রেকর্ড গড়ে ধবলধোলাই হলো হাথুরুর শ্রীলঙ্কা

ভারতের বিপক্ষে একেবারেই ফর্মে ছিলেন না মিচেল স্টার্ক। শেন ওয়ার্নের মতো ক্রিকেট মস্তিষ্কও তাঁকে দল থেকে বাদ দিতে বলেছিলেন। কিন্তু তাঁকে দলে রাখার পক্ষে সাবেক ক্রিকেটার গ্রেগ মেইলের যুক্তিটা ছিল অসাধারণ,‘স্টার্ক তার সেরা ফর্মে নেই। কিন্তু সর্বশেষ যতটুকু দেখেছি, সে এখনো সাড়ে ছয় ফুট লম্বা, বাঁহাতি পেসার এবং দেড় শ কিলোমিটার গতিতে বল করতে পারে। প্রতিপক্ষ দলে নয়, আমার দলে থাকলেই আমি স্বস্তি পাব।’
ভাগ্যিস অস্ট্রেলিয়ান নির্বাচকেরাও অমনটাই ভেবেছিলেন। সমালোচকদের তীব্র বাণের মধ্যে খেলতে নেমেই ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক। তাঁর আগুনে পুড়ে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা। দুই ইনিংস মিলিয়েই শ্রীলঙ্কা দল তুলতে পেরেছে ৩৬৪ রান! দ্বিতীয় ইনিংসে লক্ষ্যটা ৫১৬ রান বলে হারের ব্যবধানটা ঠেকেছে ৩৬৬ রানে। দুই টেস্টের সিরিজে ধবল ধোলাই হলো শ্রীলঙ্কা।
চতুর্থ দিনে বৃষ্টি সম্ভাবনা আছে জেনে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। আগের দিন বিনা উইকেটে ১৭ রান তুলে একটু সাহসও জোগাড় করে নিয়েছিল তারা। কিন্তু দিনে নিজের দ্বিতীয় ওভারেই তাণ্ডব শুরু করে দিলেন স্টার্ক। দুর্দান্ত এক ইনসুইঙ্গারে দিমুথ করুণারত্নেকে ফেরালেন। প্রথম স্পেলেই বিদায় নিলেন চান্ডিমালও। মধ্যাহ্ন বিরতির আগেই আরও দুই উইকেট চলে এল স্টার্কের কাছে। শ্রীলঙ্কার প্রথম ৫ উইকেটের চারটিই তাঁর। এরপর দায়িত্বটা কামিন্সের (১৫/৩) কাছে বুঝিয়ে দিয়ে খানিকটা বিরতি নিয়েছেন স্টার্ক। এর মাঝে সপ্তম উইকেট জুটিতে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করতে পেরেছে শ্রীলঙ্কা। ৬ উইকেতে ১৪৩ রান করা শ্রীলঙ্কাকে ৯ উইকেটে ১৪৮ বানিয়ে দিয়েছেন লেবুশেইন ও কামিন্স। ফার্নান্দোর স্টাম্প উপড়ে ইনিংসে পাঁচ (৪৮/৫) ও ম্যাচে দশম উইকেট বুঝে নিয়েছেন স্টার্ক।
ওতেই লজ্জার রেকর্ডটা হলো। এ টেস্টে তবু দুই ইনিংস মিলিয়ে ৩৬৪ রান করেছে শ্রীলঙ্কা। প্রথম টেস্টে যে সব মিলিয়ে মাত্র ২৮৩ রান তুলেছিল তারা। সিরিজের চার ইনিংসে ৬৪৭ রান তুলতে পেরেছে শ্রীলঙ্কা। নিজেদের ইতিহাসে দুই টেস্ট সিরিজে কখনো এত কম রান করেনি দলটি। সেই আশির দশকে টেস্টে ‘হাঁটি হাঁটি পা পা’ করা অবস্থাতেও না!
অথচ ভারতের কাছে অস্ট্রেলিয়ার নাকানিচুবানি খাওয়া ও নিউজিল্যান্ডে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্স মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। সে রেকর্ড গড়তে এসে দুই টেস্টে প্রতিপক্ষের মাত্র ১৮ উইকেট ফেলতে পারা ও ৬৪৭ রান করার রেকর্ড হয়ে যাবে, এটা নিশ্চয় আশা করেননি চন্ডিকা হাথুরুসিংহে ও তাঁর দলবল।