নাজমুলের সেঞ্চুরি, প্রিমিয়ার লিগেও আলো ছড়াচ্ছেন তারকারা

নাজমুল হোসেনফাইল ছবি: বিসিবি

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষে আজ ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিলেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন সেঞ্চুরি করে জিতিয়েছেন আবাহনীকে। ৫ উইকেট পেয়েছেন মোহামেডানের তাইজুল ইসলাম, ফিফটি পেয়েছেন একই দলের মুশফিকুর রহিমও।    

আজ সপ্তম রাউন্ড শেষে শীর্ষে রয়েছে মোহামেডান, ৭ ম্যাচে তারা একটিতে হেরেছে। তাদের সঙ্গে ৫টি করে ম্যাচ জেতা আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকও আছে শিরোপা দৌড়ে। লিগে এখনো চার রাউন্ড বাকি আছে।

নাজমুলের সেঞ্চুরিতে আবাহনীর জয়

লিগের প্রথম ম্যাচে মাঠে হাজির থাকলেও নাজমুল হোসেন সেদিন ছিলেন শুধুই দর্শক। মাঝে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ জেতায় নেতৃত্ব দিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে আজ আবাহনীর হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই নাজমুল পেয়েছেন সেঞ্চুরি।

ইউল্যাব মাঠে আবাহনীর সামনে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছিল অগ্রণী ব্যাংক। রান তাড়ায় ১ উইকেট হারিয়ে ৩১.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ৭ চার ও সমান ছক্কায় ৯০ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন নাজমুল, ৮৬ বলে ৫৬ রান আসে মাহিদুল ইসলামের ব্যাটে।

তারকারা জেতালেন মোহামেডানকেও

শিরোপা লড়াইয়ে থাকা মোহামেডানের হয়ে আজ মাঠে নেমেছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা মুশফিকুর রহিম, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম। বিকেএসপিতে গুলশানের বিপক্ষে ২৩৭ রানের জয়ে বড় অবদান ছিল মুশফিক ও তাইজুলের।

সেঞ্চুরি করেছেন ইরফান শুক্কুর
বিসিবি

তাওহিদ হৃদয়ের ৭৭ বলে ৮৬ ও মুশফিকুর রহিমের ৬২ বলে ৭২ রানের কল্যানে ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৩৪৫ রান করে মোহামেডান। পরে গুলশান ক্লাবকে মাত্র ১০৮ রানে অলআউট করে দেয় মোহামেডান। তাইজুল ৯.২ ওভার বল করে লিস্ট–এ ক্রিকেটে চতুর্থ ৫ উইকেট পান তিনি। ৭ ওভার করে ২৪ রান দিলেও উইকেট পাননি ইবাদত। ৭ ম্যাচের ৬টিতে জেতা মোহামেডান এখন ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে।

হেরে গেছে প্রাইম ব্যাংক

মোহামেডানের সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকা প্রাইম ব্যাংক আজ ১৯ রানে হেরে গেছে সিটি ক্লাবের কাছে। সেঞ্চুরি করেছেন সিটি ক্লাবের ৪০ বছর বয়সী এনামুল হক আনাম। ২০১৩ সালে অভিষেকের পর ৯৬ ম্যাচ খেলে এই প্রথম সেঞ্চুরি পেলেন এনামুল। লিগে তাঁর ফিফটি চারটি, যার দুটিই করেছেন এই মৌসুমে।

তাঁর সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান করে সিটি ক্লাব। রান তাড়ায় পুরো ৫০ ওভার খেললেও ৯ উইকেটে ২৪৭ রানের বেশি করতে পারেনি তারা। ৬ চার ও ৩ ছক্কায় ৯৮ বলে সর্বোচ্চ ৯৫ রান করেন আজিজুল হাকিম। সিটি ক্লাবের আরেক এনামুল হক আশিক ৫ উইকেট নেন।

বিকেএসপিতে স্ট্রাইকার্সের জয়

ফজলে মাহমুদের সেঞ্চুরিতে ব্রাদার্সের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৭ রানের জয় পেয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। ব্রাদার্সের সামনে ৩২৫ রানের বড় লক্ষ্য দিয়েছিল তারা। তাড়া করতে নেমে পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে ৩১৭ রান করে ব্রাদার্স। আহত অবসর হওয়ার আগে ১১৩ বলে ১৩২ রান করেন ফজলে মাহমুদ।  

আব্দুল্লাহর সেঞ্চুরিতেও হার রূপগঞ্জ টাইগার্সের

ইফতেখার হোসেনের ৯১ রানে ভর করে রূপগঞ্জ টাইগার্সের সামনে ২৭৬ রানের লক্ষ্য দিয়েছিল ঢাকা লেপার্ডস। তাড়া করতে নেমে ১২৮ বলে ১০০ রান করলেও মোহাম্মদ আব্দুল্লাহর দল হেরে গেছে ।

লিজেন্ডস অব রূপগঞ্জের জয়

মিরপুরে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আগে ব্যাট করে গাজী গ্রুপ ২১০ রানে অলআউট হয়ে যায়। রান তাড়ায় আহত অবসর হওয়ার আগে ৭৫ বলে ১২৭ রান করেন ইরফান শুক্কুর।

আরও পড়ুন