বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৭ জুন

সর্বশেষ বিসিবি নির্বাচন হয় ২০২৫ সালের ৬ অক্টোবরপ্রথম আলো

বিসিবির অন্তর্বর্তী কমিটির সভাপতির দায়িত্ব নেওয়ার পরই তামিম ইকবাল জানিয়েছিলেন, নির্ধারিত তিন মাস সময়ের আগেই পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করবেন তাঁরা। সে অনুযায়ী তিনি দায়িত্ব নেওয়ার দুই মাসের মধ্যেই হচ্ছে বিসিবির নির্বাচন। তামিম অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব নিয়েছিলেন গত ৭ এপ্রিল, আর বিসিবির নির্বাচন হবে ৭ জুন।

আজ এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন–২০২৬ এর তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন এবং সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

নির্বাচনের জন্য কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। এই তালিকার ওপর ভিত্তি করে ১৭ মে বিকেল চারটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরদিন ১৮ মে তালিকার ওপর আপত্তি গ্রহণ ও ১৯ মে আপত্তির ওপর শুনানি হবে। শুনানি শেষে সেদিনই বিকেল পাঁচটায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিতরণ। মনোনয়নপত্র দাখিলের সময় ২১ ও ২২ মে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরদিন ২৩ মে হবে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ। ২৪ মে আপিল গ্রহণ ও শুনানি এবং পরদিন ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। পোস্টাল/ই–ব্যালটের জন্যও আবেদন করতে হবে সেদিনই।

আরও পড়ুন

ঈদুল আজহার বিরতি দিয়ে ১ জুন আবার শুরু হবে বিসিবির নির্বাচনী কার্যক্রম। পোস্টাল/ই–ব্যালট পাঠানোর সময় শুরু হবে সেদিন, যেটি শেষ হবে ৬ জুন। রিটার্নিং অফিসারের কার্যালয়ে পোস্টাল/ই-ব্যালট পৌঁছানোর শেষ সময় ৭ জুন বেলা একটা।

মিরপুরে বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে নির্বাচনও অনুষ্ঠিত হবে সেদিনই। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ছয়টায়।

নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নেও দুজন পরিচালক হবেন। ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।

বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের সার্বিক দায়িত্বে আছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার। গত ১৩ মে গঠিত নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক এবং সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

আরও পড়ুন