সূর্যবংশীকে থামাতে হেলমেটে বোলিং করতেন ব্রেট লি

বৈভব সূর্যবংশীরয়টার্স

১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন অনেক সাবেক ক্রিকেটার। অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লিও তাঁদের একজন। তবে সূর্যবংশীর বিপক্ষে নিজে বল করলে কী পরিকল্পনা করতেন, সেটিও জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই পেস কিংবদন্তি।

ভারতের বিয়ারবাইসেপস ইউটিউব চ্যানেলে সূর্যবংশীর বিপক্ষে তাঁর বোলিং পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল ব্রেট লির কাছে। লি জানিয়েছেন, সূর্যবংশীর হুক ও পুল শটের দক্ষতাকেই চ্যালেঞ্জ জানাতেন তিনি। তাঁর পরিকল্পনা থাকত শর্ট বল করা। একবার নয়, প্রয়োজনে বারবার।

লি বলেছেন, ‘কেউ যদি ভালো হুক বা পুল খেলতে পারত, আমি সেটা পছন্দ করতাম। কারণ, তখন লড়াইটা জমে যায়। সূর্যবংশীর বিপক্ষে আমি আগে তাঁর ব্যাটিং বিশ্লেষণ করতাম। এরপর সুযোগ বুঝে হেলমেটের কাছাকাছি বল করতাম। ও হয়তো আমাকে ছক্কাও মারতে পারত। কিন্তু তাতে আমি নিরুৎসাহিত হতাম না।’

অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি
এক্স

সর্বশেষ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সূর্যবংশীর ৯৭ রানের ইনিংসটি লির মনে বিশেষভাবে দাগ কেটেছে। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে ভয়ডরহীন ব্যাটিং করেছিলেন তিনি।

লি বলেন, ‘সেই ম্যাচে অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে ৯৭ রান করেছে। তারা প্রচণ্ড গতিতে বল করছিল। তবু নাকের সামনে আসা বলও হুক করছিল। আর ও সঠিক ক্রিকেটীয় শট খেলছে। আবার কোথা থেকে যেন এমন শক্তি বের করে আনছে, সেটাও অসাধারণ।’

আরও পড়ুন

আইপিএল ২০২৬–এ রাজস্থান রয়্যালসের হয়ে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন সূর্যবংশী। ১৬ ম্যাচে করেছেন ৭৭৬ রান। জিতেছেন অরেঞ্জ ক্যাপ। পুরো আসরেই ছিল তাঁর ভয়ডরহীন ব্যাটিং। বিশ্বের সেরা বোলারদের বিপক্ষেও আক্রমণাত্মক ছিলেন তিনি।

এই পারফরম্যান্সের পুরস্কারও দ্রুত পেয়েছেন সূর্যবংশী। ভারতের টি-টুয়েন্টি দলে ডাক পান তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড সিরিজে শুরুটা অবশ্য কঠিন ছিল তাঁর। তবে জিম্বাবুয়ে সফরেই ঘুরে দাঁড়ান তরুণ এই ব্যাটসম্যান। সিরিজের সেরা খেলোয়াড়ও হন তিনি।

সূর্যবংশীর বয়স এখন ক্রিকেট–বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। ভারতের বাইরে অনেকের প্রশ্ন, মাত্র ১৫ বছর বয়সে কীভাবে তিনি এতটা পরিণত ক্রিকেট খেলছেন।
তবে লির কাছে বয়সের চেয়ে গুরুত্বপূর্ণ সূর্যবংশীর সামর্থ্য। তিনি বলেন, ‘ও অবিশ্বাস্য। ভারতের বাইরে সবাই জানতে চায়, আসলেই ওর বয়স ১৫ কি না। এটাই যেন সবচেয়ে বড় আলোচনার বিষয়। কিন্তু আমি ওর বয়স নিয়ে মাথা ঘামাই না। ১৫ হলে ভালো, ১৭, ১৮ হলেও কী সমস্যা!’

আরও পড়ুন