১৫ বছর বয়সেই ছক্কার বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

আইপিএল আবির্ভাবের বছর তিনেক পরে সূর্যবংশীর জন্মএএফপি

টি-টুয়েন্টিতে ছক্কা মারা কি স্রেফ ছেলেখেলা?
প্রশ্নটা বৈভব সূর্যবংশীকে করলে হয়তো সে বলবে, ‘তাই তো! দেখো না, আমি কত মারছি।’
ক্রিকেটের যে সংস্করণে সবচেয়ে বেশি পেশিশক্তির আস্ফালন চলে, সেখানেই ১৫ বছর বয়সী এই কিশোর একের পর এক সব হিসাবনিকাশ ওলটপালট করে দিচ্ছে। টি-টুয়েন্টিতে ১৯ বছর পূর্ণ হওয়ার আগে অর্থাৎ ‘টিনএজার’ হিসেবে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় এই বিহারি বিস্ময় বালক এখন সবার ওপরে।

আরও পড়ুন

২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে যখন আইপিএলে পা রাখে, অনেকে ভ্রু কুঁচকে ছিলেন। কিন্তু এখন সেই কিশোরের ব্যাটের দাপটে অনেকের চোখ কপালে ওঠার জোগাড়। গত বছর গুজরাট টাইটানসের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে টি-টুয়েন্টিতে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে সূর্যবংশী। সেই শুরু। এরপর রাজস্থান রয়্যালসের এই ওপেনার মাত্র ২২৭ বল খেলে আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করে। গ্লেন ম্যাক্সওয়েলের মতো ‘ম্যাড ম্যাক্স’কেও (২৬০ বল) পেছনে ফেলে সে–ই এখন দ্রুততম।

সেঞ্চুরির পর সূর্যবংশী
এএফপি

গত শনিবার জয়পুরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৬ বলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করে সূর্যবংশী গড়েছেন আরও এক বিশ্ব রেকর্ড। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে মাত্র ৪৭৩ বলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের ১০০০ রান পূর্ণ করার কীর্তি গড়েছে। আইপিএলে এটি তার দ্বিতীয় আর সব মিলিয়ে চতুর্থ টি-টুয়েন্টি সেঞ্চুরি।

হায়দরাবাদের বিপক্ষে ওই সেঞ্চুরির পথেই আরও একটি রেকর্ড হয়ে গেছে সূর্যবংশীর। টি-টুয়েন্টিতে টিনএজারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি এখন সূর্যবংশীর দখলে। ২৬ ইনিংসে তাঁর মোট রান ১০৫৮, যার মধ্যে ৫৬৪ রানই এসেছে ছক্কা থেকে! টিনএজার হিসেবে এখন পর্যন্ত ৯৪টি ছক্কা মেরেছেন তিনি। ভেঙে দিয়েছেন আফগান ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজের রেকর্ড। গুরবাজ ৫২ ইনিংসে মেরেছিলেন ৯০টি ছক্কা।

সেঞ্চুরির পর সূর্যবংশীর ‘স্যালুট’
এএফপি

ভারতীয়দের মধ্যে এত দিন কিশোর বয়সে সবচেয়ে বেশি ছক্কা ছিল ঈশান কিষানের। ২০১৪ থেকে ২০১৮—এই সময়ে ৫২ ইনিংসে তিনি মেরেছিলেন ৫৩টি ছক্কা। তবে সূর্যবংশী শুধু ছক্কাতেই থেমে নেই। টি-টুয়েন্টিতে কিশোরদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে—৪টি। আর ১০০০ রান করাদের মধ্যে তিনিই একমাত্র ব্যাটসম্যান, যার ক্যারিয়ার স্ট্রাইক রেট ২০০-এর বেশি!

আরও পড়ুন