দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল

অমিত হাসানশামসুল হক

ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি মুমিনুল হক। তাঁর জায়গায় কনকাসশন সাব হিসেবে খেলেন জাকের আলী। এবার দ্বিতীয় টেস্টের দল থেকেও ছিটকে গেছেন মুমিনুল।

তাঁর জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দলে ঢুকেছেন অমিত হাসান। প্রথম টেস্টের দল থেকে এই একটি পরিবর্তনই এনেছে বিসিবি। কনকাশন প্রটোকল অনুযায়ী, মাথায় আঘাত পেয়ে কনকাশন শনাক্ত হলে মাঠে ফেরার আগে একজন ক্রিকেটারকে অন্তত ৭ দিন বিশ্রামে থাকতে হয়। সেই নিয়মের কারণেই দ্বিতীয় টেস্টের দলে নেই মুমিনুল।

গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তাঁর জায়গায় দলে ফেরা অমিতের। ওই ম্যাচে প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ২৫ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটসম্যান। এরপর অস্ট্রেলিয়া সিরিজ, আফগানিস্তান টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়নি তাঁকে।

মুমিনুলের জায়গায় দলে ঢুকেছেন অমিত হাসান
প্রথম আলো

জাতীয় ক্রিকেট লিগের চলমান রাউন্ডেও খেলছেন অমিত। এবারের জাতীয় লিগে সিলেটের হয়ে ৫ ইনিংসে ৩৬১ রান করেছেন, আছে ডাবল সেঞ্চুরিও।

সিলেট টেস্টের বাংলাদেশ দল:

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও অমিত হাসান।
আরও পড়ুন