নাসের হুসেইনের মন্তব্যের জবাব দিলেন ভারত নারী দলের অধিনায়ক

৩৪ বলে ৫২ রান করেছেন হারমানপ্রীতছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ফাইনালের স্বপ্ন মূলত শেষ হয়েছে হারমানপ্রীত কৌরের রানআউটে। সেই রানআউট আবার আর পাঁচটা রানআউটের মতো নয়, পিচে ব্যাট আটকে যাওয়াতে ক্রিজে পৌঁছাতে পারেননি ভারতীয় অধিনায়ক। হারমানপ্রীতের এমন আউটকে তাই অনেকেই দুর্ভাগ্যজনক বলছেন।

কেউ কেউ আবার এখানে হারমানপ্রীতের তৎপরতার অভাবও দেখছেন। এই যেমন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন। হারমানপ্রীতের এই আউটকে তিনি তুলনা করেছেন ‘স্কুলবালিকার করা ভুলের’ সঙ্গে। হারমানপ্রীত অবশ্য নাসের হুসেইনের এই কথা মানতে নারাজ।

আরও পড়ুন

হারমানপ্রীত যখন রানআউট হয়েছেন, ভারতের প্রয়োজন ছিল ৩২ বলে ৪০ রান। যেভাবে তিনি ব্যাট করছিলেন, ভারতের সামনে এই রান বড় কোনো বাধা হতো না। কারণ, আউট হওয়ার আগে হারমানপ্রীত ব্যাট করছিলেন ৩৪ বলে ৫২ রান নিয়ে। তবে এক রানআউট ম্যাচের দৃশ্যপট বদলে দেয়। ৫ রানে ম্যাচ হেরে বিশ্বকাপ সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় ভারতকে।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেইন
ছবি: টুইটার

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উঠে এসেছিল নাসের হুসেইনের এমন মন্তব্যের প্রসঙ্গ। সেই প্রশ্নের জবাবে হারমানপ্রীত বলেছেন, ‘উনি এ রকম বলেছেন? আমি জানি না। হতে পারে এটা ওনার দৃষ্টিভঙ্গি। তাঁর যা মনে হয়েছে। তবে এমনটা হয়েই থাকে। ক্রিকেটে অনেককেই এভাবে আউট হতে দেখেছি। অনেক সময়ই ব্যাটসম্যান এক রান নিতে গিয়ে ব্যাট আটকে গিয়ে রানআউট হয়েছে। এমন আউট দুর্ভাগ্যজনক। তবে কখনোই স্কুলের মেয়েদের মতো ভুল নয়। কারণ, আমরা যথেষ্ট পরিণত এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলছি। তিনি যা বলেছেন, এটা তাঁর চিন্তাভাবনা।’

আরও পড়ুন

কেপটাউনে গতকাল টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ভারত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করেছে ১৬৭ রান। ৫ রানের জয়ে টানা সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।