নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা

পাকিস্তান অধিনায়ক হিসেবে ‘আনুষ্ঠানিক অভিষেক’ হয়েছে সাহিবজাদা ফারহানেরএএফপি

এশিয়ান গেমসেও দুটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন সাহিবজাদা ফারহান। তবে তাঁর নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেক হলো আজ। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে  ১০ চার ও ৪ ছক্কায় ৫৩ বলে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংসে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাহিবজাদা।

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ পাকিস্তান জয় পেয়েছে ৪ উইকেটে। টস জিতে ব্যাট করতে নেমে তাদের সামনে ১৮২ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। ওই রান ৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকেরা।

শ্রীলঙ্কার ইনিংসটা বলতে গেলে লাহিরু উদারা একাই টেনেছেন। ইনিংস উদ্বোধন করতে নেমে ১৯তম ওভারে গিয়ে তিনি আউট হয়েছেন সপ্তম ব্যাটসম্যান হিসেবে। এর আগে ৫৫ বলে ১১ চার ও ১ ছক্কায় তাঁর ৯১ রান করেন।

উদারা ছাড়া শ্রীলঙ্কার আর দুজন ব্যাটসম্যান কেবল দুই অঙ্কের ঘরে নিতে পেরেছেন ব্যক্তিগত সংগ্রহ। ১৮ বলে কামিন্দু মেন্ডিস ২৩ আর ১৫ বল খেলা দাসুন শানাকা করেছেন ১৮ রান। পাকিস্তানের হয়ে নাসিম শাহ নেন ৩ উইকেট।

বেশ ভালো সংগ্রহ দাঁড় করিয়েও শ্রীলঙ্কা তেমন লড়াই-ই করতে পারেনি। তাতে পাকিস্তানের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের কৃতিত্বটাই বেশি। অধিনায়ক সাহিবজাদার সঙ্গে ৫৪ রানের উদ্বোধনী জুটি ছিল ফখর জামানের।

ঈশান মালিঙ্গার বলে ফখর ফিরলে সাহিবাজাদা জুটি বাধেন মাজ সাদাকাতের সঙ্গে। এ দুজনের জুটিতে ৫২ বলে আসে ৯২ রান। মহীশ তিকশানা বলে ৫০ রান করে সাদাকাত যতক্ষণে আউট হয়েছেন, ততক্ষণে পাকিস্তান ১৪৬ রান করে ফেলে। পরে ৩৩ রানের মধ্যে ৪ উইকেট হারালেও পাকিস্তানের আর বড় কোনো বিপদ হয়নি।

আরও পড়ুন