ব্যাটসম্যান লিটন চমৎকার, কিপার লিটন বিস্ময়কর

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটসম্যানের আটজনই আউট হয়েছেন লিটনের হাতেএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ডটি এতক্ষণে সবার জানা। টেস্টের দেড় শ বছরের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন বাংলাদেশের লিটন দাসের। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটসম্যানের আটজনই আউট হয়েছেন লিটনের হাতে। এর মধ্যে ক্যাচ ৬টি, স্টাম্পিং ২টি।

লিটনকে নিয়ে কথা হলে ব্যাটিংটাই আগে আসে। ব্যাট হাতে তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্নও নেই। জোহাসেনবার্গ টেস্টের প্রথম ইনিংসেও তো সেঞ্চুরি করেছেন। কিন্তু উইকেটের পেছনে দাঁড়িয়ে যে লিটন প্রতিনিয়ত দলের জন্য অবদান রাখেন, তা নিয়ে কতটুকু আলোচনা হয়?

ব্যাটসম্যান লিটনের পরিচিতি যতটা বিস্তৃত, উইকেটকিপার হিসেবে তাঁর মূল্যায়ন কি ততটাই? জোহানেসবার্গের রেকর্ড নতুন করে সামনে এনেছে সেই আলোচনা।

সবকিছু আবার স্কোরকার্ডেও ধরা পড়ে না। যেমন হাসান মাহমুদের মতো পেসারের বলেও লিটন শর্ট কিপিং করেন। উইকেটের বেশ কাছে দাঁড়িয়ে ব্যাটসম্যানের পায়ের নড়াচড়া ও শট খেলার সুযোগ সীমিত করে দেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে এভাবেই স্টাম্পিং করেছিলেন জশুয়া বিশপকে।

চলমান জোহানেসবার্গ টেস্টেও দেখা গেছে একই দৃশ্য। ক্যাচ নিলে কিংবা স্টাম্পিং করলে সেটি স্কোরকার্ডে জায়গা পায়। কিন্তু প্রতিপক্ষের রান আটকে রাখা, ব্যাটসম্যানের স্বাভাবিক শট খেলার সুযোগ কমিয়ে দেওয়া কিংবা ক্রিজে ব্যাটসম্যানের চলাফেরায় চাপ তৈরি করার কৃতিত্ব তো পরিসংখ্যানে ধরা পড়ে না। অথচ দলের জন্য এসবও কম গুরুত্বপূর্ণ নয়।

গ্লাভস হাতে দারুণ ছন্দে লিটন
ফেসবুক

উইকেটকিপার হিসেবে লিটনের টেকনিক বেশ পরিণত। তীক্ষ্ণ অনুমানশক্তি, নিখুঁত ফুটওয়ার্ক আর দ্রুত রিফ্লেক্স তাঁকে করে তুলেছে নির্ভরযোগ্য। উপমহাদেশের টার্নিং উইকেট হোক কিংবা পেস–সহায়ক উইকেট—সব কন্ডিশনেই উইকেটের পেছনে তিনি বিশ্বস্ত।

শুধু গ্লাভস হাতে দাঁড়িয়েই লিটনের দায়িত্ব শেষ হয় না। উইকেটের পেছন থেকে বোলারদের সঙ্গে যোগাযোগ রাখা, ব্যাটসম্যানের গতিবিধি বুঝে ফিল্ডিং সাজাতে সহায়তা করা, রিভিউ নেওয়ার ক্ষেত্রে অধিনায়ককে পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও লিটন নিজেকে বারবার প্রমাণ করেছেন।

জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরির পর লিটন দাস
এএফপি

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫৫ ম্যাচে উইকেটকিপিং করেছেন মুশফিকুর রহিম। তবে ২০১৯ সালের পর থেকে টেস্টে মুশফিক আর উইকেটের পেছনে দাঁড়াননি। এর পর থেকেই মূলত দায়িত্বটা সামলে আসছেন লিটন। অবশ্য এই সময়ে তিনি ছাড়া উইকেটকিপিং করেছেন আরও চারজন—নুরুল হাসান (৭ টেস্ট), মাহিদুল ইসলাম (১), জাকের আলী (২) ও অমিত হাসান (১)। সব মিলিয়ে ৬০ টেস্টের ক্যারিয়ারে ৪৯টিতেই উইকেটকিপিং করেছেন লিটন।

উইকেটকিপিং করা ম্যাচে ব্যাট হাতেও বেশি সফল লিটন। যে ৪৯টি টেস্টে উইকেটকিপিং করেছেন, সেগুলোতে তাঁর ব্যাটিং গড় ৩৯.৪৫। করেছেন সাতটি সেঞ্চুরি ও ১৮টি ফিফটি। অন্যদিকে উইকেটকিপিং না করা ১১ টেস্টে তাঁর ব্যাটিং গড় মাত্র ২৭। এই ১১ টেস্টের ২১ ইনিংসে সেঞ্চুরি একটি, ফিফটি তিনটি।

আরও পড়ুন

লিটন নিজেও বলেন, উইকেটকিপিং তাঁর ব্যাটিংয়ের কাজটা সহজ করে দেয়। গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর বলেছিলেন, ‘উইকেটকিপিং আমার ব্যাটিংয়ে ভালো করতে সাহায্য করে। অনেক কিছু বুঝতে পারি। উইকেট সম্পর্কে ধারণা পাই। আর এটা ব্যাটিংয়েও সাহায্য করে।’

অর্থাৎ, লিটনের ব্যাটিং ছন্দের পেছনেও উইকেটকিপিংয়ের বড় অবদান। এটা অবশ্য ফিটনেসেরও একটা পরীক্ষা। দিনের পর দিন, ওভারের পর ওভার উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকতে হয়। দীর্ঘ সময়ের এই শারীরিক ও মানসিক ধকল সামলে আবার ব্যাট হাতে নামা।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত টেস্টে উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ (৬০ ইনিংসে ২,৪৭৩) রান লিটনের। তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু অ্যালেক্স ক্যারি ও ঋষভ পন্ত।

দুজনই অবশ্য লিটনের চেয়ে বেশি ইনিংস খেলেছেন। ক্যারি ৮২ ইনিংসে করেছেন ২৫৪৪, পন্ত ৬৭ ইনিংসে ২৯৯২। গড়ের হিসাবে লিটনের অবস্থান আরও ভালো। ২০২১ সালের পর থেকে নূন্যতম ১০০০ রান করা উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে লিটনের গড় দ্বিতীয় সর্বোচ্চ—৪৩.৩৮। তাঁর চেয়ে বেশি গড় আছে শুধু পন্তের, ৪৫.৭৪।

ব্যাট হাতে উইকেটের সামনে দাঁড়ানো লিটনই শুধু নন, কিপিং গ্লাভস পরে উইকেটের পেছনে দাঁড়ানো লিটনও তাই একই আলোয় উজ্জ্বল।

আরও পড়ুন