এজবাস্টনে চলছে অ্যাশেজের প্রথম টেস্ট। একদিকে বেন স্টোকসদের ‘বাজবল’, অন্যদিকে অস্ট্রেলিয়ার চিরায়ত টেস্ট ক্রিকেট আর কখনো হার না মানা মানসিকতা। বার্মিংহামে গতকাল বিকেলে বৃষ্টির মধ্যে ২ উইকেট নিয়ে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে অস্ট্রেলিয়া। তবে আলোচনাটা শুধু মাঠের ক্রিকেটে সীমাবদ্ধ নেই। আলোচনায় এসেছেন ‘ডার্থ ভেডার’ও!
জনপ্রিয় মুভি সিরিজ স্টার ওয়ার্সের অন্যতম এ চরিত্র এজবাস্টন টেস্টে কীভাবে আলোচনায়? গতকাল তৃতীয় দিনের খেলার সময় হুট করেই দেখা যায়, ডার্থ ভেডারের রূপে হাজির এক দর্শককে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। দর্শক সারি থেকে বেরিয়ে বাউন্ডারির কাছে চলে গিয়েছিলেন তিনি।
তাহলে কি গ্রেপ্তার করা হয়েছে স্টার ওয়ার্সের প্রধান খলনায়ককে? যখন টেলিভিশনে এ ফুটেজ দেখানো হচ্ছে, বিবিসির ধারাভাষ্যে বলা হয়, ‘ডার্থ ভেডারকে কি গ্রেপ্তার করা হচ্ছে? হওয়ারই কথা ছিল আসলে! আমার মনে হয়, ডার্থ ভেডারকে এজবাস্টন থেকে বের করে দেওয়া হচ্ছে। মনে হয় ঝামেলা তৈরি হবে।’
গতকাল আবার ছিল ‘ফাদারস ডে’। স্টার ওয়ার্স অনুযায়ী, বাবা হিসেবেও ডার্থ ভেডার চরিত্রের একটা আলাদা দিক আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ডার্থ ভেডারের এজবাস্টনে ‘গ্রেপ্তার’ হওয়া নিয়েও মানুষজন মজা করেছেন, ‘ফাদারস ডেতে গ্রেপ্তার হয়ে কি ঠিক উদাহরণ তৈরি করলেন তিনি?’
একজন এম্পায়ারের (সাম্রাজ্য) সঙ্গে মিলিয়ে লিখেছেন, ‘দ্য আম্পায়ার স্ট্রাইকস ব্যাক।’ আরেকজন স্টার ওয়ার্সের জনপ্রিয় সংলাপের সঙ্গে মিলিয়ে বলেছেন, ‘মে দ্য ফোর্স (চার বা বাউন্ডারি) বি উইথ ইউ।’
ডার্থ ভেডারের মতো শক্তিশালী একজনকে গ্রেপ্তারের ফল কী হবে, স্বাভাবিকভাবেই সেটি ছিল প্রশ্ন। তবে আজ এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তেমন কিছু করা হয়নি।
চতুর্থ দিনের খেলা শুরুর আগে এজবাস্টনের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানানো হয় ‘ডার্থ ভেডারের আপডেট’। তাতে লেখা হয়, ‘গতকাল এজবাস্টনে ডার্থ ভেডারের উপস্থিতি নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে। গ্যালাকটিক সাম্রাজ্যের কমান্ডার-ইন-চিফ বাউন্ডারি সীমানার কাছে ভুল জায়গায় গিয়ে উপস্থিত হয়েছিলেন। ‘ডার্ক সাইড’ (অন্ধকার দিক) আমরা মেনে নিতে পারি, তবে ‘পিচ সাইড’ (মাঠের পাশ) নয়।’
এরপর বলা হয়েছে, ‘তিনি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচটি নিজের আসন থেকেই দেখেছেন।’
ডার্থ ভেডারকে গ্রেপ্তার করা হয়নি, বেরও করে দেওয়া হয়নি। শান্তি রক্ষার জন্য এজবাস্টন কর্তৃপক্ষ একটা ধন্যবাদই হয়তো আশা করছে!
এমনিতে ইংল্যান্ডে খেলা মানেই এমন বহুরূপী চরিত্রের নানা দর্শকের দেখা মেলে। এবারের অ্যাশেজ নিয়ে উত্তেজনাও তৈরি হয়েছে দারুণ। দুর্দান্ত ক্রিকেট খেলতে থাকা ইংল্যান্ডের লক্ষ্য ২০১৫ সালের পর প্রথমবারের মতো অ্যাশেজের ভস্মাধার ফিরে পাওয়া।