ওয়েস্ট ইন্ডিজকে হারালেও র্যাঙ্কিংয়ে দুইয়ে নেমে যেতে পারে ভারত, যদি...
টেস্টে র্যাঙ্কিংয়ে বেশ ভালো রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। রোহিত শর্মার দলের রেটিং ১২১, যেখানে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১১৬। ভারত যে এই মুহূর্তে টেস্টের সেরা দল, এ সপ্তাহে মাঠের ক্রিকেটে তার প্রমাণও রেখেছেন রোহিতরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি মাত্র তিন দিনের মধ্যে জিতে নিয়েছে ভারত। অভিষিক্ত যশস্বী জয়সোয়াল আর অধিনায়ক রোহিতের সেঞ্চুরির পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত জিতেছে ইনিংস ও ১৪১ রানের বড় ব্যবধানে। আগামী বৃহস্পতিবার পোর্ট অব স্পেনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ফেবারিট হিসেবে নামতে যাওয়া ভারত এই ম্যাচেও হয়তো জয়ই পাবে।
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২–০ ব্যবধানে সিরিজ জিতলেও শীর্ষস্থান ধরে রাখার নিশ্চয়তা নেই ভারতের। পিছলে যেতে হতে পারে র্যাঙ্কিংয়ের দুইয়ে। আর সেটা নির্ভর করছে অ্যাশেজে ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার শেষ দুই ম্যাচের ওপর।
এই মুহূর্তে ভারতকে দুইয়ে নামিয়ে দেওয়ার সামর্থ্য আছে শুধু অস্ট্রেলিয়ার। ভারতের চেয়ে ৫ রেটিং কম নিয়ে দুইয়ে আছে অস্ট্রেলিয়া, অ্যাশেজেও এগিয়ে আছে ২–১ ব্যবধানে। অ্যাশেজের শেষ দুটি টেস্টের প্রথমটি শুরু হবে বুধবার ম্যানচেস্টারে, পরেরটি ২৭ জুলাই ওভালে।
ভারত ২–০ ব্যবধানে জিতলে
ভারত যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২–০ ব্যবধানেও জেতে, অস্ট্রেলিয়া ৪–১ ব্যবধানে অ্যাশেজ জিতলে তাদের টপকে যাবে। এজবাস্টন ও লর্ডস টেস্ট জিতে প্যাট কামিন্সরা এখন অ্যাশেজে ২–১ ব্যবধানে এগিয়ে। শেষ দুটি টেস্টে জিতলে তাদের রেটিং দাঁড়াবে ১২৩, যা ভারতের চেয়ে ১ রেটিং বেশিই থাকবে।
ভারত ১–০ ব্যবধানে জিতলে
ওয়েস্ট ইন্ডিজ–ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট যদি ড্র হয়, তবু ১–০ ব্যবধানে সিরিজ জিতবে ভারত। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া অ্যাশেজের বাকি দুই ম্যাচের একটি জয় আরেকটিতে ড্র করলেই এগিয়ে যাবে।
ভারত–ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ড্র হলে
পরের টেস্টে ওয়েস্ট ইন্ডিজ যদি ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেয়, সিরিজ শেষ হবে ১–১ সমতায়। তখন অস্ট্রেলিয়াকে অ্যাশেজের শেষ দুই টেস্ট ড্র করলেই চলবে, আর কোনো একটি ম্যাচ জিতলে তো কথাই নেই।