অন্যের বয়স শুনে অবাক আফ্রিদি, বললেন—‘তাহলে আমার বয়স ৩০–৩৫’

শহীদ আফ্রিদিএক্স

শহীদ আফ্রিদির বয়স নিয়ে ক্রিকেট দুনিয়ায় গল্পের শেষ নেই। পাকিস্তানের এই ক্রিকেটারের আসল বয়স কত, এ নিয়ে কৌতূহল অনেকেরই। সেই আফ্রিদিই এবার পাকিস্তানের এক তরুণ ক্রিকেটারের বয়স শুনে এমন মন্তব্য করেছেন, যা শুনে স্টুডিওতেই হাসির রোল পড়ে যায়।

যে ক্রিকেটারের বয়স নিয়ে এমন কাণ্ড, তাঁর নাম ইরফান নিয়াজি। এই অলরাউন্ডার পাকিস্তানের হয়ে ১৪ টি–টুয়েন্টি ও ৯টি ওয়ানডে খেলেছেন। এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পর একটি টেলিভিশন টক শোতে ২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য দল নিয়ে আলোচনা চলছিল। সেখানেই ওঠে ইরফানের নাম।

অনুষ্ঠানের অতিথি আফ্রিদি প্রথমে ইরফানের প্রসঙ্গে বলেন, ‘অতীতে (ইরফান) নিয়াজিকে সুযোগ দেওয়া হয়েছে। চার বা পাঁচ নম্বরে ব্যাট করা একজন হিটার। ওর বয়স কত হতে পারে?’ এরপর তিনি আরও যোগ করেন, ‘ছেলেটা ফিট, ভালো হিটও করতে পারে। আগে তাকে সুযোগ দেওয়া হয়েছে।’

ইরফান নিয়াজি
আইসিসি

এদিকে তখন সঞ্চালক নিয়াজির বয়স খুঁজে বের করে জানান, ‘তার বয়স ২৩।’
বয়স শুনে বিস্ময় প্রকাশ করে আফ্রিদি বলেন, ‘কী? তার বয়স ২৩?’

সঞ্চালক হাসতে হাসতে বলেন, ‘অফিশিয়ালি তার বয়স ২৩।’

এরপর ৪৬ বছর বয়সী আফ্রিদি মজা করে বলেন, ‘ঠিক আছে, তাহলে আমার বয়স নিশ্চয়ই ৩০ থেকে ৩৫।’ এ কথা শুনে স্টুডিওতেই হাসির রোল পড়ে যায়।

আরও পড়ুন

আফ্রিদির অফিশিয়াল বয়স নিয়ে বিতর্ক অনেক দিনের। আত্মজীবনী ‘গেম চেঞ্জারেই’ নিজের বয়স নিয়ে দুই ধরনের তথ্য দিয়েছেন তিনি। পাকিস্তানের সাবেক অধিনায়ক তাঁর বইয়ে জন্মসাল লিখেছেন ১৯৭৫। আর পাসপোর্টে জন্মতারিখ ১ মার্চ ১৯৮০। এই হিসাব ধরলে ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি (তখন ওয়ানডেতে দ্রুততম) করার সময় আফ্রিদির বয়স ছিল মাত্র ১৬ বছর।

আফ্রিদির অফিশিয়াল বয়স নিয়ে বিতর্ক অনেক দিনের
আইসিসি

মজার বিষয় হচ্ছে, সেই ম্যাচে টিভি সম্প্রচারে আফ্রিদির বয়স দেখানো হয়েছিল ২১ বছর, যা পরে আত্মজীবনীতে লেখা জন্মসালের (১৯৭৫) সঙ্গে মিলে যায়। কিন্তু একই বইয়ের আরেক জায়গায় আফ্রিদি লিখেছেন, সেই ইনিংস খেলার সময় তাঁর বয়স ছিল ১৯।

নিজের বয়স নিয়েই যেখানে বিতর্কের শেষ নেই, সেই আফ্রিদিই এবার পাকিস্তানের আরেক ক্রিকেটারের বয়স নিয়ে মজা করলেন টেলিভিশন অনুষ্ঠানে।

আরও পড়ুন