একটি 'নিখোঁজ' সংবাদ ও অশনিসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলসিন্দুর স্কুল যেবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইল ছবি
কলসিন্দুর স্কুল যেবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইল ছবি
>

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়। কিন্তু সেই স্কুলটিই এখন ‘ভিলেজ পলিটিকস’-এর কারণে ফুটবল থেকে নিশ্চিহ্ন হওয়ার পথে।

একটি নিখোঁজ সংবাদ! একটি নিখোঁজ সংবাদ! দেশের ফুটবলে আলোড়ন সৃষ্টিকারী কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয় হারিয়ে গিয়েছে। হারিয়ে যাওয়ার আগে তার মাথায় ছিল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মুকুট। যদি কোনো সহৃদয় ব্যক্তি...না, এমন নিখোঁজ সংবাদ প্রকাশিত হয়নি। আর হলেই-বা দোষের কী!

বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল ফুটবল খেলে কতটা উঁচুতে উঠতে পারে, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের চেয়ে বড় উদাহরণ আর হয় না। বঙ্গমাতা প্রাথমিক স্কুল ফুটবলে কলসিন্দুর স্কুল হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে পুরো দেশে রব তুলেছিল। বর্তমান নারী জাতীয় ফুটবল দলের অধিকাংশ খেলোয়াড়ও ওই স্কুল থেকে উঠে আসা। অথচ সেই কলসিন্দুর শেষ তিনবার বঙ্গমাতার শিরোপা মঞ্চে আসা দূরের কথা, উপজেলা পর্যায় পার হয়ে চূড়ান্তপর্বেই খেলতে পারেনি। ভাবা যায়! এর চেয়ে বড় খারাপ সংবাদ স্কুলটিতে বন্ধ হয়ে গেছে ফুটবল চর্চা। দেশের ফুটবলে এর চেয়ে বড় অশনিসংকেত আর কী হতে পারে!

ফুটবল থেকে কলসিন্দুরের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণ কী? স্কুলের সহকারী শিক্ষক ও কোচ মফিজ উদ্দিনের অভিমান, অন্য স্কুলে তাঁর বদলি হয়ে যাওয়া এবং গ্রামের নোংরা রাজনীতি। সেই সোনালি প্রজন্ম তৈরি করা কোচ মফিজ ও স্কুলের প্রধান শিক্ষক মিনতি রানী শীলের বক্তব্যে উঠে এল কারণগুলো।

মনে আছে সেই মফিজ মাস্টারের কথা? ‘দুইবেলা খাওন পায় না আবার মেয়ে খেলব ফুটবল’—কথাটি শুনতে শুনতে তিনি অভ্যস্ত হয়ে উঠেছিলেন। কিন্তু কখনোই পরিশ্রান্ত হননি বলেই সারা দেশে কলসিন্দুর হয়ে উঠেছিল অপরাজেয়। অভিমান করে প্রায় আড়াই বছর ধরে ফুটবল থেকে দূরে সরে যান ও শেষ পর্যন্ত গত বছর প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে বদলি হয়ে যান একই ইউনিয়নের রণসিংহপুর স্কুলে। ফলে কলসিন্দুর প্রাথমিক স্কুল হয়ে পড়েছে ফুটবলে অভিভাবকশূন্য।

মফিজ মাস্টারের হাতেই ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল কলসিন্দুরে রোপণ হয়েছিল নারী ফুটবলের বীজ। অনুশীলন শেষে তিনি মেয়েদের পৌঁছে দিতেন ঘরের উঠোন পর্যন্ত গিয়ে। শুধু তা-ই নয়, দারিদ্র্যের বেড়াজালে বেড়ে ওঠা মেয়েদের জন্য ডিম-কলার ব্যবস্থা হতো তাঁরই পকেট থেকে। শক্ত মাঠে মেয়েদের অনুশীলন করতে কষ্ট হয়, রাত জেগে তাই মাঠে পানিও দিতেন। এলাকার মানুষেরা বলতেন, ‘মফিজ মাস্টার পাগল হয়ছেনি।’ আসলে মাস্টার স্বপ্ন দেখেছিলেন, তাঁর মেয়েরা হবে চ্যাম্পিয়ন।

ধরাও দিয়েছিল স্বপ্নটা। ২০১৩ সালে বঙ্গমাতা ফুটবলে চ্যাম্পিয়ন হয় কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফুটবলের সৌজন্যে কলসিন্দুরের নাম পৌঁছে গেল বাংলাদেশের প্রতিটি ঘরে। এরপর ২০১৪ ও ২০১৫ সালে শিরোপা জিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্কুলটি। কলসিন্দুর নামটি পৌঁছে যায় তখন মানুষের ঘরে ঘরে। স্বাভাবিকভাবে সেই সঙ্গে অনন্যসাধারণ মফিজ মাস্টারের নামটাও।

