ঢাকায় ধোনির ব্যাটে ‘ঝটকা’ দেখেছিলেন টেন্ডুলকার

ছবিটি মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের প্রথম দিকের। ২০০৫ সালের বিশাখাপট্টনমে এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ১৪৮ রানের ইনিংসএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটে বল লাগার পর একটা ঝটকা। মুহূর্তেই বল ছুটে যায় সীমানার বাইরে।

মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ের কথা ভাবলে এমন দৃশ্যই চোখে ভাসার কথা। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় ধোনির ব্যাটিং দেখে শচীন টেন্ডুলকারেরও তা-ই মনে হয়েছিল। এতটাই যে পাশে থাকা ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে বলেছিলেন, ‘দাদা, ছেলেটার হাতে একটা বিশেষ ঝটকা আছে। ব্যাট চালানোর সময় যেভাবে বল মারে, দেখার মতো।’

প্রায় ২২ বছর আগের সেই বাংলাদেশ সফরই ছিল ভারতের হয়ে ধোনির প্রথম আন্তর্জাতিক সফর। শুরুটা অবশ্য সুখকর ছিল না। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছিল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে, ২৩ ডিসেম্বর।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রফিকের বলে রান নিতে গিয়েছিলেন। ফাইন লেগ থেকে তাপস বৈশ্যের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার খালেদ মাসুদ। প্রথম বলেই শূন্য রানে রানআউট। অভিষেকের খাতায় নাম উঠল, কিন্তু ব্যাট হাতে কিছু করার আগেই আউট।

দ্বিতীয় ম্যাচটিই ছিল ২৬ ডিসেম্বর ঢাকায়। এবার ১১ বলে ১২ রান, দুটি চার। একটি তাপস বৈশ্যের বলে, অন্যটি আফতাব আহমেদের বলে। দুটিই কাভার দিয়ে। তবে প্রথাগত কাভার ড্রাইভ নয়, ব্যাটের সেই বিশেষ ‘ঝটকা’য়।

আর এই দুটি চারই টেন্ডুলকারের মনে ধরেছিল। এরপরই অধিনায়ক সৌরভকে বলেছিলেন সেই ‘ঝটকা’র কথা। ২০২০ সালে ধোনি যখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান, সেদিন ঢাকার সেই স্মৃতির কথা ‘ইন্ডিয়ান এক্সপ্রেসে’ লিখেছিলেন টেন্ডুলকার।

ছবিটি ২০০৪ সালের ২৭ ডিসেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে তোলা। টেন্ডুলকারের বলে রাজিন সালেহকে স্টাম্পিং করেন ধোনি

ছয় বছর পর ধোনির আরেক অবসর। মঙ্গলবার চেন্নাই সুপার কিংস জানিয়েছে, ধোনি আর আইপিএলে খেলোয়াড় হিসেবে ফিরছেন না। ২০২৭ মৌসুম থেকে তিনি দলের মেন্টরের দায়িত্ব নেবেন। আইপিএলই ছিল তাঁর খেলোয়াড়ি ক্যারিয়ারের শেষ অধ্যায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই।

ধোনির খেলোয়াড়ি জীবনের ইতি নিয়ে চারপাশে চলছে বন্দনা, স্মৃতি রোমন্থন আর শুভেচ্ছাবাণী। তাতে শামিল হয়ে টেন্ডুলকারও স্মরণ করেছেন ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়কের বর্ণাঢ্য ক্যারিয়ার। আর সেই স্মৃতিচারণার শুরুতেই ফিরেছেন ঢাকায় দেখা ধোনির ব্যাটিংয়ে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে টেন্ডুলকার লিখেছেন, ‘আমার এখনো মনে পড়ে, বাংলাদেশে ধোনির ব্যাটিং দেখে সৌরভকে বলেছিলাম—তার পাওয়ার হিটিংয়ে বিশেষ কিছু আছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল, তার মধ্যে বিরল প্রতিভা আছে। এরপর তার ক্রিকেট–যাত্রা কত দুর্দান্তই–না হয়েছে!’

বাংলাদেশ সফরে টেন্ডুলকার ধোনিকে দেখেছেন তিনটি ম্যাচেই। সতীর্থ হিসেবে অনুশীলনেও দেখেছেন। তবে তাঁর নজর কেড়েছিল ম্যাচে ধোনির ব্যাটিং। সিরিজের দ্বিতীয় ম্যাচে দুই চারের পর ধোনির পরের ঝলক দেখা যায় ২৭ ডিসেম্বরের তৃতীয় ওয়ানডেতে।

ভারতের ইনিংসের শেষ ওভারে যুবরাজ সিং আউট হলে ক্রিজে আসেন ধোনি। খালেদ মাহমুদের বলে লং অনে আফতাব আহমেদের হাতে ক্যাচ দিয়েছিলেন যুবরাজ। ধোনি নেমে প্রথম বলে শট খেললেন সেই একই জায়গায়—তবে এবার বল আফতাবের মাথার ওপর দিয়ে সীমানার বাইরে। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ছক্কা। আরেকটি ধোনি–বার্তা!

তিন ম্যাচের সিরিজে ধোনির রান মোটে ১৯—০, ১২ ও ৭। শুধু পরিসংখ্যান দেখলে পরের সিরিজে জায়গা ধরে রাখার মতো পারফরম্যান্স মনে হওয়ার কথা নয়। কিন্তু টেন্ডুলকারের চোখে ধরা পড়েছিল অন্য কিছু। যে ব্যাটিংয়ের ঝটকা দেখে তিনি সৌরভকে বলেছিলেন, ‘এই ছেলেটার মধ্যে বিশেষ কিছু আছে’, পরবর্তী সময়ে সেটিই হয়ে উঠেছিল ধোনির সবচেয়ে বড় পরিচয়গুলোর একটি।

শচীন টেন্ডুলকার তাঁর ক্যারিয়ারের সেরা অর্জন বিশ্বকাপ জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে
এএফপি

এরপরের ধোনিকে তো সবাই জানেন। ২০০৭ সালে তাঁর নেতৃত্বে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। টেন্ডুলকারের দীর্ঘদিনের স্বপ্ন—২০১১ বিশ্বকাপ জয়ও আসে ধোনির অধিনায়কত্বে। ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতে তিনটি বড় আইসিসি শিরোপা জেতা প্রথম অধিনায়ক হন তিনি। ওয়ানডেতে ১০ হাজারের বেশি রান, ম্যাচ শেষ করার অসংখ্য স্মরণীয় মুহূর্ত আর আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পাঁচটি শিরোপা—ধোনির অর্জনের তালিকা লম্বাই।

টেন্ডুলকারও সেই যাত্রার অংশ ছিলেন। তাই বিদায়বেলায় ধোনিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমি সব সময় বিশ্বাস করতাম, তুমি বিশেষ কিছু করবে। শেষ পর্যন্ত তুমি তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করেছ।’

প্রায় ২২ বছর পরও টেন্ডুলকারের স্মৃতিতে ধোনির সেই শুরুটা রয়ে গেছে—ঢাকার মাঠে দুটি চার, আর ব্যাটে এক বিশেষ ‘ঝটকা’।

আরও পড়ুন