ভারতের জয় থামিয়েছিল নিউজিল্যান্ড, এবার নিউজিল্যান্ডের জয় থামাল ভারত
একটা টেস্ট, আরেকটা ওয়ানডে—ফরম্যাট ভিন্ন, তুলনাও তাই পুরোপুরি মেলে না।
তবে একটা জায়গায় মিল বড়ই—দুটোই অপরাজেয় যাত্রা থামিয়ে দেওয়ার।
২০২৪ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতে স্বাগতিকদের ১২ বছর ও ১৮টি সিরিজ অপরাজেয় থাকার ধারায় ছেদ টেনেছিল নিউজিল্যান্ড। এবার নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে কিউইদের আধিপত্যে ইতি টানল ভারত। সাত বছর আর ১১ সিরিজ পর দেশের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ হারল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ভারত জিতেছে ৩-২ ব্যবধানে।
আজ মাউন্ট মঙ্গানুইয়ে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ভারতের ২২ রানের জয়ে এই ‘প্রতিশোধের মঞ্চায়ন’ দেখেছে ক্রিকেট।
সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জিতেছিল ভারতই। তৃতীয়টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চতুর্থটিতে জয় পায় নিউজিল্যন্ড। আজ শেষ ম্যাচেও জয়ের সম্ভাবনা জাগিয়েছিল স্বাগতিকেরাই। কিন্তু ভারত ম্যাচটা নিজেদের দিকে টেনে নিয়েছে বোলারদের কৃতিত্বে।
২০৯ রান তাড়া করতে নেমে অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, আকিব নবী ও যশ ঠাকুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারিয়েছে নিউজিল্যান্ড। ১ উইকেটে ৬৪ রান তুলে ফেরলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকেরা। সর্বোচ্চ ৩১ রান করেন ডিন ফক্সক্রফট। ভারতের হয়ে ৩ উইকেট নেন অর্শদীপ, দুটি করে সিরাজ ও অক্ষর প্যাটেল।
এর আগে ভারতের রান দুই শ পার করানোয়ও ভূমিকা রাখেন এই তিনজন। অক্ষর করেন সর্বোচ্চ ৪৬ রান, একই রান করেন ঈষান কিষানও। আর দশম উইকেট জুটিতে ২৬ রান যোগ করার পথে অর্শদীপ খেলেন ৪ বলে ১৪ রানের ইনিংস, সিরাজ অপরাজিত থাকেন ২০ বলে ১৪ রানে।
বোলারদের ব্যাট হাতে ভালো করার দিনে অনাকাঙ্ক্ষিত এক স্মৃতির মুখোমুখি হয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় ওয়ানডেতে ৭ আর চতুর্থ ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়া এই ব্যাটসম্যান আজ ফিরেছেন ৫ রানে। দ্বিপক্ষীয় সিরিজের তিনটি ম্যাচে কোহলি এক অঙ্কের ঘরে আউট হলেন এ নিয়ে দ্বিতীয়বার। এর আগে ২০১২-১৩ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও তিনবার এক অঙ্কের রানে আউট হয়েছিলেন তিনি।
তবে নিজে রান না পেলেও দিন শেষে কোহলির মুখে হাসিই ফুটেছে দলের জয়ে। এটি আবার ঘরের বাইরে কোচ গৌতম গম্ভীরের প্রথম সিরিজ জয়।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪২.১ ওভারে ২০৯ (অক্ষর ৪৬, কিষাণ ৪৬, ধীর ২২; স্যান্টনার ৩/৪৭, ডাফি ৩/৬০)। নিউজিল্যান্ড: ৪৮.১ ওভারে ১৮৭ (ফক্সক্রফট ৩১, কেলি ২৪; অর্শদীপ ৩/৩০, মোহাম্মদ সিরাজ ২/৩১)। ফল: ভারত ২২ রানে জয়ী। সিরিজ: ভারত ৩-২ ব্যবধানে জয়ী।