মারিয়া মান্দা, সানজিদাদের মতো আরেকটা প্রজন্ম কি উঠে আসবে কলসিন্দুর থেকে! ফাইল ছবি
মারিয়া মান্দা, সানজিদাদের মতো আরেকটা প্রজন্ম কি উঠে আসবে কলসিন্দুর থেকে! ফাইল ছবি

এতেই বুঝি পড়ল কলসিন্দুরের গায়ে ‘অসুন্দর’-এর ছায়া! প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের সুনাম ছড়িয়ে পড়ছে পুরো দেশে, তা অনেকে মেনে নিতে পারল না। এলাকায় সংবাদকর্মীদের পা পড়লেই সবাই খোঁজেন মফিজ মাস্টারকে, জ্বলে উঠল হিংসার আগুন। গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে থাকা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে তৈরি হলো বিভেদ। মফিজ মাস্টারের হাতে গড়ে ওঠা মেয়েরা মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে পা রাখতেই জানিয়ে দেওয়া হলো মাধ্যমিকের ছাত্রীরা মফিজ মাস্টারের কাছে যেন অনুশীলন না করে। নামের সঙ্গে জুড়ে দেওয়া হলো নানা বদনাম। তত দিনে তাঁর তিল তিল করে গড়ে তোলা সব মেয়েই পা রেখেছে মাধ্যমিকে। অর্থাৎ মেয়েদের কাছ থেকে কৌশলে আলাদা করে দেওয়া হলো মফিজ মাস্টারকে। ফলে বড্ড অভিমানে সরে দাঁড়ান ‘মাস্টার সাহেব’। দেশের ফুটবল ফলটাও পাচ্ছে হাতেনাতে। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া দলটি শেষ তিন বছরে টুর্নামেন্টের আঞ্চলিক পর্বই পেরোতে পারেনি।

যেই স্কুল থেকে এত নামডাক অর্জন করেছেন, সেই স্কুলের দুরবস্থায় মন কাঁদছে মফিজেরও, ‘স্কুলটিতে এখন আর ফুটবল চর্চা হয় না, খুব কষ্ট লাগে। তিল তিল করে গড়ে তোলা সবকিছু নষ্ট হয়ে গেল শুধু “ভিলেজ পলিটিকসের” কারণে। শুধু ফুটবলে সাফল্যের কারণে আমি অনেকের শত্রু হয়ে গিয়েছিলাম। ফুটবল ছেড়ে দিয়ে এখন আমিও ভালো আছি (দীর্ঘশ্বাস)’— মফিজ মাস্টার যেন সান্ত্বনা খুঁজে নিলেন।

মফিজ মাস্টার অন্যত্র বদলি হয়ে গেলেও আছেন প্রধান শিক্ষিকা মিনতি রানী। মফিজের কথাগুলোই শোনা গেল মিনতি রানীর কণ্ঠে, ‘আমার যে কোচ ছিল সে হেডমাস্টার হয়ে অন্য স্কুলে চলে গিয়েছে। এ ছাড়া আমাদের মাঠও নেই। হাইস্কুলের মাঠে হাইস্কুলের ছেলেমেয়েরা অনুশীলন করে। আগে আমরাই প্রাইমারি ও মাধ্যমিক স্কুলকে করাতাম। কিন্তু মাধ্যমিক স্কুল দেখল খালি নাম হয় মিনতি ম্যাডাম ও মফিজ মাস্টারের। পরে তারা আমাদের বলে, ক্লাস সিক্সে ওঠার পর থেকে আর যেন অনুশীলন না করাই। কিন্তু একটা ব্যাচ তৈরি করে পরবর্তী সময়ে অনুশীলন না করাতে পারলে তো আর লাভ নেই। সবকিছু মিলিয়ে বন্ধই হয়ে গিয়েছে। তবে মাধ্যমিক স্কুলে ফুটবল চর্চা ভালো হচ্ছে। আশা করি প্রাইমারি স্কুলের মতো তাদের নামও ছড়িয়ে পড়বে।’

গা ঘেঁষা দুইটি স্কুল—কলসিন্দুর প্রাথমিক ও কলসিন্দুর মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু মাঝে অদৃশ্য বিভেদের দেয়ালে পুড়ে ছাই হয়ে যাচ্ছে একটি ফুটবল জনপদ। এটি স্পষ্টত নারী ফুটবলের জন্য অশনিসংকেত। ফুটবলের কলসিন্দুর তো আর একদিনে গড়ে ওঠেনি।