যাতে ম্যাচ না হারি, আগে সেটি নিশ্চিত করতে হবে

নাজমুল আবেদীনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন শেষে শ্রীলঙ্কা আসলে বেশ ভালো অবস্থানে আছে। কাল যদি ৩৫০-এর ওপর করতে পারে, তাহলে তারা বাংলাদেশের ওপর ভালো একটা চাপ তৈরি করার কথা ভাবতে পারবে। প্রথম দিন শেষে এগিয়ে তারাই। তবে আমরা যদি কাল প্রথম সেশনে ২-৩টি উইকেট নিয়ে ওদের টেইল-এন্ডে নিয়ে যেতে পারি, তাহলে এ ম্যাচে ফিরে আসা সম্ভব।

প্রথমে দল নির্বাচন নিয়ে একটু বলতে চাই। দুজন পেস বোলার, তিনজন স্পিনার—মানে পাঁচজন বোলারের সঙ্গে সাতজন ব্যাটসম্যান নিয়ে খেলতে পারছি। স্বাভাবিকভাবেই এটি খুব ভালো হয়েছে আমাদের জন্য। দলকে বেশ শক্তিশালী মনে হচ্ছে তাতে। পাঁচজন বোলার থাকলে অধিনায়কের হাতে বেশ রিসোর্স থাকে। সাকিব আল হাসানের দলে অন্তর্ভুক্তিটা দলকে বেশ শক্তিশালী করেছে।

দিন শেষে নিয়ন্ত্রণটা কি শ্রীলঙ্কার হাতেই?
ছবি: প্রথম আলো

তবে উইকেটে তেমন কোনো সহায়তা নেই, সেটি দেখেছি। আমাদের দুজন পেসারই ঘণ্টায় ১৩০ কিলোমিটারের নিচের গতিতে বল করছে। একটু জোরের ওপর বল করতে পারে, এমন বোলার তাই দরকার ছিল। সে ক্ষেত্রে ইবাদত হোসেনের কথা ভাবতে হতো আরেকটু। হ্যাঁ, খালেদ আহমেদ হয়তো দক্ষিণ আফ্রিকায় ভালো করেছে। তবে লম্বা সময় ধরে ধারাবাহিকতার একটি ব্যাপার থাকে। সেদিক থেকে ইবাদত হয়তো একটু এগিয়ে থাকত।

টসটা আমাদের দেশে যেকোনো উইকেটে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, প্রথম দুই দিন ব্যাটিংয়ের জন্য বেশ সহজ থাকে। এরপর উইকেট ধীরগতির হয়ে যায়, টার্নও মেলে বেশ। আমাদের এখানে তাই টসে জিতে ব্যাট করাটা জরুরি। সে দিক থেকে শ্রীলঙ্কা একটু এগিয়ে গেছে।

তবে প্রথম সেশনে দুটি উইকেট আমাদের একটু সমান সমান অবস্থায় নিয়ে গিয়েছিল। উইকেটে পেসাররা একটুও সুইং পায়নি। সেদিক থেকে কিছুটা হতাশাজনক পরিস্থিতি। সে কারণে দ্রুত স্পিনারদের হাতে বল চলে গেছে। নাঈম হাসানের ২ উইকেট খুব ইতিবাচক ছিল। যদিও তার দুটি উইকেটই স্ট্রেইট ডেলিভারিতে এসেছে। উইকেট থেকে সেভাবে টার্ন বা এমন সহায়তা পায়নি।

এখন যে পরিস্থিতি, আমরা যাতে ম্যাচ না হারি, আগে সেটি নিশ্চিত করতে হবে। এরপর সুযোগ তৈরি হলে সেসব কাজে লাগিয়ে চড়াও হওয়ার চিন্তা করতে হবে।
নাজমুল আবেদীন, ক্রিকেট কোচ ও বিশ্লেষক

তবে দ্বিতীয় সেশনে আমরা ভালো একটা সুযোগ হারিয়েছি। নতুন দুই ব্যাটসম্যান থাকার পরও ওই সেশনের প্রথম ১১ ওভারে ৫৫ রান দিয়েছি। এটি আমাদের ভীষণভাবে পিছিয়ে দিয়েছে—শারীরিক ও মানসিক দিক দিয়ে। ওই সময় সুযোগ ছিল একটু আধিপত্য বিস্তার করার, অন্তত রান আটকে রাখার। তাতে কর্তৃত্ব আরেকটু ধরে রাখতে পারতাম। তবে পিছিয়ে পড়েছিলাম। প্রয়োজনের তুলনায় একটু বেশি আক্রমণাত্মক হতে গিয়ে টেস্ট ক্রিকেটে যে ডিসিপ্লিন দরকার, সেটি থাকেনি।

সেটি থেকে বের হয়ে আসা গেছে সাকিব-তাইজুলের বোলিং জুটিতে। উইকেট হয়তো আসেনি, তবে দুজন মিলে ২০ ওভার বোলিং করে মাত্র ২০ রান দিয়ে আমাদের কিছুটা হলেও ম্যাচে রেখেছে। না হলে দিন শেষে দেখা যেত হয়তো ৩২০-৩৩০ করে ফেলেছে ওরা। মানসিক দিক দিয়ে আমরা আরও পিছিয়ে পড়তাম তখন।

সাকিবের মাহাত্ম্য এখানেই। আমরা সেটি যেমন বুঝতে পারি, অধিনায়ককে জিজ্ঞাসা করলে সে-ও বলবে। কেউ হয়তো ভালো বোলিং করছে না, তখন এমন একজন বোলার খুঁজি, যে খেলাটা নিয়ন্ত্রণ করতে পারবে। এমন আলোচনা তো শুনেছিও, পঞ্চম একজন বোলার দরকার দলে, যে ১০-১৫ ওভার বোলিং করে দেবে। মানে সে জায়গায় খুবই দুর্বল অবস্থানে ছিলাম।

সাকিবের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেটি আজ চট্টগ্রামে বোঝা গেছে আরেকবার
ছবি: প্রথম আলো

কিন্তু সাকিব যখন থাকে, আমরা পাঁচজন বিশেষজ্ঞ বোলার পাই। এটিও দেখেছি, সাকিব কীভাবে ইকোনমিক্যাল বোলিং করে খেলাটা নিয়ন্ত্রণ করল। যদিও পরে সে সুযোগটাও হারিয়েছি। তবে সাকিবের সঙ্গে জুটিতেই তাইজুলও ভালো বোলিং করল। ফলে ওর ভূমিকাটা বেশ গুরুত্বপূর্ণ দলে।

তবে দিন শেষে লাগাম আসলে শ্রীলঙ্কার হাতে। সেটি আমাদের হাতে নিয়ে আসাটা গুরুত্বপূর্ণ। আবার এটিও খেয়াল রাখতে হবে, টেস্ট ম্যাচে তো শুধু জয়-পরাজয় নয়, ড্রয়েরও একটা ব্যাপার আছে। সে ক্ষেত্রে আমরা যেহেতু পিছিয়ে আছি, মোমেন্টামটা নিজেদের দিকে নিয়ে আসাটা গুরুত্বপূর্ণ এখন।

এখন যে পরিস্থিতি, আমরা যাতে ম্যাচ না হারি, আগে সেটি নিশ্চিত করতে হবে। এরপর সুযোগ তৈরি হলে সেসব কাজে লাগিয়ে চড়াও হওয়ার চিন্তা করতে হবে। টেস্টে প্রথম থেকেই জয়-পরাজয়ের কথা ভাবাটা সমীচীন নয়। সুযোগ কাজে লাগানোটাই বড় ব্যাপার এখানে।