ব্যর্থতার ষোলোকলা পূর্ণ, অনেক বদলের ভেতর দিয়ে যাবে নারী ক্রিকেট

এশিয়ান গেমস ক্রিকেটে ভালো করতে পারেনি বাংলাদেশ নারী দলপ্রথম আলো ফাইল ছবি

এশিয়া কাপের সময় থেকেই চাপটা ছিল। সে চাপ এতটাই প্রবল ছিল যে দেশের বাইরে থেকে মেইলে টি-টুয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছাটা জানিয়ে দেন নিগার সুলতানা। তাঁর এভাবে পদত্যাগে ‘বিব্রত’ হওয়ার কথা জানান নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম। একটা দূরত্ব তাই তৈরি হয়েছিল আগেই। সেই দূরত্বের প্রভাবটা পড়ল এশিয়ান গেমসে।

বাংলাদেশের জন্য এশিয়ান গেমসে ক্রিকেট বরাবরই পদক পাওয়ার আশার বাতিঘর। বাংলাদেশের মেয়েরা কখনো তাতে হতাশ করেনি। এর আগে তিনটি আসরে প্রথমবার জিতেছিল রুপা, পরের দুবার ব্রোঞ্জ। কিন্তু এবার এশিয়ান গেমসে ক্রিকেট থেকে মেয়েদের খালি হাতে ফিরতে হচ্ছে।

চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। কিন্তু শেষ চারে ভারতের বিপক্ষে হারতে হয় বড় ব্যবধানে। তখন দল সংশ্লিষ্টদের দাবি ছিল, ভারতের সঙ্গে তাদের শক্তির ব্যবধানটা স্পষ্ট। তাদের সঙ্গে এশিয়ান কোনো দলই পেরে ওঠে না এখন।

নিগার সুলতানা
প্রথম আলো

কথাটা সত্যিও। নারী ক্রিকেটে এশিয়ার দলগুলোকে একরকম বলেকয়েই হারিয়ে দেয় ভারত। কিন্তু আজ ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে বাংলাদেশ হেরে গেছে পাকিস্তানের কাছে। এই প্রথম এশিয়ান গেমস ক্রিকেট থেকে খালি হাতে ফিরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশের মেয়েরা। অথচ পাকিস্তানের সঙ্গে শক্তির পার্থক্যে বাংলাদেশ খুব পিছিয়ে নয়। এশিয়ান কাপ ও এশিয়ান গেমসে পাকিস্তান দুবার হেরেছে শ্রীলঙ্কার কাছে। সেই পাকিস্তানের কাছে হারের পর প্রশ্নটা তাই চলে এসেছে, শুধুই কি সামর্থ্যের ঘাটতি নাকি দল কোনো সংকটে ভুগছে?

দুবাইয়ে এশিয়া কাপ খেলে সরাসরি জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসে খেলতে গিয়েছিল বাংলাদেশ। গেমস শুরুর মাত্র দুই দিন আগে নিগার অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। দলের পারফরম্যান্সে সেটির প্রভাব পড়া অস্বাভাবিক নয়।

ব্যাটিংয়ের বেহাল দশায় বড় ভরসা ছিলেন নিগার, ভারতের বিপক্ষে ৯ রানে আউট হওয়ার পর আজ করেছেন ২৫ রান। তাঁরও বিবর্ণ সময়ে এগিয়ে আসতে পারেননি বাকিরাও। এই ম্যাচ দিয়ে নিগারের একটি অধ্যায়েরও ইতি ঘটতে যাচ্ছে। ২০২২ সালের শুরু থেকে বাংলাদেশের দুই সংস্করণেরই অধিনায়ক নিগার। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ৮১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তাঁর জয়ও সবচেয়ে বেশি ৩২টি। এ সময়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রানও এসেছে তাঁর ব্যাট থেকে। এই এশিয়ান গেমস দিয়েই নিগারের টি-টুয়েন্টি অধিনায়কত্বের শেষ হচ্ছে।

সরোয়ার ইমরান
প্রথম আলো

শুধু অধিনায়কত্ব নয়, টুর্নামেন্টের মাঝপথেই অনেকগুলো বদলের সিদ্ধান্তও চলে এসেছে। প্রধান কোচ সরোয়ার ইমরানকে আর রাখতে চাইছে না বিসিবি। তাঁর জায়গায় বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের সাবেক কোচ ডেভিড হেম্পকে নারী দলের প্রধান কোচ করা হচ্ছে।

বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থতার বৃত্তবন্দী হওয়ার পেছনে সবচেয়ে বড় দায় দেওয়া হচ্ছে ব্যাটিংকে। এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ। আজ পাকিস্তানের বিপক্ষে পুরো ২০ ওভার খেললেও ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১১৪ রান।

আরও পড়ুন

টানা ব্যাটিং ব্যর্থতার দায়ে গত বছরের শুরু থেকে ব্যাটিং কোচের দায়িত্বে থাকা নাসিরউদ্দিন ফারুককেও সরিয়ে দেওয়া হচ্ছে। তাঁর জায়গায় আপাতত নতুন করে আর ব্যাটিং কোচ নেওয়ার পরিকল্পনা নেই। নতুন প্রধান কোচ ডেভিড হেম্প ব্যাটিং বিশেষজ্ঞ কোচ হওয়ায় তিনিই এই বিভাগে সামলাবেন।

ডেভিড হেম্প
প্রথম আলো

এতদিন আলাদা করে ফিল্ডিং কোচ ছিল না নারী দলের সঙ্গে। প্রধান কোচ সরোয়ার ইমরানই ফিল্ডিং বিভাগ দেখতেন। তাঁকে সরিয়ে এখন ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হবে গোলাম মর্তুজাকে।

আগামী মাসেই অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আইসিসির ইমার্জিং নেশন্স কাপে বাংলাদেশ পরের টি-টুয়েন্টি খেলবে নভেম্বরে। টি-টুয়েন্টিতে অধিনায়ক নিগারকে ছাড়া এক নতুন পথচলা শুরু হবে বাংলাদেশের।