রহস্য স্পিনার আলিস এবার এশিয়ান গেমসের দলে

বিপিএল অভিষেকে হ্যাটট্রিক করে চমকে দেন আলিস আল ইসলামপ্রথম আলো

মিরপুরে এশিয়ান গেমসের প্রস্তুতিতে আগে থেকেই ছিলেন আলিস আল ইসলাম। তবে এত দিন তাঁর গায়ে ছিল জাতীয় দলের নীল রঙের অনুশীলন জার্সি। আজ সকালে আলিসের গায়ে উঠেছে এশিয়ান গেমসের কমলা রঙের অনুশীলন জার্সি।

বিকেলে চলে এসেছে আনুষ্ঠানিক ঘোষণাও। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় আইচি–নাগোয়ার এশিয়ান গেমসে যাচ্ছেন স্পিনার আলিস আল ইসলাম। ২০১৯ সালে বিপিএলের অভিষেকেই হ্যাটট্রিক করে চমকে দেওয়া আলিসের জাতীয় দলের হয়ে এখনো অভিষেক হয়নি।

তবে ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন এই রহস্য স্পিনার। সেবার বিপিএলে ৮ ম্যাচে ওভারপ্রতি ৭.৭১ গড়ে রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদেই সুযোগ এসেছিল জাতীয় দলে।  তবে আঙুলের চোটে ছিটকে যান সিরিজ শুরুর আগেই। চোট এরপরও বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর সামনে।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৫৮ টি–টুয়েন্টি খেলেছেন আলিস, ওভারপ্রতি ৬.১২ গড়ে রান দিয়ে নিয়েছেন ৫৯ উইকেট। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে হওয়া একমাত্র ৫০ ওভারের ম্যাচে পেয়েছেন ৩ উইকেট।

এশিয়ান গেমসে খেলতে আগামীকাল জাপানের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বেলা ১১টায় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে গেমস শুরু করবে তারা।

আরও পড়ুন