ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য হানড্রেডের আটটি দল যৌথ বিবৃতিতে জানিয়েছে, এই প্রতিযোগিতা ‘সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং উন্মুক্ত’। ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামে পাকিস্তানি খেলোয়াড়দের নেবে না—এমন গুঞ্জনের মধ্যে সংশ্লিষ্ট দুই পক্ষ এমন অবস্থানের কথা জানিয়েছে।
গত সপ্তাহে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেইভ এবং সানরাইজার্স লিডস দ্য হানড্রেডের আসন্ন নিলামে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে বিবেচনা করবে না। খবর প্রকাশের পর এ নিয়ে সমালোচনা হলে ইসিবি রোববার টুর্নামেন্টের ৮ দলকে একটি ই–মেইল পাঠায়।
সেখানে জাতীয়তার ভিত্তিতে খেলোয়াড়দের উপেক্ষা করাসহ বৈষম্যের কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে দলগুলোকে সতর্ক করে দেওয়া হয়। এর দুই দিন মঙ্গলবার রাতে ইসিবি ও দ্য হানড্রেডের আটটি দল ‘অন্তর্ভুক্তিমূলক’ টুর্নামেন্টের কথা উল্লেখ যৌথ বিবৃতি দিয়েছে।
টি–টুয়েন্টি হিসেবে স্বীকৃত ১০০ বলের ক্রিকেটের টুনামেন্ট দ্য হানড্রেডের এ বছরের নিলাম হবে ১১ ও ১২ মার্চ। ছেলেদের টুর্নামেন্টের জন্য ৬৩ জন এবং মেয়েদের টুর্নামেন্টের জন্য ৪ জন পাকিস্তানি ক্রিকেটার নাম নিবন্ধন করিয়েছেন।
নিলামে কোনো দেশের খেলোয়াড়দের আলাদাভাবে দেখা হবে না জানিয়ে যৌথ বিবৃতিতে বলা হয়, ‘দ্য হানড্রেড প্রতিষ্ঠিত হয়েছিল নতুন দর্শকদের কাছে পৌঁছাতে, ক্রিকেট খেলাকে আরও বড় করতে এবং এটি নিশ্চিত করতে যে জাতিগত পরিচয়, লিঙ্গ, ধর্ম, জাতীয়তা বা অন্য যা-ই হোক না কেন—সবাই যেন আমাদের এই খেলায় নিজেদের অংশ মনে করতে পারে।’
ইসিবির অবস্থান তুলে ধরে বিবৃতিতে লেখা হয়, ‘টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকা গভর্নিং বডি হিসেবে ইসিবি বৈষম্যহীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের আচরণ মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তাদের নিজস্ব নিয়মাবলি রয়েছে। জাতীয়তার কারণে খেলোয়াড়দের বাদ দেওয়া যাবে না।’
নিলামে অংশ নিতে যাওয়া দলগুলো নির্দেশনা মেনে চলবে জানিয়ে লেখা হয়, ‘আটটি দলই প্রতিশ্রুতি দিচ্ছে যে খেলোয়াড় নির্বাচন শুধু ক্রিকেটীয় পারফরম্যান্স, প্রাপ্যতা এবং প্রতিটি দলের প্রয়োজনের ওপর ভিত্তি করে হবে। এটি ক্রিকেটকে সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক খেলা হিসেবে গড়ে তোলা, সুযোগ তৈরি করা, বাধাগুলো ভেঙে ফেলা এবং সব পটভূমির খেলোয়াড়দের জন্য খেলার শীর্ষ পর্যায়ে পৌঁছানোর একটি ন্যায্য ও সমান পথ নিশ্চিত করার ক্ষেত্রে ইসিবির বৃহত্তর প্রতিশ্রুতিরই প্রতিফলন।’
ভারতীয় মালিকানার দলগুলোতে পাকিস্তানি খেলোয়াড়দের না নেওয়ার খবর সামনে আসার পর ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক এর সমালোচনা করেন। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার মধ্যে থাকা ব্রুক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি, নিলামে প্রায় ৫০ বা ৬০ জন খেলোয়াড় আছে এবং তাদের মধ্যে কয়েকজনকে সেখানে না দেখাটা হবে লজ্জাজনক। সেখানে কিছু অসাধারণ ক্রিকেটার আছে এবং তারা দারুণ দর্শকও নিয়ে আসে। কিছু পাকিস্তানি খেলোয়াড়কে সেখানে না দেখাটা দুঃখজনক হবে, তারা টুর্নামেন্টকে আরও ভালো করে তোলে।’
ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক উত্তেজনা অনেক বছর ধরে ক্রিকেটেও বিস্তৃত হয়ে আছে। ২০০৯ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাকিস্তানি খেলোয়াড়দের নেওয়া হয় না। এমনকি আইপিএলের দলগুলোর মালিকেরা দক্ষিণ আফ্রিকার এসএ টুয়েন্টি ও আরব আমিরাতের আইএল টি–টুয়েন্টিতে যে ফ্র্যাঞ্চাইজি কিনেছেন, সেখানেও পাকিস্তানের খেলোয়াড় নেওয়া হয় না।
এবারের দ্য হানড্রেড শুরু হবে ২১ জুলাই, চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ওই সময় পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট খেলার কথা রয়েছে। হানড্রেড শেষ হওয়ার তিন দিন পর ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ শুরু করবে পাকিস্তান।