সমতায় দক্ষিণ আফ্রিকা, পাঁচ নম্বর ম্যাচে নিষ্পত্তি হবে সিরিজের

সিরিজে সমতায় ফেরার পর দক্ষিণ আফ্রিকার উদ্‌যাপনএএফপি

শুরুর দিকে মনে হয়েছিল, সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি বুঝি আনুষ্ঠানিকতার ‘ডেড রাবার’ হয়ে যাবে। কিন্তু ম্যাচ এগিয়ে চলার সঙ্গে পরিস্থিতি আর তেমন থাকেনি। ওয়েলিংটনে আজ চতুর্থ টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ১৯ রানের জয় পাওয়ায় পঞ্চম ম্যাচটি হয়ে গেল সিরিজ নির্ধারণী লড়াই। আপাতত ২-২ ব্যবধানে সমতায় ফিরে ক্রাইস্টচার্চে আগামী বুধবার সিরিজের ফল নিষ্পত্তির ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৪ তুলেছিল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড তাড়া করতে নেমে ১০.১ ওভারে ৮৮ রানে ৪ উইকেট হারানোর পরও মনে হয়নি, এই ম্যাচে তারা হারতে পারে। তবে ১১তম ওভারে বেভন জ্যাকবস আউট হওয়ার পরের ওভারে জিমি নিশামও ড্রেসিংরুমে ফেরার পর ম্যাচের পাল্লা ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার দিকে ঝুঁকে পড়ে।

১৯ রান করেন নিউজিল্যান্ডের নিক কেলি
এএফপি

১৩ ওভার শেষেও হাতে ৫ উইকেট রেখে ৪২ বলে ৫৪ দরকার ছিল নিউজিল্যান্ডের। কিন্তু ১৪তম ওভারে কেশব মহারাজ মাত্র ২ রানে নিক কেলি (১৯) ও ম্যাকনকিকে ফেরানোর পর আর পারেনি নিউজিল্যান্ড। পরের ওভারে জ্যাক ফোকসকেও ফেরান প্রোটিয়া পেসার ওটনিল বার্টম্যান। হাতে মাত্র ২ উইকেট রেখে শেষ ৫ ওভারে ৪৩ রানের সমীকরণ মেলাতে পারেনি নিউজিল্যান্ড। ১৮.৫ ওভারে ১৪৫ রানে অলআউট হয় স্বাগতিকেরা। ২২ বলে সর্বোচ্চ ৩২ করেন কিউই ওপেনার টিম রবিনসন।

আরও পড়ুন

চোটের কারণে এ ম্যাচ থেকে ছিটকে পড়া টম ল্যাথামের জায়গায় নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করেন জিমি নিশাম। টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ আরও বড় হতে পারত। ১০ ওভার শেষে তাঁদের স্কোর ছিল ২ উইকেটে ৮২। এখান থেকে শেষ ৬০ বলে আরও ৩টি উইকেট হারিয়ে ৮২ তুলতে পেরেছে সফরকারী দল। অফ স্পিনার কোল ম্যাকনকি, পেসার বেন সিয়ার্স ও ফোকসরা প্রোটিয়াদের ইনিংসে শেষ অর্ধে ভালো বোলিং করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৭ রান করেন ইস্টারহাউজেন
এএফপি

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনে নেমে ৩৬ বলে ৫৭ করেন কনর ইস্টারহাউজেন। ২৮ রানে অপরাজিত ছিলেন রুবিন হারমান। ২৩ রান করেন টনি ডি জর্জি।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৪/৫ (ইস্টারহাউজেন ৫৭, হারমান ২৮, জর্জি ২৩, স্মিথ ১৯, ফরেস্টার ১৯; জেমিসন ২/২৯, সিয়ার্স ১/২২, ম্যাকনকি ১/২৬।)

নিউজিল্যান্ড: ১৮.৫ ওভারে ১৪৫ (রবিনসন ৩২, ক্লিভার ২৬, কেলি ১৯; মহারাজ ২/২২, বার্টম্যান ২/২৬, সুব্রায়েন ২/১৩)।

ফল: দক্ষিণ আফ্রিকা ১৯ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: কনর ইস্টারহাউজেন

আরও পড়ুন