ভারতের বোলিং কোচ হওয়ার স্বপ্ন শোয়েবের

>ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হতে চান শোয়েব আখতার।
প্রতিদিনই ক্রিকেটপ্রেমীদের জন্য শোয়েব আখতারের কিছু না কিছু থাকছেই। করোনার এই সময় মাঠে ক্রিকেট না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়েব সবাইকে ভালোই ব্যস্ত রেখেছেন। সম্প্রতি এই পাকিস্তানি তারকা জানিয়েছেন, তিনি ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হতে চান। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নিশ্চিত তিনি ভারতের বোলিং কোচ হলে আগ্রাসী ও মুখরা ফাস্ট বোলার তৈরি করতে পারবেন।
শোয়েব এই ইচ্ছাটার কথা জানিয়েছেন অনলাইনের এক সাক্ষাৎকারে। সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ 'হ্যালো'তে তাঁকে অবশ্য এ ব্যাপারে জিজ্ঞেসই করা হয়েছিল—তিনি সুযোগ পেলে ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হতে আগ্রহী কি না! সঙ্গে সঙ্গেই শোয়েবের উত্তর, ‘আমি অবশ্যই কোচ হতে চাই। আমার কাজই হচ্ছে আমার জ্ঞান ছড়িয়ে দেওয়া। আমি যে জ্ঞান অর্জন করেছি সেটি আমি ছড়িয়ে দিতে চাই।’
ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা এই ফাস্ট বোলার নিজের মতোই আগ্রাসী ফাস্ট বোলার তৈরিতে আগ্রহী, ‘আমি অনেক বেশি আগ্রাসী, দ্রুত গতিসম্পন্ন আর মুখরা ফাস্ট বোলার তৈরি করতে আগ্রহী। এমন বোলার তৈরি করতে চাই, যাদের উইকেট শিকার উপভোগ করবে সবাই।’