‘প্রতিশোধ’ নেওয়ার চিন্তা নেই পাকিস্তানের
আগের দিন সংবাদ সম্মেলনে বেশ উচ্চাশার কথাই বলে গিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। পরদিন তাঁর অধিনায়ক শান মাসুদ অবশ্য পা রাখলেন মাটিতেই। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে বারবারই ঘুরেফিরে আসছে দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে হওয়া টেস্ট সিরিজটি।
দুটি ম্যাচই জিতে সেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজের আগে কোনো জয়ও ছিল না তাদের। আগামীকাল প্রথম টেস্ট শুরুর আগের দিন আজ মিরপুরে সংবাদ সম্মেলনে আসা পাকিস্তানের অধিনায়ক শান মাসুদের কাছে প্রশ্ন ছিল, তাঁরা কি বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়ে প্রতিশোধ নিতে চান?
পাকিস্তান অধিনায়কের উত্তর, ‘আমরা আমাদের পক্ষ থেকে “প্রতিশোধ”–এর মতো শব্দ ব্যবহার করি না। ২০২৪ সালে বাংলাদেশ দল যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছে, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম; যেমন তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল—তখনো তারা লড়াই করে টেস্ট ম্যাচ জেতার মতো দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে।’
গতকাল শাহিন বলেছিলেন, শুধু বাংলাদেশ সিরিজ নয়, তাঁরা খেলতে চান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অথচ এখন পর্যন্ত হওয়া তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের কোনোটিতেই পয়েন্ট তালিকায় পাঁচের ওপরে উঠতে পারেনি পাকিস্তান, গতবার তো পয়েন্ট তালিকায় ছিল সবার শেষে।
শান মাসুদ মাটিতেই তাই পা রাখছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে থাকা ও পরিস্থিতিটাকে সম্মান করা। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, যেটা একই সঙ্গে চ্যালেঞ্জেরও এবং সুযোগও। আমরা এখান থেকে খুব দূরে তাকাতে পারি না, ধাপে ধাপে যেতে হবে। সব দলই ফাইনালের স্বপ্ন দেখে, ট্রফি জেতারও, কিন্তু এই মুহূর্তে আমাদের পুরো নজরটাই বাংলাদেশ সিরিজে।’
এবার বাংলাদেশে এসেও ভিন্ন অভিজ্ঞতার ভেতর দিয়েই যেতে হচ্ছে পাকিস্তান দলকে। মিরপুরে তাদের খেলতে হবে স্পোর্টিং উইকেটে। তাতে তাদের বড় শক্তি পেসাররা। এমন কথাও এখন নিয়মিতই উঠছে, পাকিস্তানের পেস বোলিং ভালো নাকি বাংলাদেশের? শান মাসুদ বলেন, ‘তাদের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী; আমি এ পর্যন্ত যা দেখেছি, সম্ভবত এটিই তাদের সেরা আক্রমণ। আমরা দুই দলের বোলিং ইউনিটের মধ্যে কোনো তুলনায় যাব না, কারণ দুই পক্ষেই মানসম্পন্ন বোলার রয়েছে।’
পাকিস্তান অধিনায়ক ভরসা রাখতে চান নিজেদের শক্তিতেই, ‘প্রতিটি দলের নিজস্ব শক্তি থাকে। আমরা আমাদের দক্ষতা ও নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো বিচার করি। আমরা ১৬ সদস্যের একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি যারা প্রায় সব ধরনের কন্ডিশনেই খেলতে পারে। আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুবই খুশি, এখন লক্ষ্য হলো (দুই ম্যাচে) দশ দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি, যারা সেরা খেলাটা উপহার দেবে তারাই সিরিজ জিতবে।’