ছবির গল্পে শ্রীলঙ্কানদের এশিয়া কাপ বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বস্তি? না, তার চেয়ে প্রেরণা শব্দটাই বেশি মানানসই। এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা। দেশটির মানুষের জন্য মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই শিরোপা প্রেরণা ছাড়া আর কী হতে পারে! মঙ্গলবার শিরোপা নিয়ে দাসুন শানাকার দল যখন শ্রীলঙ্কার রাস্তায় শোভাযাত্রায় বের হলেন, তখন লঙ্কানরা রাস্তার চারপাশে জড়ো হয়ে লড়াইয়ে প্রেরণাই তো গায়ে মেখেছে! দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে এই শিরোপা নিশ্চিতভাবেই লঙ্কানদের জন্য ঘুরে দাঁড়ানোর প্রতীকী-পাঠ হতে পারে।

বন্দারনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে শানাকার দলকে উৎসবের মেজাজে বরণ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। কিছু আনুষ্ঠানিকতার পর লাল রঙের দ্বিতল ছাদ-খোলা বাসে শোভাযাত্রায় বের হন খেলোয়াড়েরা। তা, কেমন হলো সেই শোভাযাত্রা? আসুন, ছবির গল্পে দেখে নেই।

১ / ৯
ছাদ-খোলা বাসে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়েরা। পেছনে মোটর-শোভাযাত্রা। এমন একটা মুহূর্তের অপেক্ষাতেই ছিল শ্রীলঙ্কা দল। খেলোয়াড়দের উৎসবমুখর চাহনিতেই বোঝা যায়, দেশের দুঃখের সময়ে সবার মুখে একটু হাসি ফোটানোর চেষ্টায় তাঁরা সফল
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
২ / ৯
নিচে উৎসবমুখর জনতা, আর বাসের ছাদ থেকে জনতার উদ্দেশে ট্রফি দেখাচ্ছেন অধিনায়ক দাসুন শানাকা। জনতা হাত বাড়িয়ে যেন শিরোপাটা ছুঁয়ে দেখতে চায়! এশিয়া কাপের এই শিরোপা জয়ের পরই তা দেশের মানুষের প্রতি উৎসর্গ করেছে শ্রীলঙ্কা দল
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
৩ / ৯
জাতীয় দল শোভাযাত্রায় বের হওয়ার পর রাস্তার বেশির ভাগ জায়গাতেই ভিড় জমিয়েছিলেন লঙ্কানরা। দেশের পতাকা হাতে হাত বাড়িয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান লঙ্কান ক্রিকেটভক্তরা
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
৪ / ৯
শোভাযাত্রার মাঝে খানিক বিরতি। ভক্তরা খেলোয়াড়দের অটোগ্রাফ নিতে ব্যাট এগিয়ে দেন। ভক্তদের দাবি মিটিয়ে অটোগ্রাফ দিচ্ছেন খেলোয়াড়েরা
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
৫ / ৯
রাস্তার পাশে নতুন প্রজন্ম দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছে, তাদের প্রতি হাত বাড়িয়ে শুভেচ্ছার জবাব দিচ্ছেন খেলোয়াড়েরা। স্কুলের ছেলে-মেয়েরাও রাস্তায় দাঁড়িয়ে অভিনন্দন জানান শ্রীলঙ্কা জাতীয় দলকে
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
৬ / ৯
নিজের দেশের মানুষের সামনে শিরোপা উঁচিয়ে ধরার আনন্দই অন্যরকম। তেমন একটি মুহূর্তে শ্রীলঙ্কা দল
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
৭ / ৯
শানাকা-রাজাপক্ষেদের ঐতিহাসিক এই মুহূর্ত মুঠোফোনের ক্যামেরায় ধরে রাখেন লঙ্কানরা। কেউ কেউ দূর থেকে সেলফিও তোলার চেষ্টা করেন
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
৮ / ৯
ভক্তদের সঙ্গে শ্রীলঙ্কা অধিনায়ক শানাকাও সেলফি তুললেন
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
৯ / ৯
শ্রীলঙ্কা দল যেদিন এশিয়া কাপের শিরোপা জিতেছে, সেদিন দেশটির মেয়েদের নেটবল দলও এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে। শোভাযাত্রায় দেখা হয়ে যায় দুই ভুবনের দুই বিজয়ী দলের
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড