ বলে ২ রান। এবার আরও বাজে ১৪ বলে ১! ইচ্ছেমতো বল নষ্ট তো করেছেনই, আস্কিং রান রেট তরতর করে বাড়িয়ে চাপ ফেলে দিয়েছেন পরের ব্যাটসম্যানদের। তাঁর আগেই আউট আরেক ওপেনার মুর্শিদা খাতুন।
১৪ রানে ২ উইকেট হারানোর পর হাল ধরেন অধিনায়ক জ্যোতি ও শারমিন আক্তার। দুইজনের রান তোলার গতি স্লথ হলেও কিছুটা আশা জাগিয়েছিলেন। কিন্তু ৩ ওভারের ব্যবধানে দুইজনই রান আউট হলে বাংলাদেশের হার সেখানেই এক রকম নিশ্চিত হয়। এরপর রিতু ছাড়া বাকিরা ছিলেন আসা–যাওয়ার মধ্যে।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড নারী দল
২০ ওভারে ১৪৮/৪
(কের ৪৬*, গ্রিন ৩৭*; মারুফা ২/২২, রিতু ১/১২)
বাংলাদেশ নারী দল
২০ ওভারে ১১১/৮
(নিগার ৩১, শারমিন ২২; জেনসেন ২/১২, জোনাস ১/১৮)
ফল : নিউজিল্যান্ড নারী দল ৩৭ রানে জয়ী
সিরিজ : নিউজিল্যান্ড নারী দল ২–০ ব্যবধানে এগিয়ে